করোনাভাইরাস: বিএনপি নেতা হেলাল খানের বাবাসহ নিউ ইয়র্কে ৫ বাংলাদেশির মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় বিএনপি নেতা ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক হেলাল খানের বাবাসহ আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- হেলাল খানের বাবা আবুদর নুর (১০০), ব্রঙ্কসের পার্কচেস্টারে বসবাসরত সিলেটের বিয়ানিবাজারের ফরিদ আহমেদ সাইফুল (২৭), জ্যাকসন হাইটসে বসবাসরত যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গির এইচ মিয়ার বাবা মো. মহিউদ্দিন (৬০), সাংস্কৃতিক সংগঠন ‘বিপা’র সহ-সভাপতি বাবলী নেওয়াজ (৫৭) এবং জ্যামাইকায় বসবাসরত ফাইজউদ্দিনের স্ত্রী (নাম জানা যায়নি)।
স্থানীয় সময় রোববার ভোররাতে নিউ ইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে ‘গুড সমরিতান’ হাসপাতালে হেলাল খানের বাবা মারা যান বলে হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের।
তিনি জানান, বেশ কয়েকদিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুন নুর ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। একই পরিবারের আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
হেলাল খানও কয়েক সপ্তাহ থেকেই নিউ ইয়র্কেই রয়েছেন। তিনি তার বাবার আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন।
আব্দুন নূরের মৃত্যু সংবাদে গভীর শোক এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আকতার হোসেন বাদল, মাহফুজুল মাওলা নান্নু, যুবদল নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র জাসাসের পক্ষে সভাপতি আবু তাহের এবং সেক্রেটারি কাওসার আহমেদ এবং যুক্তরাষ্ট্র ছাত্রদলের নেতা মাজহারুল ইসলাম জনি।
আব্দুন নুর ছাড়া বাকি চারজনের মৃত্যু হয়েছে শনিবার বিভিন্ন সময়।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত যুবক সাইফুল কিছুদিন আগে বাংলাদেশে গিয়ে বিয়ে করে এসেছেন। তার স্ত্রীর অভিবাসন প্রক্রিয়া কেবল শুরু হয়েছিল। এ যুবকের মৃত্যুতে প্রবাসীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
