২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পর্ক জোরদারে আগ্রহী নতুন মার্কিন রাষ্ট্রদূত হ্যাস

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে ঢাকার সঙ্গে এক হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার ডি হ্যাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2022, 08:32 PM

Updated : 25 Oct 2022, 10:13 AM

শুক্রবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি নিজের আগ্রহের কথা তুলে ধরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাষ্ট্রদূত আর্ল আর মিলারের উত্তরসূরি হিসাবে দায়িত্ব গ্রহণের জন্য আগামী মার্চের প্রথম দিকে ঢাকায় পৌঁছার আশা প্রকাশ করেন পিটার ডি হ্যাস।

এ উপলক্ষে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামসহ অন্য কূটনীতিকের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য তিনি দূতাবাসে যান। এ সময় রাষ্ট্রদূত শহীদুল এবং মিশনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

Image
ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামসহ শীর্ষ কূটনীতিকদের সঙ্গে ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হ্যাস। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামসহ শীর্ষ কূটনীতিকদের সঙ্গে ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হ্যাস। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

হৃদ্যতাপূর্ণ পরিবেশে নানা ইস্যুতে আলোচনার সময় দুই রাষ্ট্রদূত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করতে ঘনিষ্ঠভাবে কাজ করার সংকল্প ব্যক্ত করেন।

তারা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনে উভয় পক্ষের বৃহত্তর সম্পৃক্ততা এবং পারস্পরিক লাভজনক কর্মসূচি ও পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেন।

দূতাবাস প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত হ্যাস।