প্রধানমন্ত্রীর আমিরাত সফর: নানা প্রত্যাশা পূরণের অপেক্ষায় প্রবাসীরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পাঁচদিনের সফরে কর্মসংস্থান ভিসা, বাংলাদেশ বিমানের ভাড়া কমানো, প্রবাসীদের অর্থনৈতিক সুবিধাসহ বেশকিছু ব্যাপারে পদক্ষেপ নিবেন বলে আশা করছেন সেখানে বসবাসরত প্রবাসীরা।
তারা মনে করছেন, বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক অতীতের যেকোনও সময়ের তুলনায় অধিকতর হৃদ্যতাপূর্ণ ও নতুন মাত্রা পাবে।
দুবাই এক্সপোসহ কয়েকটি আয়োজনে যোগ দিতে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত সোমবার আরব আমিরাতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সফর নিয়ে প্রত্যাশা ও প্রতিক্রিয়া জানাতে গিয়ে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ সরকার প্রধানের এই সফর দুই দেশের সম্পর্ককে আরও বেগবান করবে। সরকারের টিম সংযুক্ত আরব আমিরাতের সাথে যে সমঝোতা চুক্তি স্বাক্ষর করছে তা দেশ ও প্রবাসীদের জন্য কল্যাণ বয়ে আনবে বলে আমার বিশ্বাস। উত্তর আমিরাতের অন্যতম জনপদ ফুজাইরাহ। ফুজাইরাহ, খোরফাক্কান, দিব্যা, কালবা এসব জনপদে কমপক্ষে ১ লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস।
ভারতসহ বিশ্বের বেশ কিছু দেশ এরই মধ্যে ফুজাইরাহ-র সাথে সরাসরি বিমান চলাচল শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, "বাংলাদেশ সমিতির পক্ষ হতে ফুজাইরাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়া গেছে। তারা বিমানের ফ্লাইট এর জন্য ন্যূনতম অপারেশন হ্যান্ডলিং চার্জ নিতে সম্মত হয়েছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে ফুজাইরাহর জন্য বিমানের একটি সাপ্তাহিক ফ্লাইট চাই।“
আল আইন প্রবাসী ব্যবসায়ী ও সমাজকর্মী প্রবাসী শেখ ফরিদ আহমেদ বলেন, "বিগত কয়েক বছর ধরে আমিরাত সরকার বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে আসছে। প্রধানমন্ত্রীর অতীতের সফরের পথ ধরে ভিজিট ভিসা চালু হয়েছে এবং এ সফরের মাধ্যমে কর্মসংস্থান ভিসার দ্বার উম্মোচিত হবে বলে আমরা আশাবাদী।"
আবুধাবির বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জামশেদুল আলম বলেন, "আমিরাতে বসবাসরত ১০ লাখ প্রবাসী বাংলাদেশি প্রধানমন্ত্রীর আগমনে আনন্দিত। আমিরাত আমাদের দ্বিতীয় বৃহত্তম রেমিট্যান্স আয়ের দেশ হলেও এখানে বসবাসকারী প্রবাসীদের ৮০ শতাংশ-ই স্বল্প আয়ের।"
"বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ভাড়া এই প্রবাসীদের নাগালের বাইরে। তাকে আরো কমানোর ব্যাপারে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করি।"
সংস্কৃতি কর্মী এবং দুবাই ওয়ারটার অ্যান্ড ইলেকট্রিসিটিকে কর্মরত বাংলাদেশি প্রকৌশলী আহমদ ইখতেয়ার আলম পাভেল বলেন, "বঙ্গবন্ধু কন্যার আমিরাতে আগমন বাংলাদেশিদের মধ্যে আশা উদ্দীপনার সঞ্চার করেছে। বাংলাদেশে এখন বিনিয়োগের উর্বর ক্ষেত্র। আশা করা যায় প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ আমিরাতের বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি পাবে। বাংলাদেশ আইটি ফিল্ডের একটি গুরুত্বপূর্ণ হাব হয়ে উঠেছে। প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে এই ক্ষেত্রটিতে সহযোগিতা আরো সম্প্রসারিত হতে পারে।"
আবুধাবির বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তালুকদার বলেন, "বর্তমান প্রবাস বান্ধব সরকার প্রবাসীদের কল্যাণে রেমিটেন্স এর ওপর আড়াই শতাংশ প্রণোদনা দেওয়াসহ বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এজন্য সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ৪ শতাংশ প্রণোদনা চালু, প্রবাসীদের জন্য পেনশন স্কিম চালু, অসহায় প্রবাসীদের লাশ বিনামূল্যে বিমানের মাধ্যমে পরিবহন, দূতাবাসের মাধ্যমে এনআইডি কার্যক্রম দ্রুত বাস্তবায়ন, আগের মতো পাসপোর্টের সাহায্যে ওয়েজ আর্নার বন্ড কেনার সুযোগ পুনর্বহাল, পাসপোর্ট সেবায় আরো গতিশীলতা আনাসহ প্রবাসীদের প্রাণের দাবিগুলো অবিলম্বে পূরণের জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি।"
আল আইন প্রবাসী ট্রাভেল এক্সিকিউটিভ মীর মোশতাক আহমেদ বলেন, "আমরা চাই ইউএই বাংলাদেশ রুটে বাংলাদেশ বিমানসহ এয়ারলাইন্সগুলোর ‘ক্যাপিং’ সিস্টেম খুলে দেওয়া, যোগ্য ও প্রফেশনাল লোকদেরকে বিমানে নিয়োগ দান, বিমানের ডিজিটালাইজেশন এর পাশাপাশি তা মনিটরিংয়ের উদ্যোগ নেওয়া হোক। এছাড়া যোগ্য প্রবাসীদের মধ্য থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিনিধি দেওয়া হোক।"
"প্রবাসী প্রফেশনালদেরকে দেশে এনে তাদের মেধাকে দেশের বিনির্মাণে ব্যবহার করা হোক। এছাড়া প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটি আবেদন হলো- প্রবাসীদেরকে স্বল্প পরিসরে সঞ্চয় স্কিমের আওতায় এনে তাদেরকে অর্থনৈতিক সুরক্ষা দেয়া হোক।"
আমিরাতে বৃহত্তর যশোর সমিতির সাধারণ সম্পাদক মাহবুব খন্দকার বলেন, "আমাদের প্রত্যাশা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আমিরাত সফর সফল হোক। আমরা চাই ভিজিট ভিসার সিন্ডিকেট বাণিজ্যের অবসান হোক, এয়ারপোর্টে সব ধরনের প্রবাসী হয়রানি বন্ধ হোক, ইউএইতে কর্মসংস্থান ভিসা চালুর জন্য ব্যবস্থা গ্রহণ করা হোক, বিনামূল্যে রেমিটেন্স পাঠানো এবং পাসপোর্ট নবায়নের সুযোগ দেওয়া হোক।"
আবুধাবি প্রবাসী সংবাদ পাঠিকা এবং ব্লগার আফসানা রহমান বলেন, "আমরা আশা করছি এই সফরে আমিরাতে আমাদের ভিসা সংক্রান্ত যে সমস্যা রয়েছে সে দিক সুরাহার চেষ্টা থাকবে। এছাড়া আমরা এখানে যারা সপরিবারে আছি আমাদের সন্তানদের দেশিয় সংস্কৃতির সাথে পরিচিত করতে প্রবাসীদের জন্য সাংস্কৃতিক কার্যক্রমের উদ্যোগ গ্রহণ এবং একটি ‘কালচারাল সেন্টার’ প্রতিষ্ঠার জোর দাবি জানাই।"
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
