বিগসের ভোটের প্রচারে রুশনারা
পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন লেবার পার্টির মেয়রপ্রার্থী জন বিগস, যাতে রুশনারা আলীও অংশ নেন।
ভোটে অনিয়মের কারণে বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র লুৎফুর রহমান বরখাস্ত হওয়ায় টাওয়ার হ্যামলেটসে উপনির্বাচন হচ্ছে। আগামী ১১ জুন লন্ডনের বাঙালি অধ্যুষিত এই কাউন্সিলে মেয়র নির্বাচনের ভোটগ্রহণ হবে।
লেবার পার্টি থেকে দ্বিতীয়বার এমপি নির্বাচিত হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী ছাড়াও বিগসের প্রচারাভিযানে দলটির কয়েকজন এমপি, সাবেক মন্ত্রী ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
ধর্মীয় উগ্রপন্থার পৃষ্ঠপোষকতা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী জন বিগসের বিরুদ্ধে বর্ণবাদের অপবাদ ছড়ানোসহ বিভিন্ন অভিযোগে লুৎফুরের নির্বাচন অবৈধ ঘোষণা করে আদালত। একই সঙ্গে তার দল টাওয়ার হ্যামলেটস ফার্স্ট পার্টির নিবন্ধন বাতিল এবং তাকে নির্বাচনে নিষিদ্ধ ও জরিমানাও করা হয়।
নতুন নির্বাচনের ঘোষণা আসার পর চলতি মাসের শুরুতে লুৎফুর কাউন্সিলর রাবিনা খানকে মেয়র পদে সমর্থন দেন। রাবিনাও বাংলাদেশি বংশোদ্ভূত।
প্রচার শুরুর অনুষ্ঠানে জন বিগস বলেন, এই বারায় বাঙালিসহ সব কমিউনিটির মানুষের জন্য একটি শক্তিশালী ‘ভয়েস’ দরকার, যা মূলধারার রাজনীতির অংশ।
“আমার ট্র্যাক রেকর্ডের জন্য আমি গর্বিত, আমি বর্ণবাদী ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টির প্রার্থীর বিরুদ্ধে লড়ছি। আমরা এই দুষ্টচক্রকে হারিয়েছি। আমাদের বিরুদ্ধে বিবাদ সৃষ্টির চক্র কাজ করছে। আমাদের কমিউনিটিকে ঐক্যবদ্ধ করতে হবে বৈষম্যের বিরুদ্ধে।”
অনুষ্ঠানে গত ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে এমপি নির্বাচিত হওয়া রুশনারা বাঙালি নারীদের পাশাপাশি পুরুষরাও আগামীতে যুক্তরাজ্যে নেতৃত্বে জন্য এগিয়ে আসবেন বলে আশা করেন।
এবারের নির্বাচনে তিনজন বাঙালি মেয়ে যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হয়েছেন। অন্যরা হলেন টিউলিপ সিদ্দিক ও রূপা হক।
