কানাডার ক্যালগারিতে আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশ
অগাস্টের শেষ সপ্তাহে কানাডার অনেকগুলো শহর একসঙ্গে উৎসবে মেতে ওঠে। টরন্টোর ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের মতো না হলেও ক্যালগারির এলিস্টন পার্কে উন্মুক্ত আকাশের নিচে বিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠী যে বিশাল আনন্দযজ্ঞে করে, তাকে কোনোদিক দিয়েই টরন্টোর চেয়ে কম বলা যাবে না।
‘গ্লোবাল ফেস্টিভ্যাল’ নামে এ অনুষ্ঠানটি ক্যালগারিবাসীকে টেনেছে বরাবর। গত বছর কোভিড-১৯-এর কারণে অনুষ্ঠিত হয়নি, এবারও হবে কি হবে না, সেরকম একটা আশঙ্কা ছিল। জুলাইয়ে আলবার্টা প্রদেশের কোভিড-১৯ পরিস্থিত উন্নত হয়ে গেলে সরকারের তরফে মধ্য জুলাই থেকে সব ধরণের বিধিনিষেধ তুলে নেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে বিশাল লেকের দক্ষিণ-পশ্চিমের বিস্তির্ণ জায়গাজুড়ে ৪টি স্টেজ, আর তাকে ঘিরে হাজার হাজার মানুষ বসেছিল বিকেল থেকেই। সন্ধ্যা ৭টায় সাউথ বল স্টেজে ‘হৃদয়ে বাংলাদেশ’-এর প্রথম পরিবেশনা। দলনেতা অবসরপ্রাপ্ত মেজর মিজানের সঙ্গে ‘ওরা ১১ জন’ বাংলাদেশের লাল-সবুজ রঙ নিয়ে হাজির। স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি ব্যানারটি মঞ্চের শোভা যেন বাড়িয়ে দিয়েছে বহুগুণে।
মুনতাহাদের শেষ পরিবেশনা ছিল ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’। বহু দেশের মানুষ, ভাষা না বুঝেও সেই গানের টানে মঞ্চের সামনে নাচানাচি করছিল। এমন দৃশ্য বাংলাদেশিদের চোখে জল আনতে বাধ্য। বাঙালি যে জাতিগতভাবেই আবেগপ্রবণ। সর্বশেষ অনুষ্ঠান হয় ভিলেজ স্টেজে, সেখানে রাত্রীসহ ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা তাদের পরিবেশনা দিয়ে দর্শকদের মুগ্ধ করে রাখে রাত সাড়ে ৯টায় আতশবাজি শুরু হওয়া অবধি।
কথা হচ্ছিল ‘হৃদয়ে বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা নাসরীন আখতারের সঙ্গে। গত ৮ বছর ধরে এ গ্লোবাল ফেস্টিভ্যালে অংশ নিয়ে আসছে তার প্রতিষ্ঠান। কোভিডের সীমাবদ্ধতার কারণে প্রস্তুতি তেমন নিতে পারেননি, তেমন একটা আক্ষেপ তার কথায়। যদিও মঞ্চে তার কোন প্রভাব দর্শকদের নজরে পড়েনি। গ্লোবাল ফেস্টিভ্যাল যেন বাংলাদেশময় হয়ে উঠেছিল।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
