২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ অর্লিন্সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্স এর বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএ) এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন প্রবাসী বাঙালিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

খাইরুল হাবিব পুলক, যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্সের লুইজিয়ানা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2022, 09:32 PM

Updated : 25 Oct 2022, 10:15 AM

স্থানীয় সময় ১৮ই ফেব্রুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট গভর্মেন্ট অ্যাসোসিয়েশনের সহায়তায় ক্যাম্পাসের ইউনিভার্সিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠান ছিল সকল ছাত্র-শিক্ষক ও স্থানীয় কমিউনিটির জন্য উন্মুক্ত।

‘ভাষা আন্দোলনের ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতা’র প্রেক্ষাপট, এবং বাঙলা ভাষা ও ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপনের লক্ষ্যে বিভিন্ন ডকুমেন্টারি, বক্তব্য ও সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এছাড়া বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রত্যেকের স্ব স্ব মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা এবং বৈশ্বিক আবহে ভাষা ও শিল্পের বৈচিত্র্যকে পারষ্পরিক সৌহার্দ্যের সহায়ক হিসেবে অনুষ্ঠানটিতে উপস্থাপন করা হয়।

বিএসএ সভাপতি খাইরুল হাবিব পুলক এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে ক্রমান্বয়ে দেশাত্মবোধক গান পরিবেশন করেন আনিকা তাবাসসুম, শাহিদ খান, উজেস-উন্মেস, বনানী চক্রবর্তী, অনুপ কুন্ডু, নাহিন তালুকদার, ও অন্যান্যরা। 

শিল্পীদের সমবেত কণ্ঠে একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ পরিবেশন করা হয়।

এছাড়া কবিতা আবৃত্তি করেন ড. আরিফুজ্জামান ও তাসিয়া মেহজাবিন।

মনিষা পল এর তত্ত্বাবধানে বাংলাদেশী আমেরিকান শিশুদের কণ্ঠে ‘মোদের গরব মোদের আসা’ গানটি ছিল অনুষ্ঠানে সবার মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা।

ড. আরিফ, রায়হান ও পুলক এর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে ইউনিভার্সিটি অব নিউ অর্লিন্সের প্রেসিডেন্ট জন নিকলো ছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব উপস্থাপন করে বক্তব্য দেন বাংলাদেশি আমেরিকান অর্থনীতিবিদ কবির হাসান। এছাড়া ঋদিতা ঋদি এর নৃত্য ও আনিকা-রায়হানের মঞ্চাভিনয় ছিলো উল্লেখ করার মতো পরিবেশনা।

একটি গেম শো এরও আয়োজন করা হয় মাহফুজুল নিশান ও শারমিন আক্তারের তত্ত্বাবধানে।

অনুষ্ঠানে আগত সবার জন্য বাংলাদেশি খাবারের আয়োজন করা হয় এবং সবাইকে শহীদ মিনারের ছবি সম্বলিত স্যুভেনির চাবির রিংও দেওয়া হয়।

অনুষ্ঠানস্থলে স্থাপিত একটি অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবকের মাধ্যমে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সবশেষে বিএসএ-র উপদেষ্টা শেইখ আরিফুজ্জামান অনুষ্ঠান সংশ্লিষ্ট সকলকে ও আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

নিউ অর্লিন্সের স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সহায়তায় অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএসএ ভাইস প্রেসিডেন্ট ওয়াসি উল কবির এবং সেক্রেটারি আব্দুল মোতালেব ফয়সাল।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!