বাংলাদেশের স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা
স্বাধীনতার ৫১তম বার্ষিকীতে অর্থনৈতিক উন্নয়ন ও শান্তিরক্ষায় অবদানকে সাধুবাদ জানিয়ে বাংলাদেশের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে দুই দেশের সম্পর্ক আরও বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করে এ শুভেচ্ছা বার্তা দেন।
ব্লিঙ্কেন বলেন, “স্বাধীনতার তীব্র লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের দুই দেশের অভ্যুদয় হয়েছে এবং আমরা উভয়েই আমাদের প্রতিষ্ঠাকালীন গণতান্ত্রিক আদর্শ নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছি।
“গত পাঁচ দশক ধরে, আমাদের অব্যাহত সহযোগিতা বর্তমান এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং আরও সমৃদ্ধ ভবিষ্যত নিশ্চিত করছে।”
তিনি বলেন, “আমরা বাংলাদেশের প্রশংসনীয় অর্থনৈতিক ও উন্নয়নমূলক সাফল্য এবং শান্তিরক্ষা কার্যক্রমে সবচেয়ে বড় অবদানের মাধ্যমে বিশ্বকে নিরাপদ রাখায় আপনাদের সাধুবাদ জানাই।”
দুই দেশের প্রতিরক্ষা, উন্নয়ন, বাণিজ্য এবং জনগণের অংশীদারিত্ব আগের চেয়ে শক্তিশালী উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, “সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে আগামী কয়েক দশকে আমরা নিরাপদ ভবিষ্যত গড়ে তুলব।”
বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও সম্প্রসারিত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে যৌথভাবে দুই দেশের উন্নতির আশাবাদ জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
