মঈন চৌধুরী পুনরায় ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার নির্বাচিত
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশি বংশোদ্ভুত আইনজীবী মঈন চৌধুরী পুনরায় ডিস্ট্রিক্ট লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন।
নিউ ইয়র্কে কুইন্স ভিলেজের অনটুমস পার্টি হলে স্থানীয় সময় সোমবার ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে গত ২৮ জুন ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে বিজয়ী অ্যাসেম্বলিম্যান ও ডিস্ট্রিক্ট লিডারদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি পরিচয় করিয়ে দেওয়া হয়।
কুইন্স কাউন্টি এক্সিকিউটিভ কমিটির সকল ডিস্ট্রিক্ট লিডারের উপস্থিতিতে সাবেক কাউন্সিলওমেন ক্যারেন কোওয়াসকির প্রস্তাবের ভিত্তিতে মঈন চৌধুরীসহ অন্যান্য ডিস্ট্রিক্ট লিডারের প্রত্যক্ষ ভোটে সর্বসম্মতিক্রমে কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সকে আগামী দুই বছরের জন্য পুনরায় কুইন্স কাউন্টি ডেমেক্রেটিক পার্টির চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
দ্বিতীয় পর্বে নব-নির্বাচিত চেয়ারম্যান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের প্রস্তাবের প্রেক্ষিতে উপস্থিত সকল ডিস্ট্রিক্ট লিডারের প্রত্যক্ষ ভোটে মঈন চৌধুরীকে পুনরায় আগামী দুই বছরের জন্য কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ পদে নির্বাচিত করা হয়।
মঈন চৌধুরী ২০১৬ সাল থেকে সমগ্র কুইন্স কাউন্টির ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।
একই পদে চতুর্থ মেয়াদের জন্যে নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মঈন চৌধুরী বলেন, “নিউ ইয়র্কসহ সমগ্র আমেরিকায় ডেমোক্রেটিক দলীয় কর্মসূচি বাস্তবায়নে দীর্ঘদিন যাবত কাজ করে আসছি। জনগণের পাশে থেকে সবসময় সেবার মনোভাব নিয়ে এগিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য।”
দুর্ঘটনা, চিকিৎসা ক্ষেত্রে অপরাধ ও অভিবাসন বিষয়ক আইন বিষয়ে অভিজ্ঞ মঈন চৌধুরী যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের লাইসেন্সপ্রাপ্ত প্রথম বাংলাদেশি-আমেরিকান। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায়। তার বাবা বাংলাদেশ পুলিশ বিভাগের প্রাক্তন প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মতিন চৌধুরী।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
