কোভিড-১৯: নিউ ইয়র্কে অবৈধ অভিবাসীদের পাশে ‘কমিউনিটি ফুড ড্রাইভ’
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনাভাইরাসে নাজুক অবস্থায় পড়া অবৈধ অভিবাসীদের বাসায় খাদ্য-সামগ্রি পৌঁছে দিতে কাজ করছে ‘কমিউনিটি ফুড ড্রাইভ’ নামে একটি সংস্থা।
অনলাইনে তহবিল সংগ্রহের ঘোষণার পাশাপাশি যারা নিতান্তই অভাবে পড়েছেন তাদের তালিকা সংগ্রহ করছে সংস্থাটি। এভাবে সংগৃহিত অর্থে নিত্য-প্রয়োজনীয় সামগ্রি কেনার পর তা প্যাকেট করা হয়। ২ মে থেকে এগুলো ওইসব প্রবাসীর বাসার সামনে রেখে আসা হবে। ইতোমধ্যে ফোবানা, মুনা ও জেবিবিএসহ বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে একই ধরনের কার্যক্রম শুরু হয়েছে নিউ ইয়র্কসহ বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন সিটিতে।
তবে ‘কমিউনিটি ফুড ড্রাইভ’ এর সঙ্গে যুক্ত সবাই নিজ পকেটের অর্থে তহবিল গড়েছেন। অনলাইনের আহ্বানে যারা সাড়া দিচ্ছেন তাদের সবার নামই উল্লেখ করা হচ্ছে খাদ্য-সামগ্রি বিতরণের সময়। যারা এগুলো পাচ্ছেন তাদের তালিকা যেমন থাকবে তেমনি যারা অর্থ-সহায়তা দিচ্ছেন তাদের তালিকাও করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে ‘করোনা স্টিমুলাস’ কর্মসূচির মাধ্যমে বৈধ অভিবাসীসহ সিটিজেনরা ইতোমধ্যে নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ পেয়েছেন, বেকার ভাতাও পাচ্ছেন তারা। কিন্তু কাগজপত্রহীনরা এখন পর্যন্ত কিছুই পাননি। কাজ করলেই বেতন পেতেন তারা। কাজ নেই, আয়-উপার্জনও নেই, এমন প্রবাসীদের টার্গেট করেই মাঠে নেমেছে ‘কমিউনিটি ফুড ড্রাইভ’।
এ উদ্যোগে রয়েছেন মানবাধিকার বিশেষজ্ঞ ও প্রকৌশলী শেখ আল আমিন, রাজনীতিবিদ জয় চৌধুরী, ‘বাংলাদেশ সোসাইটির’ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় চৌধুরী, ‘রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের’ উপদেষ্টা ফারুক হোসেন মজুমদার, ‘নিউ আমেরিকান ইয়ুথ ফোরামের’ প্রেসিডেন্ট আহনাফ আলম, আমিন মেহদী, শামসুদ্দোহা সাগর, মোহাম্মদ শহিদুল্লাহ, শাহনেওয়াজ, কাজী ফৌজিয়া, মৌমিতা আহমেদ, রিমা বেগম, সালাম ভূইয়া, আবু নাসের ও সোলায়মান।
‘ইন্ডিয়া হোমস’ এর খাদ্য-সামগ্রি
প্রবাসীরা জানান, ১৯ মার্চ থেকে নিউ ইয়র্ক লকড ডাউন। অনেকেই আক্রান্ত। অনেকের বাসায় এমন কেউ নেই যে দোকান থেকে গ্রোসারি-সামগ্রি কিনে আনবেন। এমন পরিস্থিতিতে ‘ফোবানার’ এ উদ্যোগ দৃষ্টি কেড়েছে।
অন্যদিকে ‘ইন্ডিয়া হোমস’ এর পক্ষ থেকেও বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার প্রবীণ প্রবাসীদের মাঝে খাদ্য-সামগ্রি বিতরণ করা হচ্ছে। প্রতিদিন দেড় শতাধিক প্যাকেট তারা বিতরণ করছেন বলে জানান এ সংস্থার প্রোগ্রাম ডিরেক্টর সিলভিয়া শিকদার।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
