স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: সিডনিতে বাংলাদেশের মানব পতাকা
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে অস্ট্রেলিয়ার মিলিত হয়েছিল সেখানে বসবাসরত বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে পাস করা প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনগুলো, যে অনুষ্ঠানে ভিন্নমাত্রা তৈরি করে অংশগ্রহণকারীদের নিয়ে তৈরি বাংলাদেশের মানব পতাকা।
অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকস টাউনের পল কিটিং পার্কে স্থানীয় সময় শনিবার ‘অল অ্যালামনাই ইভেন্ট’ শিরোনামে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনগুলো স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করে।
অনুষ্ঠানে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, খুলনা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।
বিকাল ৪টায় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনন্দঘন পরিবেশে উৎসব শুরু হয়। বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের কনস্যুলেট জেনারেল এবং আয়োজনের প্রধান অতিথি খন্দকার মাসুদুল আলম।
এতে আরো অংশ নেন, ‘অল অ্যালামনাই ইভেন্ট’ এর আহ্বায়ক মোস্তফা আব্দুল্লাহ, সহ-আহ্বায়ক চিকিৎসক এজাজ চৌধুরী, খালেদা কায়সার, কাউন্সেলর মাসুদ চৌধুরী, কাউন্সেলর সুমন সাহা এবং কাউন্সেলর সাজেদা আক্তার সানজিদা।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নিউ সাউথ ওয়েলস প্রদেশের ‘ইস্ট হিলস’ আসনের এমপি ওয়েন্ডি এলিজাভেথ লিন্ডসে। তিনি শুভেচ্ছা বক্তৃতায় বাংলাদেশের স্বাধীনতাকে পৃথিবীর ইতিহাসে অন্যতম বিরল ও কষ্টার্জিত বলে উল্লেখ করেন। তিনি সকল বাংলাদেশিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জানান।
এছাড়াও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রকাশিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার আলোকে রচিত গল্প, কবিতা, প্রবন্ধের সমন্বয়ে তৈরি একটি স্মরণিকা নাম ‘সুবর্ণ বন্ধন’। মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনের বিষয়বস্তুকে সামনে রেখে নতুন প্রজন্মের বাংলাদেশি-অস্ট্রেলিয়দের চিত্রাঙ্কন ছিল আরেকটি বিশেষ অর্জন।
উৎসবের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান বিকাল ৬টায় শুরু হয়ে রাত সাড়ে ১০ পর্যন্ত চলে।
সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে ‘স্বাধীনতার ৫০ বছর পূর্তি’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন নিলুফার শায়লা সুহিন।
এ পর্বে শিশু-কিশোররা অংশ নেয় কবিতা আবৃত্তি, নাটক ও গানে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা পরিবেশন করেন দেশাত্ববোধক কবিতা, গান, নাটিকা, গীতি আলেখ্য।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ফ্যাশন-শোতেও ফুটে ওঠে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা। সব শেষে সুপার ব্যান্ড পরিবেশন করে বাংলাদেশের জনপ্রিয় সব গান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
