ট্রাম্পের সুস্থতা কামনায় এবিপিসির ‘বিশেষ মোনাজাত’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ করোনাভাইরাসে আক্রান্তদের সুস্থতা কামনায় ‘বিশেষ মোনাজাত’ করেছে দেশটিতে বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব’ (এবিপিসি)।
রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্টে স্বাস্থ্যবিধি মেনে কার্যকরী পরিষদের সভায় এটি অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় তারা।
ক্লাবের সাধারণ সম্পাদক ‘দৈনিক ইত্তেফাকের’ নিউ ইয়র্ক প্রতিনিধি শহীদুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ‘বাংলাদেশ প্রতিদিন’ উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক মুক্তিযোদ্ধা লাবলু আনসার।
তারা জানান, আগামী ১২ ডিসেম্বর ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সদস্যপদ বাছাই কমিটিতে সদস্য পপি চৌধুরীর পরিবর্তে প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মীর ওয়াজেদ শিবলীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া পরবর্তী দু’বছরের জন্য নতুন কার্যকরী কমিটির নির্বাচন উপলক্ষে বিদ্যমান ৩ সদস্যের নির্বাচন কমিশনকে পুনর্বহাল করা হয়েছে। কমিশনের প্রধান হচ্ছেন ‘চ্যানেল আই’ এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। সদস্যরা হলেন ‘নোঙর টিভির’ প্রধান কার্যনির্বাহী জাহেদ শরিফ ও ‘বাংলা টিভির’ ভাইস প্রেসিডেন্ট মিশুক সেলিম।
সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ‘বাংলা টিভির’ মহাপরিচালক মীর ই শিবলী, সহ সভাপতি ‘ভয়েস অব আমেরিকার’ সাংবাদিক আকবর হায়দার কিরন, যুগ্ম সম্পাদক ‘এবি টিভির’ প্রধান কার্যনির্বাহী রিজু মোহাম্মদ, অর্থ সম্পাদক ‘বাংলাদেশ প্রতিদিনের’ সিনিয়র রিপোর্টার আবুল কাশেম, প্রচার সম্পাদক ‘চ্যানেল আই’ অনলাইনের নিউ ইয়র্ক প্রতিনিধি শাহ ফারুক, নির্বাহী সদস্য ‘খবর ডটকমের’ সম্পাদক শিব্বির আহমেদ ও ‘যমুনা টিভির’ নিউ ইয়র্ক প্রতিনিধি আজিম উদ্দিন অভি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী ও সদস্য বাছাই কমিটির সদস্য ‘ইসলামী টিভির’ মহাপরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
