অট্টালিকার ছায়ায় আঁধার জমছে ব্রিক লেনবাসীর মনে
ইংরেজি আর বাংলা লিপিতে লেখা তাজ স্টোর নামটি ব্রিক লেনের একটি ঐতিহ্যের মত। পূর্ব লন্ডনের ব্রিক লেন এলাকাটি যখন ‘বাংলাটাউন’ হিসেবে পরিচিত হয়ে উঠছিল, সেই সময়ের স্মৃতি ধরে রেখেছে অন্যতম পুরোনো এই বাংলাদেশি মালিকানাধীন সুপারমার্কেট।
ব্রিটেনে বাংলাদেশিদের সবচেয়ে বড় অংশের বসবাস এই ব্রিক লেনেই। ১৯৩৬ সালে জামাল খালিকের দাদা সেখানে তাজ স্টোর চালু করেন। এখন জামাল ও তার দুই ভাই এর দেখাশোনা করছেন।
তিন পুরুষের এই আবাসস্থল আর ব্রিক লেনের ভবিষ্যত নিয়ে জামাল খালিকের কপালে এখন চিন্তার ভাঁজ।
ব্রিক লেনের আকাশ এখন ঢেকে ফেলছে কাচ আর ইস্পাতের কাঠামোতে তৈরি উঁচু উঁচু, আধুনিক সব অফিস ভবন। আরও নতুন নতুন অট্টালিকা তৈরি হচ্ছে, দিগন্তে তাকালে ভবন নির্মাণের সেই দানবীয় ক্রেনগুলোর নড়াচড়া দেখা যায়।
টাওয়ার হ্যামলেটস বারার এই রাস্তার দুই পাশে প্রতি বছর গড়ে উঠছে নতুন নতুন কফির দোকান, রেস্তোরাঁ, খাবারের দোকান ও হোটেল। এক জরিপে দেখা গেছে, ২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে লন্ডনে সবচেয়ে বেশি আধুনিকায়ন ও সংস্কার কাজ হয়েছে টাওয়ার হ্যামলেটস বারায়।
পাঁচ বছর আলোচনা শেষে গত সেপ্টেম্বরে বারা কমিটি ব্রিক লেনের পরিত্যাক্ত একটি পার্কিং এলাকা এবং একটি পুরনো চোলাইখানার জায়গায় পাঁচ-তলা শপিং মল নির্মাণের অনুমোদন দেয়। সাবেক ওই মদ চোলাইখানায় বর্তমানে কয়েকটি ব্যক্তি মালিকানাধীন দোকান, গ্যালারি, মুদিখানা, মদের দোকান ও রেস্তোরাঁ চালু আছে।
অনুমোদন পাওয়া শপিং মলটি নির্মাণের পর সেখানে নামি-দামি ব্র্যান্ডের শো-রুম, চেইন শপ, অফিস এবং একটি খোলা চত্বর হওয়ার কথা।
ছবি: নিউ ইয়র্ক টাইমস
“আমি অনেক পরিবর্তন দেখেছি। বৈষম্যের শিকার, নোংরা একটি এলাকা থেকে ব্রিক লেন ধীরে ধীরে আধুনিক, বৈচিত্র্যময়, বহুসংস্কৃতির মিলনমেলায় পরিণত হয়েছে।”
তার আশঙ্কা, নতুন ওই শপিং সেন্টার এ এলাকার স্থাপত্য বৈশিষ্ট্যকে খর্ব করবে এবং দীর্ঘ সময় ধরে এখানে টিকে থাকা দোকানগুলো গ্রাহক হারাবে।
“এটা আসলেই এখানকার ছোট, স্বাধীন ব্যবসাগুলোকে মেরে ফেলবে।”
ওই মদ চোলাইখানার জমি ও স্থাপনা এবং আশপাশের আরও কয়েকটি সম্পত্তির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান জেলুফ পার্টনারশিপ এক বিবৃতিতে জানিয়েছে, নির্মাণের পরিকল্পনায় থাকা নতুন শপিং সেন্টার কয়েকশ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, যাদের বেশিরভাগই স্থানীয় বাসিন্দা। এর নকশা ব্রিক লেনের স্থাপত্যের সঙ্গে সঙ্গতি রেখেই করা হয়েছে এবং এটা নির্মাণে কোনো ভবন ধ্বংস করা হবে না।
বিবৃতিতে আরও জানানো হয়, যারা এখন পুরনো স্থাপনায় ব্যবসা করছেন, নতুন স্থাপনায় ভাড়ার ক্ষেত্রে তাদের ছাড় দেওয়ার প্রস্তাবও রাখা হবে।
নির্মাণ কাজ শুরু এবং শপিং সেন্টার উদ্বোধনের নির্দিষ্ট কোনো তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। এরইমধ্যে এ পরিকল্পনার বিরুদ্ধে তীব্র আপত্তি এসেছে স্থানীয় বাসিন্দা ও কমিউনিটিকর্মীদের পক্ষ থেকে।
ব্রিক লেন এলাকার এমপি রুশনারা আলী নিজেও বাংলাদেশি বংশোদ্ভূত। পার্লামেন্টের বিরোধী দল লেবার পার্টির এই নেতা বলছেন, নির্মাণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভর্তুকির যে পরিমাণ বলা হচ্ছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
ক্ষমতাসীন কনজারভেটিভ সরকার ‘উন্নয়নের অজুহাতে’ স্থানীয় সম্প্রদায়ের ক্ষমতায়নকে খর্ব করার পাশাপাশি স্থানীয় কমিউনিটির কাছে জবাবদিহি এড়িয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।
এই প্রকল্পের বিরোধীরা বলছেন, প্রকল্পটির কারণে ওই এলাকার ভাড়া ও বাড়ির দাম বেড়ে যাবে। লন্ডনে দীর্ঘ দিন ধরেই এলাকাটি কর্মজীবীদের বসবাসের এলাকা হিসেবে চিহ্নিত হয়ে আসছে।
ছবি: নিউ ইয়র্ক টাইমস
ব্রিক লেনে এই উন্নয়ন প্রকল্প থামাতে বারা কাউন্সিলে সাত হাজারের বেশি আপত্তিপত্র জমা হয়, যদিও সেগুলোর মাত্র কয়েকশ চিঠি স্থানীয় বাসিন্দাদের পাঠানো। তবে এই আপত্তিপত্রের সংখ্যা প্রমাণ করে, প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পটি নিয়ো বিরোধিতা ব্রিক লেনকে ছাপিয়ে গেছে।
গত সেপ্টম্বরে প্রকল্পটি অনুমোদন পাওয়ার পরপরই এর প্রতিবাদে মিছিল করে স্থানীয় বাসিন্দারা। তারা ‘সেইভ ব্রিক লেন’ ব্যানার উড়িয়ে এবং একটি শূন্য কফিন নিয়ে মিছিলে অংশ নেন।
অবশ্য, সবাই এ পরিকল্পনার বিরোধী নন।
“অনেক দিন আগে থেকেই ব্রিক লেইন মরতে বসেছে,” বললেন শামস উদ্দিন। বাংলাদেশ থেকে ১৯৭৬ সালে যুক্তরাজ্যে পাড়ি জমানো শামস উদ্দিন (৬২) বর্তমানে ব্রিক লেনের মুনসুন রেস্তোরাঁর মালিক, যেটা তিনি চালু করেন ১৯৯৯ সালে।
ছবি: নিউ ইয়র্ক টাইমস
শামস উদ্দিন বললেন, মহামারীর কারণে চলাফেরায় বিধিনিষেধ, ব্রেক্সিটের প্রভাব এবং কাছাকাছি একটি ঐতিহাসিক মার্কেট এলাকায় ফ্রাঞ্চাইজি দোকান চালু হওয়ায় ব্রিক লেনে গ্রাহকের আনাগোনা কমে গেছে। এ পরিস্থিতিতে নতুন শপিং সেন্টার হলে সেটা ঘিরে ব্যবসার পালে নতুন হাওয়া আসতেও পারে।
“মানুষ শপিং সেন্টারে কেনাকাটা করার পর হয়ত আমার রেস্তোরাঁয় খেতে আসবে। আমাদের ব্যবসার জন্য এটা লাভজনক হবে বলেই মানে হচ্ছে।”
পাঁচ দশক আগেও ব্রিক লেন একটি তুলনামূলক অনুন্নত এলাকা ছিল, যেখানে অনেক পরিত্যক্ত ভবন ছিল। গত শতকের সত্তরের দশকের দিকে লন্ডনে কম দামে থাকার জায়গা পাওয়ার সুযোগই মূলত প্রবাসী বাংলাদেশিদের এখানে টেনে আনে।
তারা ছাড়াও অনেক সংখ্যালঘু জাতিগোষ্ঠীর আবাস হিসেবে পরিচিত হয়ে উঠেছে ব্রিক লেন। আর তাই এখানকার বাসিন্দাদের সঙ্গে মিশে আছে ব্রিক লেনের ঐতিহ্যের আবেগ।
© 2022 The New York Times Company
