২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত সাড়াদান জরুরি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

করোনাভাইরাস মহামারী ও ইউক্রেইনযুদ্ধসহ বৈশ্বিক বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘে আন্তর্জাতিক সংহতি ও সাড়াদানের গুরুত্ব তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2022, 09:55 PM

Updated : 02 Aug 2022, 11:53 AM

বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ ব্যাপারে উন্নয়ন অংশীদার সংস্থা, বহুপক্ষীয় দাতা ও সদস্য দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের সদস্য দেশসমূহের জাতীয় প্রচেষ্টাকে সমর্থন যোগানো, বিশেষ করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার জন্য এগিয়ে আসতে হবে, যাতে টেকসই ও ঘুরে দাঁড়াতে সক্ষম এমন অন্তর্ভুক্তিমূলক পুনরুদ্ধার প্রক্রিয়ায় ফেরা যায়।

কোভিড-১৯, জলবায়ু পরিবর্তন ও ইউক্রেইন যুদ্ধের প্রভাব তুলে ধরে শাহরিয়ার আলম বলেন, “এ সকল চ্যালেঞ্জ মোকাবিলা করেও যে ঘুরে দাঁড়ানো যায়, তা বাংলাদেশ দেখাতে সক্ষম হয়েছে। আমরা আমাদের অর্থনীতিকে সচল রাখতে ২২ বিলিয়ন ডলারের প্রণোদনা দিয়েছি।

“সামাজিক নিরাপত্তা বেষ্টনী ব্যাপকভাবে সম্প্রসারিত করা হয়েছে। এ ছাড়া, আমরা ভ্যাকসিনের জন্য বিলিয়ন ডলার খরচ করেছি।”

প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের সামাজিক দৃষ্টিভঙ্গি, জাতীয় তথ্য ভাণ্ডার, এসডিজি ট্র্যাকার এবং স্থানীয়করণের চেষ্টাসমূহ এসডিজি বাস্তবায়নকে ত্বরান্বিত করার পথ তৈরি করেছে।”

বৈঠকে প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিশ্বব্যাপী অংশীদারিত্ব প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন।

তিনি বলেন, “গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপের চ্যাম্পিয়নদের একজন হিসেবে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকটের ধরন, মাত্রা ও প্রভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বৈশ্বিক সাড়াদান ব্যবস্থা প্রতিষ্ঠা করতে বিশ্ব নেতাদের সাথে কাজ করে চলেছেন।

নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরাম (এইচএলপিএফ) ২০২২ উপলক্ষে ‘২০৩০ সালের মধ্যে এসডিজির অর্জন ত্বরান্বিত করা: চলমান সংকট মোকাবিলা এবং চ্যালেঞ্জ কাটিয়ে উঠা’ শীর্ষক ওই বৈঠক হয়।

এর আগে ইরাকের উপ-প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী খালিদ নাজিম, অ্যান্ডোরার পররাষ্ট্রমন্ত্রী মারিয়া উবাচ আই ফন্ট, ডোমিনিকার পরিকল্পনা ও অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী ভিন্স হেন্ডারসন, দক্ষিণ আফ্রিকার পরিকল্পনা, পর্যবেক্ষণ ও মূল্যায়নমন্ত্রী মন্ডলি গুঙ্গুবেলে, ইউরোপীয় ইউনিয়নের ফেডারেল মন্ত্রী ক্যারোলিন, জাতিসংঘে টোঙ্গার স্থায়ী প্রতিনিধি ভিলিয়ামি ভাইঙ্গা টোন, টুভ্যালুর স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত স্যামুয়েলু লালোনিউর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।