২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্জিয়া ভ্রমণ: দুইরঙা নদীজল আর বর্ণিল আলোকচ্ছটার পাহাড়ে

উত্তর গোলার্ধ থেকে শরতের বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে। প্রকৃতিতে ক্রমশ রুক্ষ্ণতা ফুটে উঠবে কিছুদিন পরই। গাছের পাতাগুলো সবুজ রং হারিয়ে হলুদ, কমলা কিংবা লাল বর্ণ ধারণ করেছে ইতোমধ্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাকিব হাসান রাফি, স্লোভেনিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2021, 11:02 PM

Updated : 10 Oct 2022, 06:27 PM

উঁচু কোনো রাস্তার বুক চিরে ছুটে চলেছে গাড়ি, রাস্তার দুই ধারে সারি সারি উঁচু পাহাড় ছাড়া আর কোনও কিছু চোখে পড়ে না। রাতের অন্ধকারে এ সব পাহাড়ের চূড়ায় ভেড়ার লোমের মতো থোকায় থোকায় সাদা তুষার জমেছে, দিনের বেলায় সূর্যের আলোর সংমিশ্রণে পাহাড়ের উপরিভাগে জমে থাকা তুষারকণা বর্ণিল আলোকচ্ছটা ছড়ায়। মাঝে মধ্যে পাহাড়ের কোল ঘেঁষে ছুটে বেড়ায় রাশি রাশি মেঘ। আবার কখনও কখনও এসব পাহাড় থেকে জন্ম নেয় নতুন জলধারা।

কল্পনা বা সিনেমায় দেখা এ দৃশ্যপট বাস্তবে চোখের সামনে ধরা দেবে, স্টেপানটস্মিদা নামক ছোট্ট অঞ্চলটি বেড়াতে গেলেই। ককেশাস পর্বতমালা তার সৌন্দর্যের সবটুকু যেন সেখানে উজাড় করে দেয়।

তাই এশিয়া-ইউরোপ মহাদেশের সংযোগস্থলে  প্রায় ২৭ হাজার বর্গমাইলের ছোট্ট দেশ জর্জিয়ার পর্যটন শিল্প অনেকাংশে দাঁড়িয়ে আছে স্টেপানটস্মিদা অঞ্চলটির ওপর ভিত্তি করেই।

২০১৮ সালে শিক্ষার্থী ভিসায় মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়াতে পা রাখি। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত যে কোনও দেশের ভিসা কিংবা রেসিডেন্ট পারমিট থাকলে জর্জিয়া ভ্রমণের জন্য আলাদাভাবে ভিসার প্রয়োজন হয় না, কেবল দেশটিতে প্রবেশের সময় ইমিগ্রেশন অফিসার পাসপোর্টে অ্যারাইভাল সিল দেন।

সোশ্যাল নেটওয়ার্কিং সাইট কৌচসার্ফিং এর মাধ্যমে জর্জিয়ান তরুণী টেও ছান্তুরিয়ার সঙ্গে পরিচিত হই। আমার চেয়ে এক বছরের ছোট।

বেড়াতে যাওয়ার আগে কোনও স্থান সম্পর্কে ধারণা পেতে এবং একই সাথে ওই স্থানে বসবাস করা স্থানীয় অধিবাসীদের সাহচর্য পেতে আমি ‘কৌচসার্ফিং’ এর দ্বারস্থ হই। জর্জিয়া ভ্রমণের সময় টেও আমাকে বিশেষভাবে সঙ্গ দিয়েছিল। তার কাছ থেকেই স্টেপানটস্মিদা ভ্রমণের পরামর্শ পাওয়া।

অবকাঠামোগত দিক থেকে জর্জিয়া বেশ পিছিয়ে, একই সাথে দেশটিতে গণপরিবহণ সেবার মান সে অর্থে আশানুরূপ নয়। তাই জর্জিয়াতে ভ্রমণ করতে চাইলে পূর্ব পরিকল্পনার পাশাপাশি ট্যুর গাইডের সাহায্য নেওয়া অত্যাবশ্যক।

রাজধানী তিবিলিসির একেবারে প্রাণকেন্দ্রে পা রাখতে না রাখতেই সোনালি রঙের সেইন্ট জর্জের ভাস্কর্যের দেখা মেলে। ঘোড়ার পিঠে বসে টগবগিয়ে ছুটে চলছে স্বাধীনতাকামী এক যোদ্ধা, হাতে থাকা তরবারিটি তিনি এক ড্রাগনের মুখ বরাবর ঢুকিয়ে দিচ্ছেন এবং তার ঘোড়ার পায়ে পিষ্ট হচ্ছে সে-ই ড্রাগন। 

এ ভাস্কর্যটি যে স্থানে অবস্থিত তার নাম তাভিসুপলেবিস ময়দানি। ইংরেজিতে এ স্থানটিকে অনেক সময় ‘ফ্রিডম স্কয়ার’ নামে ডাকা হয়। তিবিলিসির অন্যান্য অংশের তুলনায় তাভিসুপলেবিস ময়দানি এলাকাটি বেশ জমজমাট।

তাভিসুপলেবিস ময়দানিতে স্মার্ট ট্রাভেল জর্জিয়া নামক এক ট্রাভেল এজেন্সির অফিস দেখতে পেলাম।

টেও- এর সহায়তায় এ ট্রাভেল এজেন্সির সাহায্যে স্টেপানটস্মিদা ভ্রমণের পরিকল্পনা সাজাই। পুরো ট্যুর বাবদ আমাদের দুইজনকে ১৪০ জর্জিয়ান লারি বা বাংলাদেশি টাকায় প্রায় ৪ হাজার টাকার মতো খরচ করতে হয়েছিল। স্টেপানটস্মিদার পাশাপাশি জিনভালি লেইক, আনানুরি ফোরট্রেস, গুদাউড়ি এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রিভারস অব আরাগভিও তাদের ট্যুর প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল।

পরিকল্পনামাফিক পরের দিন সকালে মিনিবাসে চেপে টেও-কে সঙ্গে নিয়ে স্টেপানটস্মিদার সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটে পড়লাম।

মেঘলা দিন, শীত আসি আসি করছে। ঠাণ্ডা বাতাসের ধাক্কাটা ভালোভাবে টের পাচ্ছিলাম। আমাদের  সফরসঙ্গী ছিলেন আরও বেশ কয়েকজন পর্যটক। তাদের মধ্যে মাত্র দুইজন ছিলেন রাশিয়ান, অন্যরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নাগরিক। আমাদের ট্যুর গাইড ছিলেন মাঝবয়সী নারী নিনো। পুরো যাত্রাপথে তিনি আমাদের সামনে জর্জিয়ার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে নানা ধরনের বর্ণনা তুলে ধরলেন।

উঁচুনিচু ও আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চললো আমাদের মিনিবাস। তিবিলিস থেকে শুরু করে রাশিয়ার ভ্লাদিকাভকাজ পর্যন্ত ২১২ কিলোমিটার দীর্ঘ সড়ক। স্থানীয় অধিবাসীরা একে ‘মিলিটারি রোড’ বলে ডাকে। সোভিয়েত শাসনামলে সেনাবাহিনীর সদস্যদের হাত ধরে নির্মিত হয়েছিল এ দীর্ঘ সড়ক। জর্জিয়াসহ প্রতিবেশি দেশগুলো এ রাস্তা ধরে দীর্ঘ দিন ধরে সড়ক পথে রাশিয়ার সাথে বাণিজ্য করছে।

সড়কের উল্টোপাশে পাহাড়ের ঢাল ঘেঁষে বয়ে চলা সরু রাস্তার ওপর লম্বা পাইপলাইন দেখতে পেলাম। নিনো জানালেন, পাইপলাইনের মধ্য দিয়ে রাশিয়া আর্মেনিয়াকে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে। রাস্তার দুই ধারে ছোট-বড় বিভিন্ন ধরনের শিল্প কারখানাও দেখতে পেলাম।

জর্জিয়াতে অর্থোডক্স খ্রিস্টানিটির প্রভাব অত্যন্ত জোরালো। বলা হয়, জর্জিয়া এ পৃথিবীতে প্রথম দিককার রাষ্ট্রগুলোর মধ্যে একটি যারা খ্রিস্টধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছিল।

জর্জিয়ার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য অর্থোডক্স চার্চের কোনও কোনওটি তৃতীয় থেকে ষষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময়ে নির্মিত।

নিনো জানালেন, খ্রিস্টধর্ম প্রসারের পাশাপাশি এ সসব অর্থোডক্স চার্চগুলোকে স্থানীয় অধিবাসীরা প্রতিরক্ষার কাজে ব্যবহার করতো। এজন্য অনেক সময় এসব চার্চকে ‘ফোরট্রেস’ হিসেবেও অভিহিত করা হয়। এছাড়াও স্থানীয় পর্যায়ে শাসনকার্য পরিচালনার ভারও এ সকল চার্চের ওপর ন্যস্ত ছিল।

নিনোর সাথে আমাদের প্রথম গন্তব্য ছিল জিনভালি লেইক। চারদিকে পাহাড়বিশিষ্ট এ লেইকটির সৌন্দর্য সত্যি অসাধারণ, মেঘলা দিনে আকাশের নীল রং সেভাবে প্রতিফলিত হচ্ছিল না। তাই লেইকের পানিও ছিল অনেকটা বর্ণহীন। সোভিয়েত শাসনামলে এ লেইককে ঘিরে জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছিল, যা ব্যবহার করে জর্জিয়া আজও বিদ্যুৎ শক্তি উৎপাদন করে।

নিনো আমাদের সবাইকে ছবি তোলার জন্য দশ মিনিট সময় দিলেন। লেইকের সামনে থেকে নিজের ছবি নিলাম, টেওকে-ও নিজের ডিএসএলআর ক্যামেরার সাহায্যে কয়েকটি ছবি তুলে দিলাম। পরে নিনো এসে আমাদের দুইজনকে এক ফ্রেইমে রেখে আরও কয়েকটি ছবি তুলে দিলেন।

টেও গতানুগতিক ধারার এক জর্জিয়ান তরুণী। জর্জিয়ার বেশিরভাগ তরুণী অত্যাধিক মাত্রায় ইন্সস্টাগ্রামের প্রতি আসক্ত। এ কারণে তারা বিভিন্ন আঙ্গিকে ছবি তুলতে ভালোবাসেন। ছবির ক্ষেত্রে তারা বেশ সংবেদনশীল, কোথাও একটু খুঁত থাকলে তারা বেশ রেগে যায়। পোশাক-আশাক কিংবা মেইকআপের দিক থেকে জর্জিয়ান তরুণীরা বেশ স্মার্ট। রূপ-লাবণ্যের দিক থেকেও তারা যোজন যোজন এগিয়ে। টেও এসব দিক থেকে কোনো অংশে ব্যতিক্রম ছিলেন না।

জিনভালি লেইকের পর আমাদের গন্তব্য ছিল আনানুরি কমপ্লেক্স। আরাগভি নদীর তীরে অবস্থিত এ কমপ্লেক্সটি মধ্যযুগীয় স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন। এক সময় এ স্থান থেকে আশেপাশের অঞ্চলের শাসন কাজ পরিচালিত হয়। বিভিন্ন সময়ে এ কমপ্লেক্সটি শত্রুর আক্রমণের শিকার হয়েছে। নুড়ি অঞ্চলে জন্ম নেওয়া ‘আনা’ নামক এক নারীর নামানুসারে এ দুর্গটির নাম রাখা হয়েছে আনানুরি। এর ভেতরে একটি গোপন সুড়ঙ্গ রয়েছে।

স্থানীয় অধিবাসীরা বহির্শত্রুর আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে এ সুড়ঙ্গ পথ তৈরি করছিলেন। হঠাৎ করে বাইরে থেকে আসা শত্রুরা এ অঞ্চলে আক্রমণ করলে তারা এ সুড়ঙ্গ পথ ধরে অন্যত্র পালিয়ে যেতেন।

এছাড়াও বহির্শত্রুর হাতে বন্দি হওয়া গ্রামবাসীদের কাছে প্রয়োজনীয় খাদ্য ও পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতেও এ গোপন সুড়ঙ্গ পথ ব্যবহার করা হতো। আনা তার জীবনের বিনিময়ে এ সুড়ঙ্গ পথটিকে রক্ষা করেছিলেন। শত্রুরা তাকে বন্দি করে এবং তার থেকে এ গোপন রাস্তা সম্পর্কে জানার চেষ্টা করে। আনাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়, কিন্তু আনা শেষ পর্যন্ত তাদেরকে কোনো ধরণের তথ্য সরবরাহ করার পরিবর্তে সরাসরি আত্মাহুতি দেন। তাই তার সম্মানে এ ফোরট্রেসের নাম রাখা হয় ‘আনানুরি’।

দুইটি দুর্গের সমন্বয়ে আনানুরি কমপ্লেক্স। এর মধ্যে একটি দুর্গের নাম শেউপোভারি। শেউপোভারির উপরিভাগকে আমার কাছে বর্গাকার মনে হয়েছে। এ দুর্গটি আজও অক্ষত রয়েছে, তবে আনানুরি কমপ্লেক্সের ভেতরে থাকা অপর দুর্গটি কালের পরিক্রমায় এবং বহির্শত্রুর আক্রমণে অনেকাংশে ধ্বংস হয়ে গিয়েছে। গোলাকার চূড়াবিশিষ্ট এ দুর্গটি তাই কেবল অতীতের দিনগুলোকে স্মরণ করিয়ে দেয়।

এছাড়াও কমপ্লেক্সের মধ্যে অবস্থিত অন্যান্য ভবনের রয়েছে দুটি অর্থোডক্স চার্চ।  এর মধ্যে সবচেয়ে পুরানো চার্চটি সপ্তদশ শতাব্দীতে নির্মিত। ইটের তৈরি এ চার্চটির উপরিভাগকেও বর্গাকার দেখায়। কয়েকজন স্থানীয় শাসককে এ চার্চের পাশে সমাহিত করা হয়েছে। ফোরট্রেস কমপ্লেক্সের ভেতরে থাকা অপর চার্চটি আয়তনের দিক থেকে বেশ বড়। এ কারণে এ চার্চটিকে ‘গ্রেটার চার্চ অব দ্য মাদার অব গড’ নামে ডাকা হয়।

আনানুরি ফোরট্রেস পরিদর্শন শেষে আমরা স্টেপানটস্মিদার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। যাত্রাপথে নিনো আমাদের মিনিবাসের ড্রাইভারকে এক রেস্তোরাঁর সামনে থামতে বললেন। দুপুরের খাবারটা সেখানে সেরে নিলাম। কিঙ্কালি, খাচাপুরি ও ভেড়ার মাংসের কাবাবের সমন্বয়ে মধ্যাহ্নের ভোজটা অসাধারণ ছিল। পানীয় হিসেবে ছিল জর্জিয়ার বিখ্যাত লেমোনেড।  কিঙ্কালি এবং খাচাপুরি জর্জিয়ার সবচেয়ে ঐতিহ্যবাহী দুইটি খাবার। কিঙ্কালির সাথে নেপালের বিখ্যাত খাবার মমোর অনেকাংশে সাদৃশ্য রয়েছে। অন্যদিকে খাচাপুরিকে জর্জিয়ান পিজ্জার সাথে তুলনা করা যায়। ময়দার তৈরি খামিরের ওপর বিভিন্ন ধরনের পনির দিয়ে একে ওভেনে বেইক করে চুলায় সেঁকে তৈরি হয় খাচাপুরি।

জর্জিয়ানরা নিজস্ব স্টাইলে কাবাব তৈরি করে। তবে জর্জিয়ান কাবাব তুর্কি, পারস্য কিংবা লখ্নৌতে তৈরি হওয়া কাবাবের মতো একেবারে তুলতুলে ও নরম নয়। কিছুটা শক্ত প্রকৃতির। কাবাবের ওপর পাতলা রুটি মুড়িয়ে জর্জিয়ানরা কাবাব পরিবেশন করে। নিনোর পরামর্শে ভেড়ার মাংসের কাবাব অর্ডার করেছিলাম। কাজবেগিসহ আশেপাশের পর্বতময় অঞ্চলগুলো উৎকৃষ্ট জাতের ভেড়া উৎপাদনের জন্য গোটা দেশজুড়ে বেশ বিখ্যাত।

এছাড়াও পাহাড়ের গা ঘেঁষে প্রবাহিত নদী ও লেইকগুলো ট্রট মাছের অভয়াশ্রম। নিনো আমাদেরকে এ মাছের সাহায্যে রান্না হওয়া পদ থেকে যেকোনও একটি চেখে দেখার পরামর্শ দিয়েছিলেন।

দুপুরের খাবার শেষ করে আমরা সবাই মিনিবাসে স্টেপানটস্মিদার পথে যাত্রা শুরু করলাম। পৌঁছানোর আগে আমাদের মিনিবাস আরও এক জায়গায় এসে থামলো। মিনিবাস থেকে বের হতে না হতে এক বিস্তীর্ণ জলরাশিকে কালো ও সাদা এ রঙে বিভক্ত হয়ে প্রবাহিত হতে দেখলাম। নিনো জানালেন, ককেশাস পর্বতমালার দক্ষিণের ঢাল বেয়ে উৎপন্ন হওয়া আরাগভি নদী এ স্থানে এসে দুই অংশে বিভক্ত হয়েছে। সাদা অংশের নাম ‘টেটরি আরাগভি’ বা ‘হোয়াইট আরাগভি’ এবং কালো অংশের নাম ‘শাভি আরাগভি’ বা ‘ব্ল্যাক আরাগভি’।

নদীর তলদেশে স্যান্ডস্টোন থেকে শুরু করে স্লেট ও চুনাপাথরের উপস্থিতি আরাগভি নদীর দুই অংশকে দুই ভিন্ন বর্ণে বিভক্ত করেছে। মজার বিষয় হচ্ছে, আরাগভি নদীর এ দুই অংশের জলপ্রবাহ কখনও একে অপরের সাথে মিলিত হয় না। সব সময় দুই রঙের দুইটি ভিন্ন স্তর গঠনের মাধ্যমে স্বতন্ত্রভাবে তারা প্রবাহিত হয়।

তেল কিংবা প্রাকৃতিক গ্যাসে জর্জিয়া স্বয়ংসম্পূর্ণ নয়, দেশটিতে প্রয়োজনীয় জ্বালানি সরবারহ আসে প্রতিবেশি দেশ আজারবাইজান থেকে। তবে আরাগভি নদীর পানিকে জর্জিয়ানরা অমূল্য প্রাকৃতিক সম্পদ হিসেবে বিবেচনা করেন। তাদের মতে, এ নদী নাকি এ পৃথিবীর মধ্যে সবচেয়ে সুমিষ্ট স্বাদু পানির উৎস। নিনো জানান, ইউএসএসআর পরবর্তী সময়ে কোকোকলা জর্জিয়াতে তাদের ফ্যাক্টরি স্থাপন করে। এক সময় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অসংখ্য পর্যটক নাকি জর্জিয়াতে বেড়াতে আসতেন শুধু মাত্র জর্জিয়াতে উৎপন্ন হওয়া কোকাকোলার স্বাদ নিতে। আমেরিকানদের মতে, দেশটিতে উৎপাদিত কোকাকোলা নাকি স্বাদের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রস্তুত হওয়া কোকাকোলা থেকেও এগিয়ে ছিল! নিনোর দাবি, আরাগভি নদীর সুমিষ্ট জল জর্জিয়াতে উৎপন্ন হওয়া কোকাকোলার স্বাদকে ভিন্নমাত্রা দিয়েছিল।

ব্ল্যাক এবং হোয়াইট আরাগভির সৌন্দর্য উপভোগ শেষে আমরা গুদাউড়ির রাস্তা ধরে এগিয়ে যেতে থাকি। আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে গুডাউরি অন্যতম, লেখার শুরুতে যে ধরণের প্ৰাকৃতিক দৃশ্যের বর্ণনা দিয়েছিলাম তা মূলত এ গুদাউড়ি থেকে শুরু হয়। এ সব পাহাড়ি অঞ্চলের পরিবেশ মেষ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গবাদি পশু পালনের জন্য বেশ উপযোগী, তাই এ অঞ্চলের রাস্তা ধরে ছুটতে থাকলে হরহামেশা মেষ কিংবা গরুর পালের দেখা পাওয়া যায়।

শীতকালে গুদাউড়ি ‘স্কি রিসোর্ট’ এ পরিণত হয়। প্যারাগ্লাইডিংয়ের প্রতি যাদের আসক্তি রয়েছে তাদের জন্যও গুডাউরি আদর্শ এক স্থান। পথিমধ্যে মিনিবাস থামিয়ে নিনো আমাদের সাথে এক ভদ্রমহিলার পরিচয় করিয়ে দিলেন। তিনি মূলত মধু উৎপাদনের মাধ্যমে জীবিকা নির্ভর করেন। ভদ্রমহিলার পরিবার প্রায় দুই শ বছর ধরে মধু উৎপাদনের সাথে জড়িত। কিভাবে সত্যিকারের মধু শনাক্ত করা হয় সেটি তার কাছ থেকে শিখতে পেরেছি। তার কাছে চার ধরনের ভিন্ন স্বাদের মধু ছিল। আমাদের সবাইকে তিনি তার মধু চেখে দেখার সুযোগ দিলেন।

একদল দাবি করেন, পৃথিবীতে সর্বপ্রথম ওয়াইন উৎপাদনকারী দেশের নাম জর্জিয়া। একই সাথে দেশটিতে মধু উৎপাদনের ইতিহাসও কয়েক হাজার বছরের পুরোনো। জর্জিয়ানদের কাছে মধু লিকুইড গোল্ড হিসেবে সমাদৃত।

২০০৮ সাল থেকে জর্জিয়াতে ক্রমশ বিদেশি পর্যটকের ভিড় বাড়ছে। আবাসন ও জমির ব্যবসায়ে বিনিয়োগের জন্য তুরস্ক, রাশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অসংখ্য ব্যবসায়ীর কাছে দেশটি এখন নয়নের মণি হয়ে উঠেছে।

স্টেপানটস্মিদাতে পৌঁছাতে আধুনিক স্থাপত্যশৈলীর আদলে নির্মিত ঘরবাড়ি, রেস্তোরাঁ ও হোটেলের দেখা পেলাম। স্টেপানটস্মিদা থেকে রাশিয়ার সীমান্তের দূরত্ব খুব একটা বেশি নয়, তাই জর্জিয়ার মধ্য দিয়ে এ রুট দিয়ে রাশিয়া থেকে যে সব ট্রাক আর্মেনিয়া, আজারবাইজান, তুরস্ক ও ইরানসহ বিভিন্ন প্রতিবেশী দেশের উদ্দেশ্যে যাতায়াত করে সে সকল ট্রাকের চালকদের বিশ্রামের জন্য সরাইখানা রয়েছে। 

‘স্টেপানটস্মিদা’ শব্দটি এসেছে স্টেফান নামক এক ধর্মযাজকের নাম থেকে। ‘স্টেপানস্মিদা’ মূলত কাজবেগি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সেন্টার হিসেবে পরিচিত। ককেশাস অঞ্চলের সাহিত্যে আলেকজান্ডার কাজবেগি এক সুপরিচিত নাম। আলেকজান্ডার কাজবেগির জন্ম স্টেপানটস্মিদাতে।

সোভিয়েত আমলে তার নাম অনুসারে পুরো মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম কাজবেগি করা হয়। ইউরেশিয়া অঞ্চলের সবচেয়ে উঁচু পর্বতের মাঝে একটি হচ্ছে কাজবেগি, এ পর্বতেরও নামকরণ করা হয়েছে আলেকজান্ডার কাজবেগির নামানুসারে। কাজবেগির সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা প্রায় ১৬ হাজার ৫৮১ ফুট। তবে কাজবেগির মূল আকর্ষণ হচ্ছে ‘হলি ট্রিনিটি’ নামক এক বিশেষ অর্থোডক্স চার্চ।

স্থানীয় অধিবাসীরা একে ‘টিসিমেন্ডা সামেবা’ নামে সম্বোধন করেন। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭১২০ ফুট উচ্চতায় কাজবেগি পর্বতের কোলে গড়ে উঠা ‘গেরগেটি’ নামের একটি ছোট্ট গ্রামকে চার্চটি নির্মাণ করা হয়েছে।  চার্চে পৌঁছাতে হলে দেড় থেকে দুই ঘণ্টার মতো পাহাড়ের ঢাল বেয়ে পায়ে হেঁটে ওপরে উঠতে হয়। যারা ট্র্যাকিং কিংবা হাইকিংয়ে অভ্যস্ত নন, তারা মিনিবাস কিংবা গাড়ির সাহায্যে পুরো পথ পাড়ি দিতে পারেন।

আনুমানিক চতুর্দশ শতাব্দীতে এ চার্চটি নির্মাণ করা হয়েছিল। এটি একই সাথে ধর্মীয় উপাসনালয় এবং আশ্রম হিসেবে কাজ করছে। সার্বিয়া, গ্রিস, বুলগেরিয়া ও মেসিডোনিয়াসহ পূর্ব ইউরোপের দেশগুলোতে অবস্থিত অর্থোডক্স চার্চগুলোর তুলনায় জর্জিয়াতে অবস্থিত অর্থোডক্স চার্চগুলো স্থাপত্যশৈলীর দিক থেকে বেশ ভিন্ন। আমার দৃষ্টিতে জর্জিয়াতে থাকা অর্থোডক্স  চার্চগুলোকে আকৃতিগত দিক থেকে বেলনাকার এবং সরু মনে হয়েছে। তাছাড়া এসব চার্চের উপরিভাগের গম্বুজগুলো অর্ধ-গোলাকৃতির বদলে আইসক্রিমের কোণের মতো। হলি ট্রিনিটি চার্চ থেকে অপরূপ রূপে ককেশাস পর্বতমালার সৌন্দর্য আমাদের সকলের চোখের সামনে ধরা দেয়। কাজবেগির সর্বোচ্চ শৃঙ্গকেও এখান থেকে দেখা যায়।

শরতের দিন হওয়ায় এ সকল পর্বতমালা হলুদ, সবুজ ও কমলা এ তিনের মাঝামাঝি এক রং ধারণ করেছিল। পাহাড়ের উপরিভাগে তুষার জমেছিল। চার্চ থেকে দাঁড়িয়ে পাহাড়ের পাদদেশে থাকা ঘর-বাড়ি ও দালানকোঠাগুলোকে লেগোর মতো মনে হচ্ছিলো।

চার্চের ভেতরের দৃশ্য ছিল বেশ নজরকাড়া, অর্থোডক্স চার্চগুলো সব সময় ইন্টেরিয়রের তৈলচিত্রের জন্য বিখ্যাত। তবে কর্তৃপক্ষের অনুমতি না থাকায় চার্চের ভেতরে ছবি তোলা সম্ভব হয়নি। যদিও টেও জর্জিয়ার অধিবাসী, তবুও এর আগে তিনি কখনও কাজবেগিতে আসেন নি। চারপাশের সৌন্দর্য তাকে এতোটা বিমোহিত করেছিল যে তিনি আমাকে বললে লাগলেন, "রাকিব, একটা বাড়ি এখানে বাকি জীবনটা স্টেপানটস্মিদাতে কাটিয়ে দিলে কেমন হয়?"

টেও- এর প্রশ্নের কোনো উত্তর আমার জানা ছিল না। তবে এতো সুন্দর একটা জায়গাকে ছেড়ে যাওয়ার কথা ভেবে আমারও মন খারাপ হচ্ছিল।

লেখক: শিক্ষার্থী, ব্যাচেলর অব সায়েন্স ইন ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স, ইউনিভার্সিটি অব নোভা গোরিছা, স্লোভেনিয়া।

লেখকের ইমেইল: rakib.rafi786@gmail.com

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!