২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় চালু হচ্ছে ‘বঙ্গবন্ধু রিসার্চ অ্যাওয়ার্ড’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক এবং আর্থ-সামাজিক দর্শন বিশ্বের কাছে পৌঁছে দিতে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর নামে একটি গবেষণা পুরস্কার প্রবর্তন করা হচ্ছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের মাধ্যমে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2021, 08:17 PM

Updated : 02 Aug 2022, 06:15 PM

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের ক্যালিফোর্নিয়া শাখা এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের মধ্যে শনিবার এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।

বঙ্গবন্ধু পরিষদের ক্যালিফোর্নিয়া শাখার কর্মকর্তারা সোমবার এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ‘বঙ্গবন্ধু রিসার্চ অ্যাওয়ার্ড’ চালুর কথা জানান।

বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি নজরুল আলম এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী রানা হাসান মাহমুদ। আর বিশ্ববিদ্যালয়ের পক্ষে সই করেন গবেষণা বিষয়ক ভাইস চ্যান্সেলর র‌্যান্ডি এইচ কাটজ, অ্যাসোসিয়েট ভাইস চ্যান্সেলর ফর রিসার্চ ন্যান্সি লুবিক ম্যাককিনি এবং সাউথ এশিয়া স্টাডিজ ইনস্টিটিউটের অন্তর্বর্তী পরিচালক জেস সুগ্যাতা র‌্যা। 

চুক্তি অনুযায়ী, গবেষণার কাজে ব্যবহারের জন্য বার্কলে ফাউন্ডেশনকে প্রতি বছর ২০ হাজার ডলার অনুদান দেবে বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখা।

বঙ্গবন্ধু অথবা বাংলাদেশের উপর গবেষণার জন্য আবেদন গ্রহণ করবে বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউট ফর সাউথ এশিয়া স্টাডিজ।

যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সকল স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স, পিএইচডির শিক্ষার্থী এবং সেসব বিশ্ববিদ্যালয়ের জুনিয়র ফ্যাকাল্টিরা গবেষণায় ইচ্ছা প্রকাশ করে আবেদন করতে পারবে।

বার্কলের গবেষণা বিষয়ক ভাইস চ্যান্সেলরের ডিপার্টমেন্ট এই গবেষণা তদারকি করবে। গবেষণা বিষয়ক যাবতীয় খরচ বঙ্গবন্ধু পরিষদের ক্যালিফোর্নিয়া শাখার দেওয়া অনুদান থেকে বহন করা হবে।

সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবং একুশে পদক প্রাপ্ত লেখক ড. নূরননবী বঙ্গবন্ধু পরিষদের ক্যালিফোর্নিয়া শাখার এই প্রকল্পকে ‘ঐতিহাসিক’ ঘটনা হিসেবে বর্ণনা করেন।

সংবাদ সম্মেলনে কথা বলেন বঙ্গবন্ধুর জীবন রক্ষা করতে গিয়ে প্রাণ দেওয়া বীর সৈনিক শহীদ কর্নেল জামিলউদ্দিন আহমদের মেয়ে আফরোজা জামিল কঙ্কা।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বঙ্গবন্ধুর সঙ্গে ছোটবেলার স্মৃতিচারণ করে তিনি বলেন, “বঙ্গবন্ধু ছিলেন এক বিশাল প্রাণের মানুষ। এর মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ এবং অবদান সারা বিশ্বের মানুষ জানতে পারবে।”

বঙ্গবন্ধু পরিষদের ক্যালিফোর্নিয়া শাখার প্রধান উপদেষ্টা মোমিনুল হক বাচ্চু, সভাপতি নজরুল আলম, সহসভাপতি প্রকৌশলী শহীদ আলম এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী রানা হাসান মাহমুদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, ক্যালিফোর্নিয়া শাখার প্রেসিডেন্ট তৌফিক সুলায়মান খান তুহিন, সহসভাপতি সিদ্দিকুর রহমান, যুগ্ম সম্পাদক জামিউল ইসলাম বেলাল, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মোহাম্মদ হোসেন রানা, বাফলার সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত রায়হান, বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক যীশু বড়ুয়া এবং মাহবুব মাসুদ।

সমাজসেবী ডা. কালী প্রদীপ চৌধুরী, বাংলাদেশ ইউনিটি ফেডারেশনের সভাপতি শিপার চৌধুরী, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলামও যুক্ত ছিলেন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে।