১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুবাইয়ে প্রবাসীদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়

বৈঠকে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও তাদের প্রত্যাশা নিয়ে আলোচনা হয়।

দুবাইয়ে প্রবাসীদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়
সভায় কথা বলছেন মুহাম্মদ ইউনূস।

বিডিনিউজ২৪

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2025, 10:57 AM

Updated : 26 Aug 2026, 11:49 AM

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত গভর্নমেন্ট সামিটে যোগ দিতে এসে বাংলাদেশি প্রবাসী কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার দুবাইয়ের ডিউকস দ্য পাম হোটেলে আয়োজিত এই বৈঠকে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও তাদের প্রত্যাশা নিয়ে আলোচনা হয়।

সভায় প্রধান উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে ছিল: প্রবাসীদের ভোটাধিকার, বিমানের ভাড়া কমাতে সিন্ডিকেট চিহ্নিতকরণ, ভিসা ট্রান্সফারসহ নানা জটিলতা নিরসন, দেশে ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন জানানো প্রবাসীদের পুনর্বাসন, সম্পূর্ণ সরকারি খরচে প্রবাসীদের লাশ দেশে পাঠানোর ব্যবস্থা, আমিরাতে অবস্থিত জনতা ব্যাংকের সেবার মানোন্নয়নে সংস্কার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো রোধে ব্যবস্থা।

সভায় প্রবাসীরা জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের বিপরীতে অবস্থান নেওয়া সাবেক কনসাল জেনারেলের বিরুদ্ধে অভিযোগ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে অপসারণ এবং দুবাই কনস্যুলেট থেকে তার সহযোগীদের বদলি করার দাবি জানানো হয়।

প্রধান উপদেষ্টা জানান, প্রবাসীদের বিনিয়োগ সহজ করতে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হচ্ছে এবং ওয়েজ আর্নার্স বোর্ডের সেবাকে সহজ করা হবে।

মুহাম্মদ ইউনূস ১১-১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে অংশ নিতে দুবাই আসেন। এই সম্মেলনে প্রায় ৩০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা যোগ দেন। দুই দিনের সফর শেষে শুক্রবার তার দেশে ফেরার কথা রয়েছে।