২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এনাম আলী এমবিই আর নেই

ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী এনাম আলী এমবিই আর নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লন্ডন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2022, 07:10 PM

Updated : 22 Jul 2022, 03:57 AM

রোববার সকালে যুক্তরাজ্যের সারে কাউন্টির একটি হাসপাতালে ৬২ বছর বয়সী এনাম আলীর মৃত্যু হয়। সেখানে তিনি কয়েক সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন।

সারের এপসমের লো রাজ রেস্তোরাঁর প্রতিষ্ঠাতা এনাম ১৯৯৮ সালে রেস্তোরাঁ শিল্পের সাময়িকী ‘স্পাইস বিজনেস ম্যাগাজিন’ প্রকাশ করেন।  ২০০৫ সালে তিনি ‘ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড’ চালু করেন, যার মাধ্যমে যুক্তরাজ্যে ব্যবসা চালানো বাংলাদেশি ও ভারতীয় খাবারের সেরা রেস্তোরাঁ ও শেফদের স্বীকৃতি দেওয়া হয়।

এ আয়োজনের বিভিন্ন আসরে কারি ইন্ডাস্ট্রিজের শীর্ষ নেতা, বিভিন্ন ক্ষেত্রের তারকা, রাজনীতিক, এমনকি ব্রিটিশ প্রধানমন্ত্রীও যোগ দিয়েছেন। ২০১৬ সালে ‘আই অন টিভি ইউকে’ নামে একটি টিভি স্টেশন প্রতিষ্ঠা করেন এনাম।

যুক্তরাজ্যে বাংলাদেশি ও ভারতীয় রেস্তোরাঁ শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিতে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট এনাম আলী ব্রিটিশ রাণীর দেওয়া এমবিই খেতাব পান। ২০১১ সালে পান ‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ স্বীকৃতি।

১৯৬০ সালে সিলেটে জন্মগ্রহণকারী এনাম যুক্তরাজ্যে আসেন ১৯৭৪ সালে। ২০২০ সালে প্রকাশিত যুক্তরাজ্যে সবচেয়ে প্রভাবশালী ১০০ বাংলাদেশি ব্যবসায়ীর তালিকায় তার নাম স্থান পায়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!