চীনের চিঠি: দুই টাকায় পুরো শহর
হ্যাঁ, দুই টাকায় পুরো শহর। বলছি চীনের শহরগুলোর অভ্যন্তরীণ গণপরিবহন ব্যবস্থার কথা। যেখানে আপনি চীনা মুদ্রা দুই রেনমিনবিতে গণপরিবহনে পুরো শহর ঘুরতে পারবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ টাকা।
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য চীন সরকারের স্কলারশিপ নিয়ে আমি এদেশে আসি। প্রায় তিন বছর ধরে বসবাস করি চীনের চিয়াংশি প্রদেশের রাজধানী নানছাং শহরে। নিজের ব্যক্তিগত প্রয়োজনে হোক বা অন্যের প্রয়োজনে শহরের বিভিন্ন জায়গায় যেতে হয়। যাতায়াতের ক্ষেত্রে অধিকাংশ সময় ব্যবহার করি গণপরিবহন, অর্থাৎ সিটি বাস, মেট্রোরেল বা সাবওয়ে।
নানছাং শহরের গণপরিবহন ব্যবস্থায় সিটি বাস সার্ভিস এবং মেট্রোরেল যাকে আমরা পাতালরেলও বলি তা রয়েছে, এটি প্রাদেশিক সরকারের অধীনে পরিচালিত হয়। নানছাং পাবলিক ট্রান্সপোর্টে যানবাহনের জন্য ৩ হাজার আটশটিরও বেশি স্ট্যান্ডার্ড স্টেশন রয়েছে এবং প্রায় ৪ হাজার কিলোমিটারের অপারেটিং মাইলেজসহ ২১০টিরও বেশি রুটে বাস লাইন খুলেছে। এটি চীনের অন্যতম সম্পূর্ণ গণপরিবহন ব্যবস্থা, এটি একটি পাঁচতারা পরিসেবা বাস পরিচালনার ব্যবস্থাও।
নানছাং শহরের অভ্যন্তরীণ বিভিন্ন রুটে প্রাদেশিক সরকার কর্তৃক পরিচালিত সিটি বাস চলাচল করে। এক একটি রুটে এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত ১৫ থেকে ২০টি বা তারও বেশি স্টেশন রয়েছে। আপনি যে কোন স্টেশনে নামেন না কেন আপনাকে দুই আরএমবি চীনা মুদ্রা পরিশোধ করতে হবে। তবে শহরের কিছু জায়গার ভাড়া দূরত্ব ভেদে পাঁচ থেকে দশ আরএমবি হয়ে থাকে।
নানছাং শহরে একটি অভ্যন্তরীণ রুটে চালক গাড়ি চালাচ্ছে
পাতালরেলের লাইন-২ এর মোট দৈর্ঘ্য ২৩.৮ কিলোমিটার, যেখানে ২২টি স্টেশন রয়েছে এবং মোট বিনিয়োগের পরিমান হল ১৬০ বিলিয়ন ইউয়ান। লাইন-২ এর প্রথম পর্বের কাজটি সম্পন্ন হয় ২০১৭ সালের ১৮ অগাস্ট এবং যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। লাইন-৩ এর মোট দৈর্ঘ্য ২৮.৫ কিলোমিটার, যেখানে ২২টি স্টেশন রয়েছে। ২০২০ সালের ২৬ ডিসেম্বর এর প্রথম পর্বের কাজ শেষ হয় এবং যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। তাছাড়া লাইন-৪ এবং লাইন-৫ এর কাজ নির্মাণাধীন রয়েছে। তবে লাইন-৪ এর কাজ ২০২১ সালের শেষের দিকে সম্পন্ন হবে এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানা গেছে। পাতাল রেলের এক একটি লাইনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সর্বোচ্চ ভাড়া ৬ ইউয়ান, তবে দূরত্ব ভেদে ভাড়া কম বেশি হয়ে থাকে।
নানছাং শহরের সিটি বাস বা মেট্রোরেলে ভাড়া পরিশোধের জন্য রয়েছে স্বয়ংক্রিয় পেমেন্ট সিস্টেম যা কার্ডের মাধ্যমে করা যায়। তাছাড়া চাইনিজ পেমেন্ট গেটওয়ে আলি পে এর মাধ্যমে পরিশোধ করা যায়। চীনের অন্যান্য শহরেও একই ধরনের পেমেন্ট সিস্টেম রয়েছে। কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধের কিছু অতিরিক্ত সুবিধা আছে। যেমন সিটি বাসে একই রুটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের ভাড়া দুই ইউয়ান, সেক্ষেত্রে কার্ডের মাধ্যমে পরিশোধ করলে তা হবে ১.৫০ ইউয়ান, অর্থ্যাৎ ০.৫০ ইউয়ান কম পরিশোধ করতে হচ্ছে। আবার মেট্রোরেলে একই রুটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের ভাড়া ছয় ইউয়ান, সেক্ষেত্রে কার্ডের মাধ্যমে পরিশোধ করলে তা হবে ৫.৪০ ইউয়ান, অর্থ্যাৎ ০.৬০ ইউয়ান পরিশোধ করতে হচ্ছে না। কার্ডের মধ্যে আগে থেকে টাকা রির্চাজ করে রাখতে হয় এবং যে কোনো সময়ে তা খরচ করা যায়।
নানছাং শহরে পাতাল রেল লাইন-১ এর ম্যাপ, যেখানে স্টেশনগুলোর নাম লেখা আছে
‘বলা হয়, প্রতিটি গাড়িতে স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী রাখতে হবে। অর্ধেক যাত্রী নিয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। নিজের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ৬০ শতাংশ ভাড়া বাড়তি দেবেন যাত্রীরা। কিন্তু বাড়তি ভাড়া আদায় করা হলেও স্বাস্থ্যবিধির কোনো লক্ষণই দেখা যায় না রাজধানীর সড়কে।’
আসনের অর্ধেক যাত্রী নেওয়ার কথা থাকলেও আসন সংখ্যার প্রায় তিনগুণ যাত্রী উঠানো হলো। তারপরও ৬০ শতাংশ বাড়তি ভাড়া দাবি করছিলো চালকের সহকারী। কে না জানে বিশ্বব্যাপী মহামারীর জন্য দায়ী অদৃশ্য দানব করোনাভাইরাসের শুরুটা হয়েছিল চীনের হুপেই প্রদেশের উহান শহর থেকে। আবার চীন কীভাবে পরিস্থিতি সামাল দিয়েছে, তা কারও অজানা থাকার কথা নয়। কই চীনে তো গণপরিবহন ব্যবস্থায় কোন প্রভাব পড়েনি! এমনকি এক পয়সা ভাড়া বাড়ানো হয়নি!
করোনাভাইরাসের কারণে লোকজন ‘লকডাউন’ শব্দটা নতুন করে শিখেছে। কঠোর পদক্ষেপ নেওয়ার কারণে চীনে লাখ লাখ মানুষকে মৃত্যু আর আক্রান্ত হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে। চীনে করোনাভাইরাস এখন পুরোপুরি নিয়ন্ত্রণে, তারপরও গণপরিবহনে চলতে গেলে মাস্ক পড়তে হয়, শরীরের তাপমাত্রা চেক করতে হয় এবং গ্রিন কিউআর কোড দেখাতে হয়। যদিও সেসময় ব্যক্তির মৌলিক স্বাধীনতার লঙ্ঘন বলে প্রশ্নও তুলেছিলেন অনেকে। তবে প্রশ্ন হচ্ছে মৌলিক স্বাধীনতা কি জনগণের সার্বিক নিরাপত্তা বা সুরক্ষার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ?
পাতাল রেলের প্রবেশদ্বার, যেখানে নিরাপত্তা বাহিনি চেক করার পর রেলে প্রবেশ করার অনুমতি দেয়
নানছাং বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী মাহমুদুর রহমান রোকন বলেন, “আমি এ শহরের মাঝামাঝি থাকি, যাতায়াত বলতে সিটিবাস ও মেট্রো সাবওয়ে ব্যবহার করি। সিটিং সার্ভিস যানবাহনে ভাড়া চীনা মুদ্রায় মাত্র দুই ইউয়ান, যার রাস্তার দূরত্ব ২৫ কিলোমিটারের বেশি হবে। রাস্তায় বাসে বাসে কোন প্রতিযোগিতা নেই, নেই কোন জ্যাম।”
তিনি আরও বলে, “আমি যখন বাংলাদেশে ছিলাম তখন শ্যামলী থেকে নিউমার্কেট বাস ভাড়া সিটিং সার্ভিস ২০ টাকা করে নিত। যা ছিল নামে সিটিং কাজে নয়, উঠতে গেলে সেইরকম লোকযুদ্ধ করে বাসে উঠতে হয়। তারপর তো জ্যাম ও বাসে বাসে প্রতিযোগিতা, ফলে প্রতি বছর জনসাধারণ অঝরে হারায় অনেক জীবন।”
গত চার বছরে চীনের গণপরিবহনে এক পয়সাও ভাড়া বাড়ানো হয়নি এমনটিই জানিয়েছেন নানছাং শহরে অবস্থিত চিয়াংশি ইউনির্ভাসিটি অব ফাইন্স্যাস অ্যান্ড ইকোনমিক্স থেকে সদ্য স্নাতক পাশ করা শিক্ষার্থী মোহাম্মদ আকবর হোসেন। তিনি নানছাং শহরে চার বছর ধরে বসবাস করছেন। তিনি বলেন, “সরকারি বাস ছাড়া ব্যক্তি মালিকানাধীন কোম্পানি কর্তৃক কোন বাস চলে না। জনগণের জন্য সর্বোচ্চ সেবা দিতে তারা প্রতিজ্ঞ। শহরে দুর্ঘটনার সংখ্যা খুব কম। রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ নেই। সবাই ট্রাফিক নিয়ম-কানুন শতভাগ মেনে চলে। পরিবহন শ্রমিকদের কাছে এখানে জনগণ জিম্মি নয়।”
সাধারণ যাত্রীদের অভ্যন্তরীণ একটি রুট
পরিশেষে এ প্রত্যাশা করি, বাংলাদেশে মেট্রোরেল চালু হলে সময় বাঁচবে ও জনদুর্ভোগ কমবে। মুক্ত হবে প্রাণের রাজধানীতে সব প্রকার যানজট, পরিবহন ব্যবস্থা হবে নিয়ন্ত্রিত, উন্নত থেকে উন্নতর, হবে উন্নত রাষ্ট্রের গণপরিবহন ব্যবস্থার মতো নির্ভার। নির্মল হোক রাজধানীর আলো-বাতাস।
লেখক: চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্সের ডক্টরাল ফেলো
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
