নিউ ইয়র্কে শহীদ বুদ্ধিজীবী স্মরণে প্রবাসীরা
একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে র্যালি করেছে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ নিউ ইয়র্ক চ্যাপ্টার।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ আয়োজন করেন তারা।
এতে সভাপতিত্ব করেন শহীদ সাংবাদিক সিরাজুদ্দিন হোসেনের ছেলে ফাহিম রেজা নূর, সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া।
শহীদ পরিবারের সন্তান ও লেখক হাসানাত আব্দুল্লাহ বলেন, “বাংলাদেশের পাঠ্যপুস্তক থেকে হুমায়ুন আজাদ, শামসুর রাহমান, কাজী নজরুল ইসলামের কবিতা-লেখা সরিয়ে ফেলার পাঁয়তারা চলছে। তাই, মুক্তিযুদ্ধের চেতনার পরিপূরক অসাম্প্রদায়িক সমাজ-রাষ্ট্র ব্যবস্থায় উৎসাহিত করা লেখাগুলো বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে হবে।”
অভিনেতা সউদ চৌধুরী বলেন, “এবারের শহীদ বুদ্ধিজীবী দিবসে সংকল্প গ্রহণ করতে হবে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত করতে বাহাত্তরের সংবিধান পুনরুজ্জীবিত করার।”
র্যালিতে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, মুনির হোসেন, মুজিবুর রহমান মিয়া, ওমর ফারুক খসরু, নাজনীন সিমন, শ্যামল চন্দ্র ও লুৎফর রহমান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
