বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সুবর্ণ জয়ন্তীতে আবুধাবিতে মৈত্রী দিবস উদযাপন
বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের সুবর্ণ জয়ন্তীতে দিল্লি এবং ঢাকা ছাড়াও বিশ্বের আরও ১৮টি শহরে উদযাপনের ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতেও ‘মৈত্রী দিবস’ পালন করা হয়েছে।
দেশটির রাজধানী আবুধাবির কনরাড আবুধাবি এতিহাদ হোটেলে স্থানীয় সময় সোমবার রাতে দুই দেশের দেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে।
এতে মুক্তিযুদ্ধে বাংলাদেশ এবং ভারতের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর ও ভারতের রাষ্ট্রদূত সুঞ্জয় সুধির দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত তার বক্তব্যে দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে ভারত সরকার ও দেশটির জনগণের স্বতঃস্ফূর্ত সহমর্মিতা এবং নিঃস্বার্থ সহযোগিতার কথা উল্লেখ করেন।
রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর বলেন, “বাংলাদেশের মাটিতে লক্ষ লক্ষ শহীদের রক্তের সাথে মিশে গেছে ভারতের ১৮ হাজার শহীদের রক্ত; যা আমাদের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছে এবং দৃঢ় ভিত্তিমূল স্থাপন দিয়েছে দুই দেশের বন্ধুত্বকে।”
বক্তৃতায় তিনি জানান, ভারতীয় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ সরকার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী আশুগঞ্জে একটি যুদ্ধস্মারক নির্মাণ করছে।
বাংলাদেশের রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন, ২০২১ সাল উভয় দেশের বন্ধুত্বের একটি মাইলফলক বছর হয়ে থাকবে, কেননা বাংলাদেশ যেমন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে তেমনি বাংলাদেশ ও ভারত উভয় দেশই তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর উপলক্ষে বিশ্বের নানা প্রান্তে ‘মৈত্রী দিবস’ উদযাপন করছে।
৫০ বছরের দ্বিপাক্ষিক সম্পর্কের পরিক্রমায় উভয় দেশ নিরাপত্তা, বিদ্যুৎ, ব্যবসা, জ্বালানী, যোগাযোগ ব্যবস্থার সংযোগ, প্রতিরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা ও শিক্ষাসহ নানা বিষয়ে পারস্পরিক সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে, যার ফলে বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ১০ বিলিয়ন ডলার।
এসময় তিনি বলে, “বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদূরপ্রসারী ও নতুন মাত্রা নেবে।”
ভারতের রাষ্ট্রদূত সুঞ্জয় সুধির তার বক্তব্যের শুরুতেই বাংলাদেশের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান মৈত্রী দিবসের অনুষ্ঠান আয়োজনের জন্য।
তিনি বলেন, “দুই দেশের মৈত্রীর সূচনা হয়েছিল মহান মুক্তিযুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের মাধ্যমে অভিন্ন আত্মত্যাগ স্বীকার করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সোনালী অধ্যায় পার করছে এবং বাংলাদেশের এই অগ্রযাত্রায় ভারত অবদান রাখতে পেরে গর্বিত এবং আনন্দিত। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে যে ভারত-বাংলাদেশ মৈত্রী রচিত হয়েছিল, তা ভবিষ্যতে আরও বেগবান হবে।”
অনুষ্ঠানে আলোচনা পর্বের পাশাপাশি বাংলাদেশ ও ভারতের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক উপস্থাপনাও ছিল।
এতে বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রদূত ছাড়াও সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বাংলাদেশ-ভারতের কূটনীতিক, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বাংলাদেশ ও ভারতের প্রবাসী কমিউনিটির উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি উপস্থিত ছিলেন।
১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ভারত। উল্লেখ্য চলতি বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ ডিসেম্বরকে ‘মৈত্রী দিবস’ হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
