২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আরও ৩ বাংলাদেশির মৃত্যু

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন আরও তিন বাংলাদেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2020, 01:17 AM

Updated : 18 Aug 2022, 02:55 PM

বুধবার এই তিনজনের মৃত্যু হয় বলে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী জানিয়েছেন।

প্রয়াতরা হলেন ঢাকার কেরাণীগঞ্জের সন্তান এবং লং আইল্যান্ড সিটিতে বসবাসরত আহসান উল্লাহ কবীর (৫৫), ফেনীর দাগণভূইয়ার সন্তান ব্রুকলিনের অধিবাসী হাজী শরিয়ত উল্লাহ (৭৫) এবং সায়খুল হাদিস মাওলানা শফিউর রহমান (৬৭)।

এ নিয়ে কোভিড-১৯ রোগে যুক্তরাষ্ট্রে ১৬৯ প্রবাসী বাংলাদেশি প্রাণ হারালেন।

নিউ ইয়র্ক শহরেই করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১৫ হাজার ছাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬২ হাজার ২৬৮।

আগের দিনের তুলনায় হাসপাতালে ভর্তির সংখ্যা অনেকে কমেছে বলে জানিয়েছেন রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো।

তিনি এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, করোনাভাইরাসে আক্রান্তদের গতিবিধি নজরে রাখতে ১ কোটি ডলার দিচ্ছেন ধনকুবের নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র ব্লুমবার্গ।

হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের কথা জানিয়ে কুমো বলেন, এতদিন দৈনিক ২০ হাজার মানুষের নমুনা পরীক্ষা হচ্ছিল, এখন সেটি দ্বিগুণ হয়ে ৪০ হাজার হয়েছে।

এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্পের রোডম্যাপ অনুযায়ী লকডাউন উঠিয়ে নেওয়ার পথ সুগম হচ্ছে বলে অনেকের ধারণা।

কুমোর প্রেস ব্রিফিংয়ের সময়ও নিউ ইয়র্কের আলবেনীর রাস্তায় কয়েকজন লোক পোস্টার হাতে স্লোগান দিচ্ছিলেন অবিলম্বে লকডাউন উঠিয়ে নেওয়ার দাবিতে।

এবিষয়ে গভর্নর বলেন, “জনগণের জীবনের কথা আগে ভাবতে হচ্ছে। এরপর অর্থনীতি চাঙ্গার প্রসঙ্গ আসবে। যারা স্লোগান দিচ্ছে তাদের চেয়ে আমার আগ্রহই বেশি লকডাউন উঠিয়ে নিতে। তবে সেজন্যে চাই পরিবেশ।”