২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রপ্রবাসী বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আল্লামার জীবনাবসান

যুক্তরাষ্ট্রপ্রবাসী বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আল্লামা (৭১) মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2020, 12:32 PM

Updated : 08 Apr 2022, 01:34 AM

শনিবার রাত ১২টার দিকে মিশিগানের ডেট্রয়েটের বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

প্রয়াত এই মুক্তিযোদ্ধা নিজের বাসায় একাই থাকতেন। পরিচিতজনদের কাছ থেকে খবর পেয়ে ডেট্রয়েট সিটি পুলিশ তালাবন্ধ বাসার দরজা ভেঙ্গে ঢুকে লাশ উদ্ধার করে।

মোস্তফা আল্লামার কোনো উত্তরাধিকারী না থাকায় লাশের সুরতহালের পর রোববার ডেট্রয়েট সিটির মসজিদুন নূরে এশার নামাজের পর তার জানাজা হয় এবং মিশিগান আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।

পরে সোমবার মিশিগানের ডিয়ারবর্নে বিয়ানিবাজার সমিতির নিজস্ব কবরস্থানে তাকে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আল্লামা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত ফটোগ্রাফারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন এবং এক সময় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানীর প্রেস সচিবও ছিলেন।

এছাড়া মুক্তিযুদ্ধের সময় যোদ্ধাদের মনোবল চাঙ্গা রাখতে মুজিবনগর থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা ‘জন্মভুমি’র সম্পাদকীয় দায়িত্ব পালন করেছেন তিনি।

সদা হাস্যোজ্জল, বিনয়ী, সদালপী মানুষটি সিলেট-৬ আসন (বিয়ানিবাজার-গোলাপগঞ্জ) থেকে জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিয়েছিলেন তিনি।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দেউলগ্রামের সন্তান মোস্তফা আল্লামা এক দশক আগে মিশিগানে স্থায়ীভাবে বসতির আগে নিউ ইয়র্কে কিছুদিন ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মিশিগান স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা ও হ্যামট্রামক সিটির বায়তুল মামুর মসজিদের সম্পাদক ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আল্লামার মৃত্যুতে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটার্ন্স’৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ ও সেক্রেটারি ফারুক হোসাইন গভীর শোক প্রকাশ করেছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!