২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে ‘সিলেটে বঙ্গবন্ধু’ স্মারকগ্রন্থ প্রকাশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘সিলেটে বঙ্গবন্ধু’ শিরোনামে স্মারকগ্রন্থ প্রকাশ করেছে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2022, 02:21 PM

Updated : 25 Oct 2022, 10:19 AM

বৃহস্পতিবার পূর্ব লন্ডনে হাই কমিশন আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাই কমিশন জানায়, এই স্মারকগ্রন্থে ১৯৪৭ থেকে ১৯৭৫ সালের মধ্যে বঙ্গবন্ধুর সিলেটে ঐতিহাসিক সফরের ছবি ও সংশ্লিষ্ট তথ্য রয়েছে।

অনুষ্ঠানে গওহর রিজভী বলেন, “স্বাধীন বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর সংগ্রামের পর ভূ-রাজনৈতিকভাবে বিশ্বে অনেক পরিবর্তন এসেছে। তবু একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও ধর্মনিরপেক্ষ সমাজের জন্য তার আদর্শ ও দৃষ্টিভঙ্গি আজও ৫০ বছর আগের মতোই যথার্থ ও প্রয়োজনীয়।”

হাই কমিশনার সাইদা মুনা তাসনিম তার স্বাগত বক্তব্যে বলেন, “বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার জন্য তার ২৩ বছরের রাজনৈতিক সংগ্রামের সময় সিলেটসহ দেশের প্রতিটি এলাকায় বারবার ভ্রমণ করেছেন। এ স্মারকগ্রন্থে ১৯৪৭ সালে সিলেটের ঐতিহাসিক গণভোট থেকে শুরু করে ১৯৭৩ সালের জাতীয় নির্বাচনের পূর্ব পর্যন্ত সিলেটে বঙ্গবন্ধুর বিভিন্ন সফরের অনেক ঐতিহাসিক ছবি ও তথ্য রয়েছে যা থেকে বিশেষ করে সিলেট অঞ্চল থেকে যুক্তরাজ্যে প্রবাসী ব্রিটিশ-বাংলাদেশিরা অনেক কিছু জানতে পারবেন।”

Image
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা

আরও বক্তব্য দেন যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ ও লন্ডন বারা অব হ্যাভেরিং-এর মেয়র জন মাইলড।

অনুষ্ঠানে অন্যান্য আয়োজনের মধ্যে ছিল বঙ্গবন্ধুর ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুকে নিয়ে তথ্যচিত্র ও ব্রিটিশ-বাংলাদেশি শিশুদের বঙ্গবন্ধুকে উৎসর্গ করা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!