আমিরাত প্রবাসীর ডায়েরি: রোজার আনন্দ গেল কই!
মহামারী করোনাভাইরাস সংক্রমণের দুর্যোগের মধ্য দিয়েই শুরু হয়েছে মুসলিমদের পবিত্র রোজার মাস। তবে সব দেশের মতো এবারে সংযুক্ত আরব আমিরাতেও রোজার মাস এসেছে বড় অনাম্বড়ভাবে।
মসজিদে মসজিদে আজান-তাকবির ও তারাবির নামাজের ঘোষণা, আনন্দ-মুখরতার মধ্য দিয়ে প্রথম তারাবির নামাজ পড়তে সবার ছুটোছুটি, সারারাত জেগে শপিং মল বা হাইপার মার্কেটে রোজার কেনাকাটা, কারো বা ঈদের ছুটিতে ঘরে ফেরার কেনাকাটায় মেতে ওঠা, বাংলাদেশি অ্যাসেম্বলি পয়েন্টগুলোতে তারাবি শেষের টানা আড্ডাবাজি, টি-স্টল, কফি-হাউজ, সীসা শপগুলোয় হল্লা ইত্যাদি কিছুই নেই এবার আমিরাত প্রবাসীদের জীবনে।
আমিরাত জুড়ে রোজার মাসের নাইট-সুকের আলো, ঝলোমলো মার্কেট প্লেসে নানা বয়সী দেশি-বিদেশি হাজারো নারী-পুরুষ-শিশুর মূখর পদচারণা, ক্লাউন কিংবা কার্টুন চরিত্রগুলোর তৎপরতা,সার্কাস কিংবা রাইডসে শিশু কিশোরদের কলকাকলি- সবকিছু স্বপ্ন মনে হয় এখন।
রোজার মাসের রাতভর জেগে থাকে আমিরাতের আরব্য উৎসব নগরীগুলো। সেইসব নগরের প্রাণ-ভোমরাকে করোনা দানো যেন নিঠুর আক্রোশে হত্যা করেছে।
লোকশূন্য আবুধাবির শেখ জায়েদ গ্রান্ড মসজিদ। করোনাভাইরাসের কারণে মসজিদে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে।
করোনাভাইরাস রোগীর সন্ধান কখন কোন ভবন লকডাউনে আসছে সব খবর ছাপিয়ে এগুলোই আমিরাত প্রবাসীদের এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার একমাত্র বিষয়। এমনকি এখানের গণমাধ্যমও এখন করোনাভাইরাস নিয়েই ব্যস্ত।
১৬ মার্চ থেকে মসজিদগুলোয় নামাজ পড়া বন্ধ। এখনো খোলেনি। খুলবে না পুরো রোজার মাসেও। তারাবি ও জুমার নামাজ পড়তে হচ্ছে ঘরেই। কেবল দেশব্যাপী জীবাণুমুক্তিকরণ অভিযানের জন্য কারফিউ এর সময়সীমা দুই ঘণ্টা কমিয়ে রাত ৮টা থেকে সকাল ৬টার বদলে, রাত ১০টা থেকে ৬টা করা হয়েছে। শপিং মলগুলো সীমিত সময়ের জন্য খোলা হচ্ছে থার্মাল স্ক্যানার চেকিংসহ বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে।
এখানে ধারণক্ষমতার ৩০ শতাংশ ক্রেতাকে দোকানগুলোতে ঢুকতে দেওয়া হচ্ছে। এছাড়াও রোজাব্রত পালনকালে কিছু বিধিবদ্ধ নিয়ম অনুসরণ করতে বলা হয়েছে। যেমন- ইফতার ও সেহরির জন্য জমায়েত কেবল পরিবার-পরিজন এবং ঘণিষ্ঠ বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। ১০ জনের বেশি জমায়েত করা চলবে না। এসব জমায়েতে হ্যান্ডশেক কিংবা আরব্য স্টাইলে মুসাফাহা করা চলবে না।
সরাসরি কোনও খাবার বিতরণ করা যাবে না। একই বাসায় বসবাসকারীদের ছাড়া কেবল সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত প্রতিষ্ঠানগুলো এবং চ্যারিটি প্রতিষ্ঠানগুলোই কেবল পাবলিক প্লেসে খাবার বিতরণ করতে পারবেন।
গতবছরের ছবি। আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে গণ-ইফতারে প্রায় ৫০ হাজার লোক অংশ নিত। এবছর সেটি হচ্ছে না।
ক্রনিক রোগী এবং প্রবীণদের এ সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। রোজা আসতেই পুরো আমিরাত জুড়ে রেড ক্রিসেন্টের যে ইফতার টেন্ট হত, আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে যে প্রতিদিন প্রায় ৫০ হাজার লোকের বিশাল গণ-ইফতার হত, এবার তা না হওয়ায় রোজার প্রকৃত আমেজটাই প্রবাসী ও আমিরাতিরা পাচ্ছেন না।
রোজা আসতেই আরব-অনারব সবার মধ্যে যে দানশীলতার আর পরোপকারিতার চর্চা দেখা যেত, প্রবাসী বাংলাদেশী ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে ইফতার মাহফিলের বিশাল হিড়িক পড়তো- এবার তা না থাকায় সবকিছু কেমন ম্রিয়মাণ, প্রাণশুন্য হয়ে পড়েছে। করোনাভাইরাস কেড়ে নিয়েছে ঠিক এভাবে আমিরাত প্রবাসীদের রোজার আনন্দ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
