২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডুবতে থাকা দেশ টুভালু

ইউরোপসহ দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়া ‍যুদ্ধের উত্তেজনাতেও সংযুক্ত আরব আমিরাতের দুবাই এক্সপো-র জৌলুস কমেনি।২০২১ সালের অক্টোবর থেকে চলা ছয়মাসব্যাপি এ এক্সপোতে গিয়ে অন্তত তেমনটাই মনে হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2022, 09:52 PM

Updated : 25 Oct 2022, 10:16 AM

ওয়ার্ল্ড এক্সপো হওয়ার কথা ছিল কোভিডের আগে। পরিস্থিতি বিবেচনায় পিছিয়ে নিয়ে আসা এই এক্সপো চলবে চলতি মার্চের ৩১ তারিখ পর্যন্ত। ১৯২টি দেশের অংশগ্রহণে এই ইভেন্টটিতে বিশ্বের দেড় কোটিরও বেশি পর্যটক এরইমধ্যে পা রেখেছেন।

এ ইভেন্টটি দুবাইয়ে টেনে এনেছে পলিনেশিয়া ট্রায়াঙ্গেলভুক্ত ছয়টি দ্বীপরাষ্ট্রের একটি- টুভালুকে। উইকেন্ড এর ছুটিতে দুবাই ওয়ার্ল্ড এক্সপোর মোবিলিটি ডিস্ট্রিক্টে বিভিন্ন দেশের প্যাভিলিয়ন ঘোরার সময় হুট করেই চোখ আটকে গেল ছোট্ট দেশ টুভালুর প্যাভিলিয়নে।

মনে আছে সম্প্রতি গ্লাসগোয় অনুষ্ঠিত জাতিসংঘ ক্লাইমেট চেইঞ্জ কনফারেন্স (কপ-২৬) এ টুভালুর পররাষ্ট্রমন্ত্রী সাইমন কফ বৈশ্বিক উষ্ণায়নের কারণে তার দেশের অস্তিত্ব যে বিপণন হতে বসেছে সে বিষয়ে মরীয়া হয়ে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে হাঁটু পানিতে দাঁড়িয়ে কনফারেন্সের জন্য তার অফিসিয়াল মেসেজটির রেকর্ড করেন।

টুভালুর মন্ত্রী সাইমন কফ যেখান থেকে বক্তব্য রেকর্ড করেছিলেন সেটি একসময় ডাঙা ছিল। বর্তমানে টুভালু-র সবচেয়ে উঁচু স্থানটি সমুদ্র পৃষ্ঠ থেকে ১৫ ফুট উঁচুতে। ১৯৯৩ সাল হতে প্রতি বছর সমুদ্রপৃষ্ঠ স্ফীত হচ্ছে দশমিক ৫ সেন্টিমিটার করে।তার ওপর রয়েছে দেশটিতে অব্যাহত উপকূলীয় ভাঙন।

টুভালুর প্যাভিলিয়নে এসে পরিচয় হলো দেশটির ট্রান্সপোর্ট, এনার্জি ও ট্যুরিজম মন্ত্রণালয়ের সহকারী সচিব সিলাটি টফুওলা টিমো আর মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ নারী কর্মকর্তা তালোফা মায় এর সাথে। বাংলাদেশ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পরিচয় দিতে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রটির দুই প্রতিনিধি সমস্বরে উঠলেন, ‘বাংলাদেশ... ‘। তারা খবর রাখেন মালদ্বীপ ও বাংলাদেশও যে ক্লাইমেট চেইঞ্জ এর বলি হতে যাচ্ছে সে বিষয়ে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ইস্যুতে যে একজন ‘আউটস্পোকেন লিডার’ সে কথাও বললেন বারবার।

তালোফা তার প্যাভিলিয়ন ঘুরিয়ে দেখানোর সময় বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে তার দেশ যে কতোটা হুমকির মুখে সেটি নিয়ে কথা বললেন। তিনি বললেন, “জানো, গ্লোবাল এভারেজের চেয়ে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠ দুই থেকে তিনগুণ বেশি স্ফীত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা। আমাদের প্রবীণরা দেশের মাটি কামড়ে পড়ে থাকতে চান। কিন্তু নবীনদের অনেকেই নিজেদের অবস্থান পরিবর্তন করছেন। অনেকে পাশের দেশ নিউজিল্যান্ডে মাইগ্রেট করছেন। কিন্তু বোঝোই তো নিজ দেশ ছেড়ে পরভূমে আশ্রিত হওয়া মোটেই সুখকর অভিজ্ঞতা নয়।”

“আমরা গ্লোবাল ওয়ার্মিং এর বলি হয়ে রিফিউজি হতে যাচ্ছি শিগগিরই, যদি বিশ্ব নেতারা আমাদের নিয়ে সিরিয়াসলি না ভাবেন। আর সবার নিষ্ক্রিয়তা মানে, ’পারহ্যাপস বাই দ্য এন্ড অব দিস সেঞ্চুরি উই উইল বি আন্ডার ওয়াটার’!"

বলতে বলতে অজানা শঙ্কায় টুভালু কন্যার চোখের কোণে জল চিকচিক করে উঠলো। দেখে আমারও মন ভার হয়ে গেল।

সমুদ্রের আগ্রাসী থাবা যে টুভালুর দিকে সে ব্যাপারে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে তাদের প্যাভিলিয়নে দেশের জলমগ্নতার থিমগুলো ফুটিয়ে তোলা হয়েছে শৈল্পিকভাবে।

এবার টুভালু সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। এটি বিশ্বের ক্ষুদ্রতম ও দুর্গম একটি স্বাধীন দেশ। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এলাকার কমনওয়েলথভুক্ত এই দ্বীপ রাষ্ট্রটির রাজধানী ফুনাফুটি। এদের ভাষা টুভালিয়ান, তবে সেকেন্ড ল্যাংগুয়েজ ইংরেজি। এদেশে কোনও সেনাবাহিনী নেই। দেশটির আয়তন ২৫ দশমিক ৯ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ১২ হাজারের নিচে।

প্যাভিলিয়ন থেকে তথ্যগুলো টুকে নেওয়ার সময় তালোফাকে বললাম, “তোমাদের মোট জনসংখ্যা আমাদের একটা গ্রামের চেয়েও কম।” তা শুনে সুন্দরী টুভালু কন্যাটি খিলখিল করে হেসে উঠে বললো, ”হ্যা আমাদের দেশ এত ছোট যে এখানে সবাই সবাইকে চেনে। তারপরও নিজের দেশ তো!"

ভিনদেশের মাটিতে এভাবে নিজের দেশকে উপস্থাপন করতে যেয়ে তালোফার চোখ ফের ছলোছলো হলে ভাবলাম, এরই নাম দেশপ্রেম।

ছোট দেশটির টুভালুর একটি বড় অর্জনের কথা বলে শেষ করি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের যে ৮টি দেশকে কোভিডমুক্ত ঘোষণা করেছে, টুভালু তার একটি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!