২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের অনিষ্টে অর্থ-মেধা ব্যয় উচিত নয়: পররাষ্ট্রমন্ত্রী

দেশের অনিষ্টে অর্থ আর মেধা ব্যয় উচিত নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2022, 12:43 PM

Updated : 25 Jul 2022, 04:40 PM

রোববার যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত ‘উন্নয়নের অভিযাত্রায় বাংলাদেশ’ শিরোনামে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, “সাম্প্রতিক সময়ে কিছু প্রবাসী বাংলাদেশ-বিরোধী অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা মার্কিন রাজনীতিকদের প্ররোচিত করছেন। এমন জঘন্য অপতৎপরতায় লিপ্তদের উদ্দেশ্য বলবো, আপনারা সঠিক পথে আসেন। শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশে গণতন্ত্র রয়েছে। দেশের অনিষ্টের জন্য অর্থ আর মেধা ব্যয় করা উচিত নয়। কারণ, দেশের অনিষ্ট করার অর্থ হচ্ছে আপনার আত্মীয়-স্বজনের ক্ষতি করা, দেশের ভবিষ্যত বিনষ্ট করা।”

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ও মুক্তিযোদ্ধা লাবলু আনসারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান সিটি মেয়র মাহবুবুল আলম তৈয়ব।

এতে প্রধান অতিথির বক্তব্যে মোমেন বিভিন্ন দেশে ‘জোরপূর্বক নিখোঁজ’ ব্যক্তিদের তালিকা উল্লেখ করে বলেন, “যে অপবাদে স্যাংশন দেওয়া হয়েছে, তা ন্যায়-নিষ্ঠ হয়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ ৫০ বছরের সম্পর্কের আলোকে আমি বলতে পারি, প্রবাসীরা যদি বাংলাদেশের সত্যিকারের তথ্য সবিস্তারে নিজ নিজ অবস্থান থেকে মার্কিন নীতি-নির্ধারকদের কাছে উপস্থাপন করতে পারেন, তাহলে স্যাংশনের ব্যাপারটি তারা উঠিয়ে নেবেন।”

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোমেন বলেন, “পৃথিবীর ১১০টি দেশের ৪৮ হাজার মানুষ জোরপূর্বক নিখোঁজ হয়েছে। আমাদের প্রতিবেশী শ্রীলংকা, সেখানকার লোকসংখ্যা হচ্ছে মাত্র ২১ মিলিয়ন অর্থাৎ ২ কোটি ১০ লাখ। এর মধ্যে প্রায় সাড়ে ৬ হাজার লোক নিখোঁজ হয়েছে। ইরাকের লোকসংখ্যা ৪ কোটি। সেখানেও সাড়ে ১৬ হাজার মানুষ জোরপূর্বক নিখোঁজ হয়েছে। আলজেরিয়ার জনসংখ্যা ৪ কোটি ৩৮ লাখ। সে দেশেও ৩/৪ হাজার লোক নিখোঁজ। এসব তথ্য হচ্ছে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের।

“অপরদিকে আমার দেশের লোকসংখ্যা হচ্ছে ১৬৫ মিলিয়ন তথা ১৬ কোটি ৫০ লাখের বেশি। তার মধ্যে জোরপূর্বক নিখোঁজের সংখ্যা হচ্ছে ৭৬ জন। এ ৭৬ জনের মধ্যে পাওয়া গেছে ৭ জনকে, অর্থাৎ নিখোঁজের সংখ্যা ৬৯। ওইসব রাষ্ট্রের ওপর কোন স্যাংশন হয় না। স্যাংশন হয় বাংলাদেশের ওপর! এমন কাজ হয়েছে কিছু লোক ফুলিয়ে ফাঁপিয়ে মার্কিন প্রশাসনকে বারবার কানপড়া দেওয়ায়।”

পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উৎসব হবে ৪ এপ্রিল, ওয়াশিংটন ডি.সিতে। সে উপলক্ষে প্রবাসীরাও নানা কর্মসূচি নিতে পারেন। ওইসব কর্মসূচির মধ্যেই যুক্তরাষ্ট্রের রাজনীতিকদের সম্পৃক্ত করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিলবোর্ন সিটির কাউন্সিলম্যান মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, মুক্তিযোদ্ধা বাশার ভূইয়া, আমেরিকা-বাংলাদেশ অ্যালায়েন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সেক্রেটারি এম এ সালাম, প্রতিষ্ঠাতা সদস্য শফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন, মহিউদ্দিন দেওয়ান এবং আব্দুর রহিম বাদশা, প্রবাসী কল্যাণ সম্পাদক মিসবাহ আহমেদ, কৃষি সম্পাদক আশরাফুজ্জামান, মোর্শেদা জামান, এম এ জলিল, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি সুব্রত তালুকদার, বঙ্গবীর এম এ জি ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি নজমুল চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জাফরউল্লাহ, যুগ্ম সম্পাদক আশরাব আলী খান লিটন, এ টি এম রানা, নাজিমউদ্দিন ও আবুল কাশেম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!