ভ্রমণ কাহিনি: মাউন্ট ফুজি জয়, পর্ব ১
জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় একশ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে হনশু দ্বীপে তুষার-আবৃত হয়ে একাকী ঠায় দাঁড়িয়ে আছে একটি সুউচ্চ ঘুমন্ত আগ্নেয়গিরি, এটি বিশ্বজুড়ে ‘মাউন্ট ফুজি’ নামে পরিচিত।
‘মাউন্ট ফুজি’ বা ‘ফুজি সান’ জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, এর উচ্চতা ৩ হাজার ৭৭৬ মিটার বা ১২ হাজার ৩৮৯ ফুট। শুধু তাই নয়, ফুজি সান এশিয়ার যে কোন দ্বীপে অবস্থিত দ্বিতীয় সর্বোচ্চ আগ্নেয়গিরি, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে মাউন্ট কেরিন্সি-এর পর। এটি পৃথিবীর যে কোন দ্বীপে অবস্থিত সপ্তম সর্বোচ্চ শিখর। এছাড়া এটি জাপানের তিনটি পবিত্র পর্বতের মধ্যে একটি, তাই জাপানিরা ফুজি সান-কে সম্মান করে থাকে।
জাপানিদের কাছে ‘ফুজি সান’ কেবল একটি ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরি বা পর্বত নয়, জাপানের ইতিহাস জুড়ে সমস্ত জাপানি জনগণের জন্য একটি সাহসের উৎস হওয়ার পাশাপাশি অন্যতম জাতীয় ঐতিহ্যের প্রতীকও বহন করে এটি। তাইতো জাপানের শিল্পকলা ও স্থিরচিত্রে প্রায়শই ঘুমন্ত এ আগ্নেয়গিরিকে দেখা যায়। এমনকি গ্রীষ্মকালের আতশবাজি উৎসব ‘হানাবির’ রাতে নিকষ কালো আকাশে ঝলমলে আতশবাজি দিয়েও ফুজি সান-এর আকৃতি বানাতে দেখেছি। ইতিহাস বলে ১৭০৭-১৭০৮ সালের দিকে শেষবারের মত এখানে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছিল।
পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা দেখে আমাদের মনে বিস্ময় জাগে। আমার কাছে মাউন্ট ফুজি এমনই এক অপার বিস্ময়ের নাম। ছোটবেলায় মাউন্ট ফুজির ছবি দেখলেও চোখের সামনে দেখেছি চার বছর আগে যেদিন প্রথম জাপানে এসেছিলাম। উড়োজাহাজে বসে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের ঠিক আগ মুহূর্তে সাদা তুষারে আবৃত একটি পর্বত দেখে আমার সেদিন বুঝতে বাকি ছিল না যে এটিই ‘মাউন্ট ফুজি’।
ফুজি শিবাসাকুরা উৎসবে আমরা চার ফুজিপ্রেমী
কিন্তু কেন যেন প্রায় ১২৬ কিলোমিটার থেকে এভাবে শহুরে দালানের ফাঁক দিয়ে এক ঝলকের দেখায় আমার সাধ মিটতো না। শুধু আমি নই, আমার মত আরও তিন ফুজিপ্রেমী সুমন ভাই, অর্থী আপু আর সোহাগও একই অবস্থা ছিল। তাইতো মাউন্ট ফুজিকে খুব কাছ থেকে নয়নভরে উপভোগ করেতে ২০১৮ সালের নভেম্বর মাসে আমরা চারজন চলে যাই লেক কাওয়াগুচি-তে। মাউন্ট ফুজির চারপাশে অবস্থিত পাঁচটি লেকের মধ্যে লেক কাওয়াগুচি অন্যতম। কালচে নীল জলে টইটম্বুর শান্ত সরোবরে শুভ্র-ধবল বরফে আচ্ছাদিত মাউন্ট ফুজির প্রতিচ্ছবি যেন সরোবরের সৌন্দর্যকে এক অন্য মাত্রায় নিয়ে গেছিল। আমরা সেদিন ফুজি সান-কে অন্যরূপে দেখেছিলাম। পরের বছর আমরা মাউন্ট ফুজিকে আবার দেখতে গিয়েছিলাম ফুজি শিবাসাকুরা উৎসবে। কিন্তু আমাদের কপাল খারাপ থাকায় সেদিন ফুজি সান মেঘের আড়ালে লুকিয়ে ছিল। বেশ মন খারাপ হয়েছিল আমাদের।
জাপানের এই সর্বোচ্চশৃঙ্গ জয় করার স্বপ্ন দেখতে শুরু করি জাপানে আসার পর থেকেই। সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে দেশি-বিদেশি সব বন্ধুকেই ‘মাউন্ট ফুজি’ আরোহনের নিমন্ত্রণ দিতাম। যেহেতু সামিট বা শিখর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩.৭৮ কিলোমিটার উপরে, তাই অনেকেই ওখানে উঠার সাহস সঞ্চয় করতে পারত না। আর আমি নিজেও একা যেতে সাহস পেতাম না। কারণ আমার কোন পর্বত আরোহনের পূর্ব অভিজ্ঞতা নেই।
‘শিক্ষার্থী দম্পতি’ নামে বেশ পরিচিত সুমন ভাই আর অর্থী আপু হঠাৎ একদিন আমার ডাকে সাড়া দেয়, সঙ্গে যুক্ত হন মুস্তাফিজুর সুমন ভাই। আমাদের চারজনের লক্ষ্য ছিল দুটা। এক- মাউন্ট ফুজির চূড়ায় উঠে সূর্যোদয় দেখবো আর দুই- জাপানের সর্বোচ্চশৃঙ্গে উঠে লাল-সবুজের পতাকা উড়াবো। যেই কথা সেই কাজ। খুব দ্রুত আমাদের মাউন্ট ফুজি আরোহনের জন্য সব প্রকার বুকিং শেষ করে কাঙ্ক্ষিত দিনের জন্য অপেক্ষা করতে থাকলাম। আর এর মাঝে আমরা পর্বত আরোহনের জন্য প্রস্তুতি সেরে নিলাম। সবচেয়ে বড় যে প্রস্তুতি নিয়েছিলাম তা হলো মানসিক প্রস্তুতি। আর এই মানসিক দৃঢ়তায় আমাদের ‘মাউন্ট ফুজি’ সামিট করতে সাহস যুগিয়েছিল।
যাত্রাপথে ক্যামেরায় ফুজি সান
গত মাসের তৃতীয় সপ্তাহে খুব ভোরে আমরা রওনা হয়ে যাই টোকিওতে অবস্থিত শিনজুকু পোস্ট অফিসের উদ্দেশ্যে। কারণ সকাল সাতটা বেজে চল্লিশ মিনিটে সেখানে ট্যুর কোম্পানির অফিস থেকে আমাদের ট্যুরের যাবতীয় কাগজপত্র ও টিকিট সংগ্রহ করতে হবে। আমরা সবকিছু বুঝে নেওয়ার কিছুক্ষণ পর একজন গাইড আমাদেরসহ আরও যাত্রীদের নিয়ে বাসের উদ্দেশ্যে হাঁটতে থাকে।
আমাদের বাসে উঠিয়ে উনি জাপানি ভাষায় বেশ কিছু নির্দেশনা দিতে লাগলেন। আমি জাপানি ভাষায় পারদর্শী না হওয়ায় মুস্তাফিজ ভাই আমাকে বাংলায় বুঝিয়ে দিলেন। যাবতীয় নির্দেশনা দেওয়া শেষ হলে বাস আমাদের নিয়ে টোকিও নগরীর ব্যস্ত কোলাহল পাশ কাটিয়ে পাহাড়-পর্বতের বুক চিরে ছুটে যেতে লাগলো মাউন্ট ফুজির পঞ্চম স্টেশনের উদ্দেশ্যে।
চলবে…
লেখক: পিএইচডি শিক্ষার্থী, চিবা বিশ্ববিদ্যালয়, জাপান
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
