ঝুঁকি নিয়ে সীমান্ত পাড়ি, না কি বোমায় মৃত্যু, ইউক্রেইনে দোটানা বাংলাদেশিদের
ইউক্রেইন যুদ্ধে বাংলাদেশিদের মধ্যে একদল সেখানেই থাকবেন বলে ঠিক করেছেন, আরেক দল পোল্যান্ড সীমান্ত পার হচ্ছেন। তবে গোলার মধ্যে থেকে যাওয়াদের মতোই সীমান্ত পার হওয়ার দলে যারা আছেন, তাদেরও রয়েছে প্রাণের ঝুঁকি।
প্রাণের ঝুঁকি নিয়ে লিবিব সীমান্ত পেরিয়ে পোল্যান্ডের সীমান্তবর্তী শহর প্রুশামেশলেতে আশ্রয় নিয়েছেন ইউক্রেইন প্রবাসী মাহবুব পারভেজ। ২৫ ফেব্রুয়ারি ভোরে কিয়েভ আক্রমণের দিন মাহবুব ছিলেন কিয়েভের দ্রুজভি নারোডিভ এলাকার নিজ বাসায়। কিয়েভের একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন মাহবুব।
২৫ ফেব্রুয়ারি রাতে সবশেষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বাংকার থেকে খবর পাঠিয়েছিলেন মাহবুব। ২৬ ফেব্রুয়ারি থেকে কখনও হেঁটে, কখনও মেট্রোতে এবং কখনও ট্যাক্সিতে চড়ে টানা পথ চলে প্রায় ৪৮ ঘণ্টার বেশি সময় নিয়ে তিনি পৌঁছেছিলেন লিভভের পোলিশ সীমান্তে।
সীমান্ত এলাকা পাড়ি দেওয়ার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে মাহবুব বলেন, “কারফিউ চলার মধ্যেই ইউক্রেইন থেকে প্রাণের ঝুঁকি নিয়ে পোল্যান্ড সীমান্ত পার হয়েছি। রাজধানী কিয়েভ থেকে প্রায় ৪৮ ঘণ্টার জার্নি করে এছাড়া উপায় ছিল না। শনিবার রাতে কিছু ইউক্রেনিয়ান বন্ধুর সহায়তা নিয়ে সীমান্ত পাড়ি দেই। এখানে প্রচুর জ্যাম রয়েছে। ওরা নারী ও শিশুদের বের হতে অগ্রাধিকার দিচ্ছে। তবে ১৭ থেকে ৬০ বছর বয়সীরা বের হতে পারছে না।”
পোল্যান্ডের সীমান্তবর্তী শহর প্রুশামেশলেতে আশ্রয় নিয়েছেন ইউক্রেইন প্রবাসী মাহবুব পারভেজ।
“কেননা রাশিয়ার সেনাবহিনীর লোকেরা ইউক্রেইনের সেনবাহিনীর পোশাকে এখন এসব শহরে ঢুকেছে বলে ইউক্রেইনের সরকার জানিয়েছে। মূলত ইউক্রেইনের সেনাদের বিভ্রান্তিতে ফেলতেই তারা এই কৌশল নিয়েছে। কারফিউর মধ্যে বাংলাদেশিরা নিরাপদে বের হতে গেলে বেশি ঝুঁকি নিতে হবে তাদের।”
রোববার ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম শহর হারকিভে রাশিয়ার সেনারা ঢুকে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। সেখানে তুমুল লড়াই চলছে বলে খবর পাওয়া গেছে।
রাশিয়ার সেনারা হারকিভে ঢোকার ঠিক আগ দিয়েই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জার্মানির প্রতিনিধি মমতাজুল ফেরদৌস জোয়ার্দারের সঙ্গে কথা হয় জয়পুরহাটের ছেলে প্রবাসী ব্যবসায়ী সাজু সরদারের সঙ্গে। প্রায় তিন দশক ধরে ইউক্রেইনে থাকা সাজু সরদার জানানম, নিজের ইউক্রেনীয় স্ত্রী ও তিন কন্যাকে দুদিন আগেই শহর থেকে দূরে শ্যালকের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। তবে ঝুঁকি নিয়েও তার শহরে থাকতে হচ্ছে।
হারকিভে খাবার কিনতে বেরিয়েছেন ব্যবসায়ী সাজু সরদার।
সকালে খাবার কিনতে যাওয়ার সময় হারকিভের আশেপাশের চিত্র ভিডিওতে দেখান তিনি। সাজু সরদারের ভিডিওতে দেখা যায়, হারকিভের সব জায়গা জনশূন্য। তবে কেবল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানের সামনে দীর্ঘ লাইন। সাজু নিজেও খাবার কিনতেই রাস্তায় বেরিয়েছিলেন।
তিনি বলেন, “কেনাকাটা যা করেছি কিছুদিন চলতে পারবো। তবে খাবার পানির কমতি আছে। ট্যাপের জল ফুটিয়ে খাবো।”
নিরাপত্তার জন্য স্ত্রী ও কন্যাকে যেখানে পাঠিয়েছেন সেখানেও রোববার বোমা পড়েছে জানিয়ে সাজু বলেন, “যুদ্ধের মধ্যে ঝুঁকি কোন জায়গায় আছে কোন জায়গায় নেই- তা বোঝার কোনও সুযোগ নেই।”
[এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জার্মানি প্রতিনিধি মমতাজুল ফেরদৌস জোয়ার্দার]
