ভ্রমণ কাহিনি: ইউরোপের আইন ও কিশোর অপরাধ
ভদ্রলোক গাড়ি স্টার্ট করতে গেলেন, কিন্তু স্টার্ট হলো না। অনেকক্ষণ ধরে অনেকবার চেষ্টা করলেন, কিছুতেই স্টার্ট করতে পারলেন না।
আর এদিকে আমি মনে মনে বলছি, সুইডেন সম্পর্কে অনেকদিন ধরে একটি খুব ভাল ধারণা পোষণ করে আসছিলাম। আজ থেকে মনে হয় ভিন্ন ধারণা পোষণ করতে হবে। আবার ভাবছি, ঠান্ডায় মনে হয় ইঞ্জিন জমে গেছে। সেজন্য স্টার্ট হচ্ছে না। যা হোক, আমি বুঝতে পারি আর নাই পারি ভদ্রলোক একটু মুচকি হাসি দিলেন। মনে হয় তিনি ঠিকই বুঝতে পারলেন কেন গাড়ি স্টার্ট হচ্ছে না।
ঘটনাটি সুইডেনের সড়ক দুর্ঘটনা রোধ করার অনেকগুলো উদ্যোগের মধ্যে একটি মাত্র। ব্যাপারটি একটু খোলাসা করে বলছি। সুইডেনে আসার পর, ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি কর্তৃপক্ষ প্রত্যেকটা স্টুডেন্টকে একটা হোস্ট ফ্যামিলির সঙ্গে অ্যাটাচড করে দেয়, যাতে করে সেদেশের কৃষ্টি-কালচার, ইতিহাস, তাদের সংস্কৃতির বিভিন্ন দিক ইত্যাদি সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি হয়।
আমার সঙ্গেও একটি হোস্ট ফ্যামিলি অ্যাটাচড করে দেওয়া হয়েছে। ওই ফ্যামিলির সদস্যরা আমার ফ্ল্যাটে আসত, আবার আমিও তাদের বাসায় যেতাম। তাদের বিভিন্ন সামাজিক ও পারিবারিক প্রোগ্রামে অংশ নিতাম। আর তারাও আমার ইউনিভার্সিটিতে আয়োজিত বিভিন্ন প্রোগ্রামে অংশ নিতো।
একদিন শনিবার আমাকে আমার হোস্ট ফ্যামিলি নিমন্ত্রণ করলো তাদের বাড়িতে। মালমো থেকে আমাকে ভদ্রলোক নিজে গাড়ি চালিয়ে তাদের বাড়ি লুন্ড শহরে নিয়ে আসলো। মালমো থেকে লুন্ডের দূরত্ব ২৫-৩০ মিনিটের রাস্তা। সেদিন খুব বেশি বৃষ্টি পড়ছিল। এমনিতে ঠান্ডার দেশ তার উপর বৃষ্টি হলে ঠান্ডা আরেকটু বেড়ে যায়।
যা হোক, তাদের বাসায় অনেক খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর সচরাচর সুইডিশরা তাদের শরীর গরম রাখার জন্য হার্ড ড্রিংস পান করে। যথারীতি ভদ্রলোক তার নিজস্ব পানিয় পান করলেন আর আমি যেহেতু ওসব পান করি না তিনি আমাকে অফার করলেন কোমল পানীয়। একটু পর খেয়াল করলাম, গৃহকর্তী মিসেস এলিজাবেথ গৃহকর্তাকে বেশি পান না করার অনুরোধ জানান।
তিনি আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে তাদের বাড়ির আনাচে-কানাচে দেখালেন। একটা রুমে গিয়ে হঠাৎ চোখ থমকে গেল। দেখলাম সেখানে অনেকগুলো সুভেনিয়র যা দেওয়ালে ঝুলিয়ে রাখা আছে। কিছু ইসলামিক ধাচের চিত্রকর্মও চোখে পড়ল। আমি তাকে জিজ্ঞেস করাতে তিনি বললেন, প্রতি বছর গ্রীষ্মে তারা বিভিন্ন দেশ ভ্রমণে বেরিয়ে পড়েন। আর যে দেশেই যান না কেন সেদেশের একটি করে চিত্রকর্ম সংগ্রহ করেন আর দেশে ফিরে এসে এই দেওয়ালে ঝুলিয়ে রাখেন।
আমি সবগুলো চিত্রকর্ম গণনা শুরু করলাম, সর্বমোট ৬৭টি দেখা গেল। আমি সত্যিই অভিভূত হলাম, আর মনে মনে বললাম যাক পৃথিবীতে ভ্রমণ পাগল আমার মতো আরো অনেকে আছে।
লেখক (বামে)
ভদ্রলোক গাড়ি স্টার্ট করতে ব্যর্থ হওয়ায় তার সঙ্গে আমি আবার বাসায় ফিরে আসলাম। আরো এক ঘণ্টার মতো তার বাসায় অবস্থান করলাম। পরে স্বাভাবিকভাবে গাড়িটি স্টার্ট হল। ভদ্রলোক দক্ষ ড্রাইভার, সুন্দর করে গাড়ি ড্রাইভ করে মালমো শহরে চলে আসলেন। আমাকে আমার বাসার গেটে নামিয়ে দিয়ে, এক ঘণ্টা অতিরিক্ত সময় ক্ষেপণ করার জন্য তিনি দুঃখ প্রকাশ করলেন এবং সুইডিশ স্টাইলে বিদায় জানিয়ে চলে গেলেন।
ওইদিন রাতে আমি বাসায় পড়ার টেবিলে সেই দিনের বিদায় বেলার ঘটনাটি মনে করতে লাগলাম। দুদিন পর গাড়ি স্টার্ট না হওয়ার কারণ উদঘাটন করে ফেলেছি। বর্তমান সময়ে সুইডেনের প্রায় সব গাড়িতেই গাড়ির ড্রাইভিং সিটে বসে নলসদৃশ একটি ডিভাইস মুখের কাছে নিতে হয়। কেউ যদি অতিমাত্রায় অ্যালকোহল গ্রহণ করে থাকে তখন গাড়ি স্টার্ট হবে না।
ডিভাইসটি ড্রাইভারের মুখের কাছে নিলে সেখানে একটি অটোমেটিক রিডিং তৈরি হয়। যে চালক অ্যালকোহল গ্রহণ করেছেন কিনা এবং আর গ্রহণ করে থাকলে বর্তমানে এর মাত্রা কত, একটি নির্দিষ্ট এবং মিনিমাম মাত্রায় অ্যালকোহলের উপস্থিতি থাকলে গাড়ি স্টার্ট হয়। ওই মাত্রাটি ক্রস করলে সারাদিন চেষ্টা করলেও গাড়ি স্টার্ট হবে না। আর অ্যালকোহল না নিলে তো কোন সমস্যা নেই, সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে যাবে।
ভদ্রলোক ওইদিন মনে হয় একটু মাত্রারিক্ত অ্যালকোহল নিয়েছিলেন। তাই গাড়ি স্টার্ট করতে পারেননি। সুইডেনে ঘনত্ব প্রতি জনসংখ্যার হার খুবই কম। শহর থেকে বের হলে রাস্তাঘাটে তেমন মানুষ চোখে দেখবেন না। গাড়ির সংখ্যাও অনেক কম। কিন্তু রাস্তা ফাঁকা দেখে বেপরোয়া গাড়ি চালানোর কোনো সুযোগ নেই, এখানে নির্দিষ্ট স্পিডে গাড়ি চালাতে হয়। এর ব্যতিক্রম হলে পুলিশ আপনাকে ধাওয়া করবে এবং মোটা অঙ্কের জরিমানাসহ মামলা দেবে।
আমাদের পুলিশের মতো হাত দেখিয়ে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করে না। সবকিছু সিস্টেমেটিক চলে। এখানে পুলিশরা তখনই আপনাকে ধাওয়া করবে যখন আপনি কোন ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করবেন। এইতো বেশ কয়েক বছর ধরে সুইডেনে একটি উল্লেখযোগ্য হারে অ্যাক্সিডেন্টের মাত্রা কমে গিয়েছে এই ডিভাইসটি গাড়িতে সংযুক্ত করার ফলে। আমাদের দেশে সম্প্রতি বেশ কয়েকটি অ্যাক্সিডেন্ট হয়েছে ঢাকা শহরে শুধু মাদকাসক্ত হয়ে গাড়ি চালানোর কারণে। আমরাও চাইলে এই প্রযুক্তিটি পাইলট প্রজেক্ট হিসেবে ব্যবহার করে দেখতে পারি।
ইউরোপের আইনশৃঙ্খলা বিশদ জানতে হলে এ অঞ্চলের অধিবাসীরা মানুষ হিসেবে কেমন, তাদের কৃষ্টি-কালচার, সমাজব্যবস্থা অর্থনৈতিক অবস্থা মানুষের ধর্ম চর্চা, তথ্যপ্রযুক্তি এবং সমসাময়িক বিষয়াবলী সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
খাওয়া-দাওয়া পর্ব শেষ করে বিদায় নিয়ে আসার সময় দেখলাম মাঠে বেশ কয়েকটি ছেলে-মেয়ে খেলাধুলা করছে। তাদের মধ্যে ১২-১৩ বছরের একটি ছেলেকে দেখলাম, তার চোখে-মুখে দুষ্টামির ছাপ। পুরো খেলায় সে-ই দেখলাম নেতৃত্ব দিচ্ছে। তার বাঁ হাতটি জ্যাকেটের হাতাতে ঢুকিয়ে রেখেছে। আর ডান হাতটি খোলা। মনে হয় তার বাঁ হাতে কিছু হয়েছে অথবা সে বাঁ হাতটি দেখাতে চাচ্ছে না। বিষয়টি আমার মনে দাগ কেটে থাকলো।
আন-কমন কোনকিছু আমার মাথায় চেপে বসলে সেটির রহস্য উদঘাটন করতে না পারলে মনে হয় আমার খাওয়া-দাওয়া ঠিকমতো হজম হয় না। এবারও তাই। আমার কোর্সমেটকে জিজ্ঞেস করলাম গতকাল যে বাচ্চাটিকে দেখলাম সে কেন তার হাতটি লুকানোর চেষ্টা করেছিল। তিনি আমাকে যে উত্তর দিলেন সেটি পেয়ে কিছুক্ষণের জন্য আমি কথা বলতে পারিনি।
তিনি যা বললেন তার সারাংশ হলো এই- ছেলেটি তার হাতের কব্জিতে পড়া ব্রেসলেটের মত দেখতে বেল্টটি লুকানোর চেষ্টা করেছিল। এখানকার পুলিশরা যে কোন অপরাধের বেশিরভাগ শাস্তি তাৎক্ষণিক দিয়ে থাকেন। যাদের বয়স ১৮ বছরের নিচে সে সমস্ত কিশোর-কিশোরীদের কেউ কোন অপরাধ করলে, তাকে কিশোর অপরাধ হিসেবে ধরে নেওয়া হয়। তাদের শাস্তিগুলো হয় দিন এবং কিলোমিটারে।
যেমন মনে করুন, কোন কিশোর যদি কোনো ইচ্ছাকৃত দুর্ঘটনা বা অপরাধ করল, তাকে পুলিশ দুই মাসের জেল এবং পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থানের শাস্তি দিয়ে দিলেন। কিশোরটির বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব ৫ কিলোমিটার। কিশোরটি বাড়ি থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে থাকতে হবে, এর বাইরে এসে যাওয়ার কোনো সুযোগ নেই এবং এই শাস্তি কাউন্টডাউনের মাধ্যমে ৬০ দিন থেকে আস্তে আস্তে শূন্য দিনে চলে এলে শাস্তি শেষ হবে।
এজন্য তার বাঁ হাতে একটি বেল্ট পরিয়ে দেওয়া হয়। এটি হল শাস্তি বেল্ট। এই বেল্টে প্রোগ্রামিং করা আছে কাউন্টডাউন শেষ হলে অটোমেটিক্যালি বেল্টটি খুলে যাবে। আর সে যদি অন্তর্বর্তীকালীন সময়ে পাঁচ কিলোমিটারের বাইরে চলে যায়, সঙ্গে সঙ্গে পুলিশের কাছে সিগনাল চলে যাবে এবং শাস্তির মাত্রা আরও বেড়ে যাবে। আর এভাবেই তারা কিশোর অপরাধ নিয়ন্ত্রণে রাখে।
আরেকটি ঘটনা আপনাদের জানাই। ফেব্রুয়ারি মাসের প্রথম শুক্রবার রাতে ইউনিভার্সিটির হেনরিক স্মিথ রেসিডেন্সে বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে পার্টি ছিল। পার্টি শেষে রাতের বেলায় কিছু ছাত্র পাশের দেশ ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে গিয়েছিল। ফেরার পথে আমাদের এক আফ্রিকান বন্ধু মনে হয় একটু বেপরোয়া গাড়ি চালিয়ে ছিলেন, সুইডিশ পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছে।
আমাদের কাছে খবরটা আসার পর ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে বিষয়টি জানালাম। ইউনিভার্সিটি থেকে বলা হলো- বিষয়টি সকালবেলা সমাধান হয়ে যাবে। এ বিষয়ে বাড়াবাড়ি করে কোন লাভ নেই, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ চাইলেও এমনকি এদেশের কোন মন্ত্রী পুলিশকে সুপারিশ করেও তাকে ছাড়িয়ে আনার কোনো সুযোগ নেই। সে যে অপরাধ বা দোষ করেছে তার শাস্তি হওয়ার পর তাকে অব্যাহতি দেওয়া হবে। আমাদের সেই আফ্রিকান বন্ধুটি একটি বড় অঙ্কের টাকা ফাইন দিয়ে ছাড়া পেয়ে পরদিন সকালে ইউনিভার্সিটিতে চলে আসলো।
একটা জোকস দিয়ে এ পর্ব শেষ করি। হাইওয়েতে জলিল সাহেবের গাড়ি আটক করল পুলিশ। কর্তব্যরত সার্জেন্ট ধমক দিয়ে বললেন, ব্যাপার কী? আপনি এত আস্তে গাড়ি চালাচ্ছেন কেন? জলিল সাহেব বললেন- রাস্তার শুরুতে দেখলাম, ওপরে বড় করে লেখা ২০। ভাবলাম এ রাস্তার সর্বোচ্চ গতিসীমা নিশ্চয় ২০, তাই।
সার্জেন্ট বললেন- ওরে বোকা, এটা ২০ নম্বর রাস্তা। কিন্তু কথা হচ্ছে, আপনার গাড়ির পেছনের সিটে বসা দুজন এমন ভয়ার্ত চোখে চেয়ে আছে কেন? চুল খাড়া হয়ে আছে, দাঁত কপাটি লাগার দশা। ঘটনা কী? জলিল সাহেব বললেন, না মানে, একটু আগে ১১০ নম্বর রাস্তা দিয়ে এলাম তো!
লেখক পরিচিতি: উপসচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
