২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বিজয় দিবস উদযাপন

দিনটি উপলক্ষ্যে নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে নানা আয়োজন করেন তারা।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বিজয় দিবস উদযাপন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিচ্ছেন মিশনের কর্মকর্তা ও অতিথিরা

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2023, 11:26 PM

Updated : 17 Dec 2023, 11:26 PM

মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিদের নিয়ে যুক্তরাষ্ট্রে বিজয় দিবস উদযাপন করেছে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন।

দিনটি উপলক্ষ্যে স্থানীয় সময় শনিবার বিকেলে নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে নানা আয়োজন করেন তারা।

বঙ্গবন্ধু উক্তি “আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, সেই গণতন্ত্র যা সাধারণ মানুষের কল্যাণ সাধন করে থাকে” স্লোগানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত।

বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে রূপকল্প ২০২১, রূপকল্প ২০৪১ ও ডেল্টা পরিকল্পনা ২১০০ বাস্তবায়ন করে যাচ্ছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে আমরা স্বল্পোন্নত দেশের ক্যাটেগরি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার জন্য জাতিসংঘের চূড়ান্ত অনুমোদন পেয়েছি যা জাতিসংঘসহ আন্তর্জাতিক অঙ্গনে আমাদের মর্যাদা ও সক্ষমতার স্বাক্ষর। বিগত কয়েক বছরে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ, পদ্মা সেতুর বাস্তবায়ন, মেট্রোরেল এবং দক্ষিণ এশিয়ার প্রথম টানেল নির্মাণসহ নানা মেগা প্রজেক্টের বাস্তবায়ন আমাদের অর্থনৈতিক সক্ষমতার অন্যতম নির্দেশক। বাংলাদেশ আজ ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ।” 

Image

শহীদ স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করছেন অতিথিরা

দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশের সাফল্যের প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত মুহিত বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দারিদ্রের হার ২০২২ সালে কমে হয়েছে ৫ শতাংশ যা ২০১০ সালে ছিল ১১.২ শতাংশ। রাষ্ট্র হিসেবে সামষ্টিক অর্থনীতিতে সক্ষমতা অর্জনের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী সবার মৌলিক চাহিদা নিশ্চিতকরণে দিয়েছেন বিশেষ অগ্রাধিকার। মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত আশ্রয়ণ প্রকল্পের মত উদ্যোগ আজ জাতিসংঘের রেজ্যুলেশনে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া অতিমারি কোভিড-১৯ এর ধাক্কা এবং পরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাবে যখন পৃথিবীর সব দেশ নানাবিধ সমস্যার সম্মুখীন, অর্থনীতির এমন প্রতিকূল সময়েও বাংলাদেশ আর্থ-সামাজিক অনেক সূচকে প্রতিবেশি দেশগুলোর চেয়ে এগিয়ে আছে।”

সমাবেশে আরও বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটারন্স’৭১ এর সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক মুক্তিয্দ্ধোা ফারুক আহমেদ, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, জেনোসাইড একাত্তর ফাউন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা প্রদীপ কর, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি আজিজুল হক খোকন এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদুল হাসান খান।

আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক আয়োজনে গান ও নাচ পরিবেশনা করে নিউ ইয়র্কের ‘বহ্নিশিখা সংগীত নিকেতনের’ একদল শিল্পী। অবশেষে বিজয় দিবস উপলক্ষ্যে কেক কাটা হয়।