২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘উন্নততর বিশ্ব গঠনে বর্তমান প্রয়াসের সঙ্গে মুজিবের দর্শনের মিল রয়েছে’

উন্নততর বিশ্ব গঠনে বর্তমান বৈশ্বিক সমন্বিত প্রচেষ্টার মধ্যে যে শান্তি, ন্যায় বিচার, উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির প্রয়াস চলছে, সেগুলোর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শনের মিল খুঁজে পাওয়া যায় বলে মনে করেন সুইজারল্যান্ডের জেনিভায় অবস্থিত জাতিসংঘ দপ্তরের মহাপরিচালক তাতিয়ানা ভালোভায়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুক্তা আক্তার, সুইজারল্যান্ড থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2021, 05:38 PM

Updated : 10 Oct 2022, 06:28 PM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও সুইজারল্যান্ডের জেনিভায় বহুপাক্ষিক কূটনীতির শতবর্ষ উপলক্ষে স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ দপ্তরের বাংলাদেশ মিশন আয়োজিত একটি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিতে গিয়ে তাতিয়ানা ভালোভায়া ওই মত তুলে ধরেন।

১৯৭৪ সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু প্রদত্ত ভাষণের কথা উল্লেখ করে তিনি বলেন, “ঐক্যবদ্ধ ও সুপরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে উন্নততর ভবিষ্যত গঠনে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তাধারা বর্তমান বৈশ্বিক প্রয়োজনীয়তার প্রেক্ষিতেও প্রাসঙ্গিক রয়েছে।”

শান্তিপূর্ণ বিশ্ব গঠনে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’কে অনুপ্রেরণীয় হিসেবে উল্লেখ করে তিনি গ্রন্থটির ভূয়সী প্রশংসা করেন।

জেনিভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অংশগ্রহণ, অঙ্গীকার ও অবদানের কথা তুলে ধরে বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ ও দেখানো পথ অনুসরণ করেই বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে চলছে। জাতিরাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর নিজস্ব চিন্তা-ভাবনার বিকাশের একটি প্রতিচ্ছবি হলো তাঁর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি।”

অনুষ্ঠানে জেনিভায় নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ইন্দ্র মনি পান্ডে এবং ঢাকা থেকে পূর্বে ধারণকৃত বক্তব্যের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা ও বীর প্রতীক অবসরপ্রাপ্ত কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির, ‘অসমাপ্ত আত্মজীবনী’র ওপর আলোকপাত করেন।

রাষ্ট্রদূত পান্ডে বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুকরণীয় জীবন বিশেষ করে তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ থেকে সকলের জন্য অনেক কিছু শিক্ষণীয় রয়েছে।”

বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদ জহির বলেন, “বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য বঙ্গবন্ধুর দৃঢ়তা, সাহস ও আপসহীন ব্যক্তিত্বের একটি চিত্র এই গ্রন্থটিতে পাওয়া যায়।”

অনুষ্ঠান শেষে জেনিভায় জাতিসংঘ দপ্তরের পাঠাগারে সংরক্ষণের জন্য জাতিসংঘের ছয়টি ভাষায় অনুদিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের অনুলিপি দেওয়া হয়।

এছাড়াও, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান জেনিভায় জাতিসংঘ দপ্তরের মহাপরিচালক তাতিয়ানা ভালোভায়ার কাছে একটি ভাস্কর্য হস্তান্তর করেন।

অনুষ্ঠানে জেনিভায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরা, প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃসফূর্তভাবে অংশ নেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!