শহীদ দিবসে নিউইয়র্কে ‘লিটল বাংলাদেশ অ্যাভিনিউ’ এর উদ্বোধন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘লিটল বাংলাদেশ অ্যাভিনিউ’।
স্থানীয় সোমবার বিকালে শত শত প্রবাসী বাঙালির ‘জয় বাংলা’ স্লোগান ও বিপুল করতালির মধ্যে হিলসাইড অ্যাভিনিউ এবং হোমলোন স্ট্রিটের কর্নারে ‘লিটল বাংলাদেশ অ্যাভিনিউ’ এর নামফলক উম্মোচন করেন সিটি কাউন্সিলম্যান জেমস এফ জিনারো।
এখান থেকে হিলসাইড অ্যাভিনিউ ধরে অন্তত দুই ব্লক এই নামে পরিচিত হবে।
প্রসঙ্গত, নিউ ইয়র্ক সিটিতে তিন লাখের বেশি বাংলাদেশি বাস করেন, যার এক-চতুর্থাংশ থাকেন জ্যামাইকার হিলসাইডে। এ কারণেই সিটি কাউন্সিলে সর্বসম্মতভাবে এখানকার একটি অ্যাভিনিউয়ের নাম ‘লিটল বাংলাদেশ’ রাখার বিল পাশ হয়।
ব্যস্ততম হিলসাইড অ্যাভিনিউর এই অংশটুকুর পুনরায় নামকরণের ফলক উম্মোচনের দিনটিকে ২১ ফেব্রুয়ারিতে বেছে নেওয়া প্রসঙ্গে কাউন্সিলম্যান জেমস জিনারো বলেন, “বায়ান্নোর ২১ শে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্যে বাঙালি তরুণেরা জীবন দিয়েছেন। সেই আন্দোলনের পথ বেয়ে একাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে বাঙালিরা স্বাধীনতা অর্জন করেছেন।
শুধু তাই নয়, পরবর্তীতে ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’-এ পরিণত করেছে জাতিসংঘ। এমন একটি ঐতিহাসিক স্মরণীয় দিনে ‘লিটল বাংলাদেশ এভিনিউ’র উদ্বোধন হওয়ায় প্রবাসী বাংলাদেশীরা আরো উৎফুল্ল হলেন।”
'লিটল বাংলাদেশ অ্যাভিনিউ'র নামফলক উম্মোচনের আগে উৎফুল্ল প্রবাসীদের সাথে কাউন্সিলম্যান জেমস জিনারো।
এ অনুষ্ঠানে বেশ কয়েকজনের নামোল্লেখ করে কাউন্সিলম্যান জিনারো ধন্যবাদ জানানোর সময় তুমুল হৈচৈ শুরু হয়। আপত্তি উঠে যে, সত্যিকার অর্থে যারা কমিউনিটির উন্নয়নে মূলধারায় কাজ করছেন, তারা উপেক্ষিত হয়েছে।
এ অবস্থায় বিব্রত কাউন্সিলম্যান নিজের সীমাবদ্ধতার কথা স্বীকার করেন এবং বলেন, “যারা এ রাস্তার নামকরণে নানাভাবে সহায়তা করেছেন শিগগিরই তাদের অন্তর্ভুক্ত করে সংশোধিত তালিকা প্রকাশ করা হবে।”
কাউন্সিলম্যান জিনারো ‘নামফলক’ নিয়ে আসার আগে এ নামকরণের কৃতিত্ব নিয়ে অনেকে বক্তব্য দিয়েছেন। ফলে এক ধরনের উত্তেজনার মধ্যেই কাউন্সিলম্যান পুলিশ ডেকে নিজ ব্যবস্থাপনায় উদ্বোধনী পর্বটি নিজে পরিচালনা করেন।
এ সময় বক্তব্য দেন স্টেট অ্যাসেম্বলির সদস্য জেনিফার রাজকুমার, ডেভিড ওয়েপ্রিন, কুইন্স কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার আইনজীবী মঈন চৌধুরী, ডেমোক্র্যাট মোহাম্মদ আমিনুল্লাহ এবং প্রকৌশলী সাদেক।
এক পর্যায়ে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির পক্ষ থেকে ফখরুল ইসলাম দেলোয়ার, মোহাম্মদ আলিমসহ কয়েকজন কাউন্সিলম্যানকে কমিউনিটির পক্ষ থেকে কৃতজ্ঞতাসূচক ক্রেস্ট দেন।
শেষে শ্রীচিন্ময় সেন্টারের শিল্পীরা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতের পর একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি-আমি কী ভুলিতে পারি’ গানটি পরিবেশ করেন।
নিউ ইয়র্ক সিটিতে এই প্রথম ‘লিটল বাংলাদেশ অ্যাভিনিউ’ নামের নিজস্ব একটি জায়গা তৈরি হলো।
উদ্বোধনী সমাবেশের সূচনালগ্নে শহীদ মুক্তিযোদ্ধা এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নিরবতা পালন করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
