নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির একাংশের নির্বাচন দাবি
আদালতের স্থগিতাদেশে প্রায় ৩ বছর ঝুলে থাকা সংগঠনের নির্বাচন দাবিতে সাংবাদ সম্মেলন করেছে নিউ ইয়র্কে প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’-এর একাংশ।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে একটি মিলনায়তনে এ সম্মেলন করে ‘নয়ন-আলী প্যানেল’।
এতে লিখিত বক্তব্য দেন এ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবু নাসের। পাশে ছিলেন পরিচালনা কমিটির কর্মকর্তা আলী ইমাম, ফারুক হোসেন মজুমদার, আহসান হাবিব ও আবু তালেব চৌধুরী চান্দু।
এ পরিষদের সভাপতি প্রার্থী কাজী নয়ন বলেন, “নির্বাচন কমিশন যদি দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানে সক্ষম না হয় তাহলে তাদের বাদ দিয়ে নয়া কমিটির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান ও সোসাইটিকে রাইট ট্র্যাকে আনতে হবে। এজন্য সোচ্চার হতে হবে বর্তমান নির্বাহী কমিটিকে।”
সাধারণ সম্পাদক প্রার্থী ও বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী বলেন, “আবারও মামলার আশংকায় নির্বাচন কমিশন হাত-পা গুটিয়ে রেখেছেন। এটি মেনে নেওয়া যায় না।”
মোহাম্মদ আলী জানান, এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কাছ থেকে নির্বাচন প্রস্তুতি ব্যয়ের কোন হিসাব আমরা পাইনি। হিসাব চেয়ে নির্বাহী কমিটির পক্ষ থেকে যোগাযোগ করা হলে নির্বাচন কমিশন জানায় যে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তারা কোন হিসাব দেবেন না।
নির্বাচনের জন্য ভাড়া করা মেশিনের মালিকানায় বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের কোন কোন সদস্যের সম্পৃক্ততা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আলী বলেন, “এমন কোন প্রমাণ আমাদের কাছে আসেনি। আমরাও তা শুনেছি। প্রমাণ ছাড়া কিছু করা সম্ভব হবে না।”
২০১৮ সালের ২১ অক্টোবর ‘বাংলাদেশ সোসাইটি’-এর নির্বাচন হওয়ার কথা ছিল। প্রায় ২৮ হাজার ভোটার তালিকাভুক্ত হয়েছেন। ‘নয়ন-আলী পরিষদ’ ও ‘রব-রুহুল পরিষদ’ সরাসরি লড়ছেন দুবছর মেয়াদি কার্যকরী কমিটির এ নির্বাচনে। কিন্তু মনোনয়নপত্র বাছাইয়ের সময়ে নির্বাচন কমিশনের কোন কোন সদস্যের ‘পক্ষপাতিত্বমূলক আচরণের’ অভিযোগে দুই প্রার্থী জেড এ চৌধুরী ও আকবর আলীর মনোনয়ন বাতিল করা হয়। ক্ষুব্ধ দুই প্রার্থী আদালতের শরণাপন্ন হলে নির্বাচন স্থগিত হয়ে যায়।
একসময় আদালতের স্থগিতাদেশ উঠে গেলেও গত বছর ১৪ নভেম্বর পুনরায় তারিখ ধার্য করা হয় নির্বাচনের। এবারও একজন আজীবন সদস্যের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত স্থগিতাদেশ দেয়।
অভিযোগ সম্পর্কে জানার জন্য নির্বাচন কমিশনের প্রধান জামাল আহমেদ জনিকে ফোন করেও সাড়া পাওয়া যায়নি। কমিশনের অপর সদস্যদের গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি নেই বলে তারা উল্লেখ করেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
