২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবির বাংলাদেশ দূতাবাস ও দুবাই কন্স্যুলেটে জাতীয় শোক দিবস পালন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং দুবাইয়ের কন্স্যুলেটে  জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2021, 12:18 AM

Updated : 10 Oct 2022, 06:12 PM

স্থানীয় সময় রোববার দিনটি স্মরণে আবুধাবিতে দূতাবাসে রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে এবং দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে নবনিযুক্ত কন্সাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে আলাদা আলাদাভাবে দুইটি জাতীয় শোক দিবসের  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবসে বাংলাদেশ দূতাবাস ভবনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা, জনতা ব্যাংক ও বাংলাদেশ বিমানের কর্মকর্তারা, বাংলাদেশ স্কুলের উপদেষ্টা, বঙ্গবন্ধু পরিষদ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নেতারা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিরা এবং বাংলাদেশি কমিউনিটির নেতৃস্থানীয়রাসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

সকালে আবুধাবির দূতাবাস ও বাংলাদেশ ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করণের মাধ্যমে জাতীয় শোক দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর ১৫ অগাস্ট নিহতদের স্মরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূতসহ দূতাবাসের সকল কর্মকর্তা।

পরে একে একে বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মহিলা সমিতি, জনতা ব্যাংক, বাংলাদেশ বিমান, বাংলাদেশ স্কুল, বঙ্গবন্ধু পরিষদ ও বাংলাদেশ সমিতি ইউএই-র পক্ষ হতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি প্রবাসীরাও তাদের ব্যক্তিগত শ্রদ্ধা নিবেদন করেন।

কোরআন হতে তেলাওয়াত এবং ১৫ অগাস্ট ঘাতকদের বুলেটের আঘাতে শহীদ জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,পররাষ্ট্রমন্ত্রী এবং  পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা।

এরপর ১৫ অগাস্টের পটভূমিতে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের একটি বড় অংশ জুড়ে ছিল অংশগ্রহণকারী অতিথিদের বঙ্গবন্ধুর জীবন ও দর্শনের উপর আলোচনা। আলোচনা পর্বে বক্তারা বাংলাদেশের স্বাধীকার আন্দোলন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ এবং বাঙালি জাতি গঠনে বঙ্গবন্ধুর নেতৃত্ব ও অবদানের কথা তুলে ধরেন।

এতে রাষ্ট্রদূত  মোহাম্মদ আবু জাফর তার বক্তব্যে বলেন, "বঙ্গবন্ধু হত্যার মত বেদনাবিধুর ও কলঙ্কময় ইতিহাস বিশ্বে আর কোথাও নেই।আজ বঙ্গবন্ধুর প্রদর্শিত পথেই তার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই জাতীয়  শোক দিবসে আমাদের অঙ্গীকার হোক বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও জনমানুষের জন্য ত্যাগ ও সংগ্রামের চেতনা বুকে ধারণ করে জাতীয় উন্নয়নে অবদান রাখার।"

এতে রাষ্ট্রদূত প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, আদর্শ ও দেশপ্রেম পৌঁছে দিতেও উপস্থিত প্রবাসীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বঙ্গমাতা এবং ১৫ অগাস্ট ১৯৭৫ এর সব শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!