করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে আরও ৩ প্রবাসীর মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে আরও ৩ বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মারা যাওয়া বাংলাদেশির সংখ্যা দাঁড়ালো ১৭৭। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে দুজন নিউ ইয়র্কে ও একজন ভার্জিনিয়ায়।
মৃতরা হলেন আহসান মোহাম্মদ (৪৬), আব্দুন নূর (১০০) ও খাদিজা বেগম (৭১)।
হাসপাতালের উদ্ধৃতি দিয়ে স্বজনেরা জানান, রোববার ম্যানহাটানের আইনস্টাইন হাসপাতালে মারা যান আহসান মোহাম্মদ। চাঁদপুরের সন্তান আহসান দুই সপ্তাহ আগে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পেশায় তিনি নিউ ইয়র্ক পুলিশে ট্রাফিক এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তা। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে।
একইদিন ভোররাতে লং আইল্যান্ডের একটি হাসপাতালে মারা যান শতবর্ষী আব্দুন নূর। সিলেটের সন্তান আব্দুন নূর বেশ কয়েক সপ্তাহ ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
একইদিন মারা যান রাজধানী ওয়াশিংটন ডি.সি. সংলগ্ন ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের বাসিন্দা খাদিজা বেগম (৭১)। এ নিয়ে ওয়াশিংটন মেট্রো এলাকায় মারা গেলেন ৫ বাংলাদেশি।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
