বাংলার বাউল আর ইউরোপীয় পল্লী গানের মেলবন্ধন হবে অক্সফোর্ডে
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ব্রিটিশ রানির সিংহাসনে আরোহণের হীরকজয়ন্তী উপলক্ষে অক্সফোর্ডের শেলডনিয়ান থিয়েটারে বাংলাদেশের বাউল গান ও ইউরোপীয় পল্লী গানের এক ফিউশন সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে সিওবিবিসি এবং অক্সফোর্ড ট্রুবাডোর।
সেলিব্রেশন অব ব্রিটিশ বাংলাদেশি কালচার (সিওবিবিসি) এর প্যাট্রন বাংলাদেশে সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী শনিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
অক্সফোর্ড ট্রুবাডোরের পক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক ডেনিস নোবল, অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটির গবেষক ও ক্লাসিক্যাল মিউজিক বিশেষজ্ঞ রসেলা বন্ডি।
অনুষ্ঠানটির শিরোনাম ঠিক করা হয়েছে ‘সেলিব্রেটিং দ্য সোওল অব মিউজিক’। বাংলাদেশের শাহ আব্দুল করিমের বাউল সংগীতের সাথে তাল মিলিয়ে অক্সফোর্ড ট্রুবাডোর শিল্পীরা গাইবেন। এর মধ্য দিয়ে তারা বাংলা ও ইউরোপীয় সংগীতকে বাঁধবেন এক সুরে।
আয়োজকরা বলছেন, আগামী ৫ জুন অক্সফোর্ডের শেলডনিয়ান থিয়েটারে এই অনুষ্ঠান হবে বাংলাদেশি বাউল সংগীত নিয়ে এ ধরনের প্রথম আয়োজন।
১৬৬৯ সালে নির্মিত এই থিয়েটারের নামকরণ হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটির তখনকার আচার্য গিলবার্ট শেলডনের, এর নকশ করেন ক্রিস্টোফার রেন।
এমিরেটাস অধ্যাপক ডেনিস নোবল বলেন, তিনি ছয়টি ভাষায় শিক্ষকতা করেছেন এবং এই প্রথম তিনি বাংলা ভাষার সংগীতের সাথে সম্পৃক্ত হয়েছেন।
নদী নিয়ে একটি ইউরোপীয় পল্লীগান এবং বাংলাদেশের ‘মাঝি বাইয়া যাওরে’ গানটির মধ্যে যে সামঞ্জস্য, একটি ফিউশন বাজিয়ে সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন বাঙালি ও ইউরোপীয় শিল্পীরা।
৮৫ বছর বয়সী ডেনিস নোবল একজন বিখ্যাত জীববিজ্ঞানী, যিনি ১৯৮৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার ফিজিওলজির বার্ডন স্যান্ডারসন চেয়ারের অধ্যাপক ছিলেন। তার ধারণা ওপর ভিত্তি করেই পরে পেসমেকার উদ্ভাবন করা হয়।
আনোয়ার চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, ব্রিটিশ বাংলাদেশি ছেলেমেয়েদের অক্সফোর্ডে লেখাপড়ায় উদ্বুদ্ধ করার জন্য অনুষ্ঠানের দিন প্রথমে অক্সফোর্ড ট্যুরের ব্যবস্থা করা হয়েছে। লন্ডনের টাওয়ার হ্যামলেটসের মালবেরি হাই স্কুলের ৬০ জন শিক্ষার্থীকে নিয়ে স্কুলের হেডটিচার ওই ট্যুরে অংশ নেবেন। সন্ধ্যায় হবে সেই সংগীত অনুষ্ঠান।
“প্রথমবারের মত অক্সফোর্ডে ব্রিটিশ বাংলাদেশিদের জন্য এটি একটি ব্যতিক্রমী অনুষ্ঠান হবে। অক্সফোর্ড ট্রুবাডোরের সদস্য ইতালীয় অপেরা শিল্পী রসেলা বন্ডিসহ অন্যরা বাঙালি শিল্পী বাউল শহীদ, হাসি রানী, গৌরী চৌধুরীর সঙ্গে মিলে শাহ আব্দুল করিমের গান গাইবেন।
বাউল শহীদ, হাসি রানী, অধ্যাপক নোবল এবং রসেলা বন্ডি সংবাদ সম্মেলনে শাহ আব্দুল করিমের একটি গান গেয়ে শোনান।
ব্রিটিশ-বাংলাদেশি আনোয়ার চৌধুরী বাউল সংগীত, বিশেষ করে শাহ আব্দুল করিমের একজন ভক্ত। তার জন্ম সুনামগঞ্জের জগন্নাথপুরে। ছোটবেলাতেই তিনি বাবা-মায়ের সঙ্গে লন্ডনে পাড়ি জমান। তিনিই প্রথম বাংলাদেশি, যিনি ব্রিটিশ হাই কমিশনার হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করে গেছেন।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!
