যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রশংসায় বব মেনেনডেজ
নানা খাতে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটে পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান বব মেনেনডেজ।
সোমবার নিউ জার্সিতে তাকে দেওয়া কয়েকজন বাংলাদেশি-আমেরিকানের সংবর্ধনা সভায় দুই দেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার কথা জানান তিনি।
সিনেটর বব মেনেনডেজের সঙ্গে প্রবাসীরা
সভায় বব মেনেনডেজ বলেন, “দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের রয়েছে বিশাল সাফল্যের ইতিহাস। পৃথিবীর একটি দরিদ্র দেশ থেকে গত পঞ্চাশ বছরের ব্যবধানে আজ রাইজিং মিডল ক্লাসের দেশে উন্নীত হয়েছে দেশটি, আর মাত্র কয়েক বছরে সম্পূর্ণ মধ্যবিত্তের দেশে পরিণত হবে। এটি ব্যতিক্রমধর্মী ঘটনা।”
নিউ জার্সি থেকে নির্বাচিত ডেমক্র্যাটিক পার্টির সিনেটর মেনেনডেজ আরও বলেন, “বাংলাদেশ প্রমাণ করেছে তারা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার চমৎকার অংশীদার। বিশেষ করে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে। তারা আমাদের কাউন্টার টেরোরিজমের মিত্র দেশ। আমি এজন্য বাংলাদেশের প্রশংসা করি।”
বাংলদেশের পোশাক শিল্পের প্রশংসা করে সিনেটর বলেন, “যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে বাংলাদেশের পোশাক একটি উল্লেখযোগ্য রপ্তানি পণ্য। পৃথিবীর ১৮ কোটি জনসংখ্যার এ দেশটির সামনে রয়েছে উন্নয়নের বিপুল সম্ভাবনা।”
সিনেটর বব মেনেনডেজের সঙ্গে নুরুননবী ও জিনাত নবী
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞানী জিনাত নবী, গোলাম ফারুক ভূইয়া, ফারুক আজম, নাজনীন হুসেন, মিয়া হেলালী, মোতাসিম বিল্লাহ, কামরুল হাসান, শাহরিয়ার চৌধুরী, সাঈদুর রহমান সাবু, ফেরদৌসী রহমান, প্লেইন্সবরো সিটির মেয়র পিটার কেন্টু ও নিউ জার্সি স্টেট সিনেটর ড্যান বেনসন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
