২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরে মার্কিন গণমাধ্যমের ভূমিকার খবর-ছবি নিয়ে প্রদর্শনী

একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও ছবি নিয়ে স্বাধীনতা দিবসে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ওয়াশিংটন ডিসিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2022, 12:21 PM

Updated : 25 Jul 2022, 04:40 PM

আসছে ২৬ মার্চ মিশিগান এভিনিউয়ের (এনই) ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকার ক্রোগ আর্কিটেকচারাল সেন্টারের মিলার রুমে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ প্রদর্শনী হবে।  

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আদনান মোর্শেদ জানান, মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গড়ে তোলা এবং শরণার্থীদের আর্থিক সহায়তা দিতে একাত্তরে নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’র ধারাবিবরণী চলবে প্রর্দশনীতে।

এছাড়া মুক্তিযুদ্ধের সমর্থনে প্রবাসীদের ভূমিকা, মার্কিন সপ্তম নৌ-বহর ঠেকানোর পরিক্রমা, শরণার্থী শিবিরের জন্যে তহবিল সংগ্রহের বিভিন্ন তথ্যও তুলে ধরা হবে।

মুক্তিযুদ্ধ সম্পর্কিত কোনো সংগ্রহ কারও কাছে থাকলে সেটি প্রদর্শনীতে দেওয়ার সুযোগ রয়েছে জানিয়ে আগে থেকেই যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন অধ্যাপক আদনান।

তিনি বলেছেন, প্রদর্শনীতে যারা আসবেন, তারা গ্যারেজে ফ্রি পার্কিং সুবিধা পাবেন এবং ট্রেন রুট ব্যবহার করতে চাইলে রেড লাইনে সিইউএ ব্রুকল্যান্ড মেট্রোতেও আসা সম্ভব হবে।

প্রবাসী মুক্তিযোদ্ধা এবং বিশিষ্টজনেরা আশা করছেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসের নতুন প্রজন্ম ছাড়াও ভিন্নভাষীদেরও কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীরগাথা তুলে ধরা সম্ভব হবে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!