২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: মসজিদের ভাড়া মওকুফ করলো লন্ডনের টাওয়ার হ্যামলেটস বারা

কোভিড-১৯ মহামারীর কারণে সর্বসাধারণের জন্য অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ের তিন মাসের ভাড়া মওকুফ করেছে পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বারা কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লন্ডন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2020, 07:28 PM

Updated : 08 Apr 2022, 12:43 AM

১৭ এপ্রিল টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এর ডিভিশনাল ডাইরেক্টর শ্যারন গডম্যান এক প্রতিবেদনে, এ বছরের পয়লা এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত তিন মাসের মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপসনালয়গুলোর ভাড়া মওকুফের সিদ্ধান্তের কথা জানান।

ধর্মীয় প্রতিষ্ঠানগুলির সুবিধার জন্য এবং কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটস এর আবেদনের প্রেক্ষিতে বারার মালিকানাধীন মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোর ভাড়া মওকুফ করে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।

বারার আওতাভুক্ত এলাকায় ৫৫টি মসজিদের সংগঠন ‘কাউন্সিল অব মস্ক’ করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে ইমাম ও ইসলামিক স্কলারদের সাথে পরামর্শ করে ২০ মার্চ থেকে মসজিদগুলোতে জনসাধারণের প্রবেশাধিকার নিয়ন্ত্রিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। 

তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত নেওয়ায় মসজিদগুলোর প্রায় সব কার্যক্রম স্থগিত হয়ে যায়। কাজেই বন্ধ হয়ে যায় আয়ের উৎসও। ফলে অর্থের অভাবে মসজিদের স্থানের ভাড়া দেওয়া ও মসজিদ পরিচালনার অন্যান্য কাজ করাও কঠিন হয়ে পড়ে বলে জানিয়েছিলেন কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটস এর নেতৃস্থানীয়রা।

সে কারণেই মসজিদগুলোর পক্ষ থেকে টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস এর কাছে আবেদন করা হয়েছিল ছয়মাসের ভাড়া মওকুফের।

তিন মাসের ভাড়া মওকুফের সিদ্ধান্তে কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটস এর চেয়ারম্যান শামসুল হক, সেক্রেটারি হীরা ইসলাম এবং ট্রেজারার মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল এক বিবৃতিতে লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এর মেয়র জন বিগস-কে ধন্যবাদ জানিয়েছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!