ভিয়েনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
বাংলাদেশের সাথে সময়ের মিল রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস।
রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ৭টায় একুশের প্রথম প্রহরে রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
ভিয়েনা বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা, মুক্তিযোদ্ধা এবং শিশু-কিশোরসহ অন্যান্য ব্যক্তিরা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করা হয়।
আলোচনাপর্বে বক্তারা বলেন, ভাষা আন্দোলনে শহীদদের রক্ত বৃথা যায় নি এবং পাকিস্তানের সরকার শেষ পর্যন্ত বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলনের কাছে নতিস্বীকার করতে বাধ্য হয়েছিল।
তারা আরও বলেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন জাতীয় চেতনার উদ্ভব হয়েছিল এবং পরবর্তীতে এ চেতনা ধারণ করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি। বক্তারা প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মের নাগরিকদের মাঝে মাতৃভাষা চর্চার গুরুত্ব আরোপ করেন।
তিনি ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তাৎপর্যপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।
রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত বলেন, “বর্তমান সরকারের উদ্যোগের ফলে ১৯৯৯ সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং এ স্বীকৃতির মাধ্যমে বাঙালি জাতি বিশ্বে আরও মর্যাদাশীল হিসেবে প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, একুশ বিশ্ব পরিমণ্ডলে আমাদেরকে আরও সমৃদ্ধ করেছে।”
“ইউনেসকো উপলব্ধি করেছে যে, বিশ্বব্যাপী বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাদেরকে কার্যক্রম গ্রহণের সুযোগ করে দিয়েছে।”
তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বিশ্বব্যাপী ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ এবং বিকাশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুঘটক হিসেবে কাজ করবে।
অনুষ্ঠান শেষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ এবং বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সম্মানে আয়োজিত নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
