২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে সংকটে পড়া বাংলাদেশিদের জরুরী পণ্য বিতরণ করেছে ফোবানা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনাভাইরাসের কারণে দীর্ঘ ৩৫দিন লকডাউনে থাকা সংকটের সম্মুখীন বাংলাদেশিদের বাড়ি বাড়ি গিয়ে জরুরী পণ্য পৌঁছে দিয়েছে ‘ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা’ (ফোবানা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2020, 11:13 PM

Updated : 10 Oct 2022, 07:08 PM

শনিবার সকাল থেকে ইফতারের আগ পর্যন্ত চাল, ডাল, আলু, ছোলা, বেসন, পেঁয়াজ, খেজুর, চা-পাতি, চিনি, সোয়াবিন তেল ইত্যাদির বস্তা গাড়িতে ভরে সংকটে পড়া বাংলাদেশিদের বাসার সামনে রাখেন ফোবানার সংগঠনকরা।

ফোবানার চেয়ারম্যান শাহ হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘ ৩৫ দিন যাবত করোনায় অবরুদ্ধ অনেক প্রবাসী খাদ্য সংকটে পড়েছেন। ঘরে নগদ অর্থ থাকলেও সংক্রমিত হবার ভয়ে অনেকে বাসার বাইরে যেতে চাচ্ছেন না। আবার যারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন তারাও কোয়ারেন্টিন বা আইসোলেশনে রয়েছেন।

“অনেকের পরিবারে স্বামী/স্ত্রী উভয়েই আক্রান্ত হওয়ায় খাদ্যাভাবে পড়েছেন। তাদের কথা চিন্তা করেই এ উদ্যোগ।”

তিনি জানান, রোজাদার মুসললিমদের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণের কর্মসূচিটি নিউ ইয়র্ক সিটি, নিউ জার্সি, শিকাগোতে অব্যাহত থাকবে।

ফোবানার কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে শনিবার এই জরুরী পণ্য বিতরণ কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, ফোবানার সাবেক চেয়ারম্যান  বেদারুল ইসলাম বাবলা, নির্বাহী সদস্য আবির আলমগীর এবং শহিদুল মল্লিক বাঁধন।

তারা জানান, কয়েকজন মুক্তিযোদ্ধাসহ উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসীর বাসায় এগুলো পৌঁছে দেওয়া হয়।

অপরদিকে, করোনাভাইরাস সংকট শুরু হওয়ার পর থেকে চতুর্থবারের মত বৃহত্তর ওয়াশিংটনে মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সামনের বছরের সেপ্টেম্বরে ৩৫তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির কর্মকর্তারা।

শনিবার এই খাদ্য বিতরণে অংশ নেন কমিটির কনভেনর জি আই রাসেল, সমন্বয়ক আওলাদ হোসেন মামুন, উপদেষ্টা সাদেক এম খান, প্রিন্স করিম, মোহাম্মদ রোমিও এবং রিসিপশন কমিটির কো-চেয়ারপার্সন জেবা রাসেল।

এছাড়া জ্যামাইকা মুসলিম সেন্টারের পক্ষ থেকেও করোনাভাইরাসে বিপর্যস্ত প্রবাসীদের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এর আগে জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের পক্ষ থেকেও গ্রোসারী সামগ্রী বিতরণ করা হয়েছে নিউইয়র্ক সিটির কুইন্স এলাকায়। ব্রঙ্কসে প্রায়দিনই খাদ্য-সামগ্রি অভাবী প্রবাসীদের বাসায় পৌঁছে দিচ্ছেন মজুমদার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।

পিপলএনটেকের প্রদত্ত অর্থে গ্রোসারী সামগ্রী বিতরণ করার সংবাদও এসেছে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন স্থান থেকে।

এর বাইরে নিউ ইয়র্কে বাংলাদেশিসহ মুসলিম অধ্যুষিত এলাকার পাবলিক স্কুল এবং জুনিয়র হাই স্কুলে রোজার পুরো ৩০ দিনই হালাল খাদ্য বিতরণ করবে সিটি প্রশাসন।

গত বুধবার সিটি মেয়র, সিটি শিক্ষা দপ্তর কমিউনিটি লিডারদের টেলি-কনফারেন্সে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই কনফারেন্সে অংশ নেয়া ‘স্যাফেস্ট’ (সাউথ এশিয়ান ফান্ড ফর এডুকেশন, স্কলারশিপ অ্যান্ড ট্রেনিং) এর নির্বাহী প্রধান মাজেদা এ উদ্দিন বলেন, “দীর্ঘদিনের আন্দোলনের এই সুফল হলো। করোনাভাইরাস পরিস্থিতিতে নাজুক রোজাদার এবং তাদের শিশু সন্তানেরা পুরো মাসই হালাল খাবার সংগ্রহ করতে পারবেন।”

সকাল সাড়ে ৮টা থেকে বেলা ২টার মধ্যে হালাল খাদ্য পাওয়া যাবে: ব্রঙ্কসের পিএস/আইএস ১৯৪ (২৩৬৫ ওয়াটারবিউরি এভিনিউ, ব্রঙ্কস, ১০৪৬২), ১০২১ জেনিঙ্গস স্ট্রিটে ফ্যানি লো হ্যামার মিডল স্কুল, ১৭৯৪ ইস্ট ১৭২ স্ট্রিটে পিএস ৪৭, পার্কচেস্টার এলাকায় ১৫১৪ ওলমস্টীড এভিনিউতে পিএস ১০৬,  ১৫৬০, পারডি স্ট্রিটে এমএস ১২৭ (জুনিয়র হাই স্কুল), ব্রুকলীনে এমারসফোর্ট এলাকায় ৩৮২৯, এভিনিউ কে-তে পিএস ১১৯,  ২৭৮১ পিটকিন এভিনিউতে পিএস ১৫৯, কেনসিঙ্গটন এলাকায় ২০২ এভিনিউ সি-তে পিএস ১৭৯,  ডিটমার্সে ৭০০ কর্টিলিউ রোডে জুনিয়র হাই স্কুল-০৬২, ১১০০ নিউকার্ক এভিনিউতে পিএস ২১৭, ৩৩০ রাগবি রোডে পিএস১৩৯, ৬১৯-৭২ স্ট্রিটে পিএস ১৭০, ৬০১ ওসেনভিউ এভিনিউতে পিএস২৫৩, ৯১১৫, ফিফথ এভিনিউতে পিএস/আইএস ১০৪, ম্যানহাটানে ১২৩ মর্নিংসাইড ড্রাইভে পিএস৩৬, ৫০০ ওয়েস্ট ১৩৮ স্ট্রিটে পিএস১৯২, ৫০৪ ওয়েস্ট ১৫৮ স্ট্রিটে পিএস৪, ৪৬৫ ওয়েস্ট ১৬৭ স্ট্রিটে পিএস৮, ১৮০ ওয়াডসওয়ার্থ এভিনিউতে এমএস ৫২৮, ৬৫০ একাডেমি স্ট্রিটে জুনিয়র হাই স্কুল-৫২, কুইন্সের হলিসে ৮৮-১৫ ১৮২ স্ট্রিটে আইএস ২৩৮, জ্যাকসন হাইটসে ৭৭-০২  ৩৭ এভিনিউতে পিএস ৬৯, ওজোনপার্কে ৯৩১১  ১০১ এভিনিউতে আইএস ২১০, ১০৯১৫ ৯৮স্ট্রিটে আইএস ১৩৭, সাউথ ওজোনপার্কে ১১১-১১    ১১৮ স্ট্রিটে পিএস ১০০, জ্যামাইকায় ৮৫-০৫   ১৪৪ স্টিটে জুনিয়র হাই স্কুল ২১৭, ১৬০-০৫   হাইল্যান্ড এভিনিউতে হিলক্রেস্ট হাই স্কুল, ১৬৫-৬৫  ৮৪ এভিনিউতে থমাস এডিসন হাই স্কুল, ৮৫১৫    ১৪৩ স্ট্রিটে পিএস ১১৭, স্ট্যাটেন আইল্যান্ডে ১০৫ হেমিল্টন এভিনিউতে কার্টিস হাই স্কুল, ১৮৬০ ফরেস্ট এভিনিউতে পিএস ২২ এবং ১০০ এসেক্স ড্রাইভে সিএসআই হাই স্কুল।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!