Published : 06 Nov 2022, 10:25 AM
ব্রাজিলে নিযুক্ত দক্ষিণ আমেরিকায় বাংলাদেশের একমাত্র রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিচ ফন্টের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রদূত ফয়জুননেসা ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত থেকে অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে চিলিতে দায়িত্ব পালন করবেন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আমেরিকায় বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে ব্রাজিল মিশনে যোগ দেন রাষ্ট্রদূত ফয়জুননেসা।
রাষ্ট্রদূত হয়ে ব্রাজিলে যাচ্ছেন সাদিয়া ফয়জুননেসা
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গত শুক্রবার চিলির রাজধানী সান্টিয়াগোর প্যালেসিও ডি লা মোনেদাতে প্রেসিডেন্ট বরিচ ফন্ট পরিচয়পত্র গ্রহণ করে রাষ্ট্রদূত ফয়জুননেসাকে উষ্ণ অভিনন্দন জানান।
সংক্ষিপ্ত বৈঠকে তাদের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। লাতিন আমেরিকার কিংবদন্তি নেতা ফিদেল কাস্ত্রোর সাথে বঙ্গবন্ধুর বন্ধুত্বের বিষয়টি আলোচনায় এলে প্রেসিডেন্ট বরিচ ফন্ট বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।
নব্বইয়ের দশকে বাংলাদেশে গণতন্ত্র ‘পুনরুদ্ধার’ আন্দোলনের সময়ে চিলিতে তৎকালীন রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরেন প্রেসিডেনস্ট বরিচ।
‘স্বল্প’ সময়ে আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের ‘সাফল্যের’ প্রশংসা করে তিনি বলেন, দুই দেশ উন্নয়ন-সহযোগী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।

দ্বি-পক্ষীয় সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন চিলির প্রেসিডেন্ট।
রাষ্ট্রদূত ফয়জুননেসা বাংলাদেশ সফরের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ পৌঁছে দিলে প্রেসিডেন্ট বরিচ তা সাদরে গ্রহণ করেন।
চিলির পররাষ্ট্রমন্ত্রী এন্টোনিয়া উরেজোলা নগুয়েরাও বৈঠকে উপস্থিত ছিলেন বলে দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চিলির ফরেন পলিসি জেনারেল সেক্রেটারিয়েট, এশিয়া প্যাসিফিক ডিভিশন, কৃষি মন্ত্রণালয়, ঔষধ নিয়ন্ত্রক সংস্থা, মানবাধিকার কমিশন, পরিবেশ বিষয়ক কমিশন, সায়েন্স এন্ড টেকনোলজি ডিভিশন, কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সির প্রতিনিধিদের সঙ্গেও আলাদা আলাদা বৈঠক করেছেন ফয়জুননেসা।
বাংলাদেশ ২০২০-২১ সালে চিলিতে ৮ দশমিক ৭ কোটি এবং ২০২১-২২ সালে ১৯ দশমিক ২ কোটি ডলারের পণ্য রপ্তানি করে। ওষুধ, তৈরি পোশাক, নিটওয়্যার, প্লাস্টিক সামগ্রী ও চামড়াজাত পণ্য রয়েছে এর মধ্যে। বাংলাদেশ চিলি থেকে স্ক্র্যাপ আয়রন ও ফিশ ওয়েল আমদানি করে।