কোভিড-১৯: নিউ ইয়র্কে আরও ৬ বাংলাদেশির মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- সিটির উডসাইডের বাসিন্দা ও মাদারীপুর জেলার সন্তান আহমেদ কবীরউদ্দিন (৫৫), টাঙ্গাইলের সন্তান আলিয়া রাজ্জাক (৬০), কুইন্সের রিচমন্ড হিল এলাকায় বসবাসরত সফি হায়দার খান (৫৪), ব্রুকলিনের বাসিন্দা এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জের রামপুরে বাড়ি সিরাজুল ইসলাম ওরফে সিরাজ সারেং (৭০), গাজীপুরের সন্তান ও লং আইল্যান্ডের অধিবাসী মোহাম্মদ ইসলাম বাবুল (৫৮) এবং বিয়ানিবাজারের আঙ্গারজুরের সন্তান ও জ্যামাইকায় বসবাসরত প্রবীণ সমাজকর্মী আব্দুস সালাম খান (৭৫)।
এম এ সালাম খান, আলিয়া রাজ্জাক এবং আহমেদ কবীরউদ্দিন মৃত্যুর খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হাসপাতাল এবং স্বজনদের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী।
অন্যদের তথ্য সিটি স্বাস্থ্য দপ্তরের বরাত দিয়ে স্বজনরা জানিয়েছেন।
এ নিয়ে যুক্তরাষ্ট্রে ১৬৬ বাংলাদেশির নিশ্চিত মৃত্যু সংবাদ পাওয়া গেল।
সিটির উডসাইডের বাসিন্দা এবং মাদারিপুর জেলার সন্তান আহমেদ কবীরউদ্দিন (৫৫) মঙ্গলবার মারা যান সাবওয়েতে।
টাঙ্গাইলের সন্তান আলিয়া রাজ্জাক মারা গেছেন ম্যানহাটানের একটি হাসপাতালে।
টাঙ্গাইলের সন্তান এবং কুইন্সের রিচমন্ড হিল এলাকায় বসবাসরত সফি হায়দার খান কুইন্সের একটি হাসপাতালে মারা যান। এদিকে ৫ এপ্রিল তার ছোটভাই সাইফুল হায়দার খান (৪৭) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে এ সংবাদদাতাকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতা তাজুল ইসলাম।
গাজীপুরের সন্তান এবং লং আইল্যান্ডের অধিবাসী মোহাম্মদ ইসলাম বাবুল (৫৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার মারা যান।
ব্রুকলিনের বাসিন্দা এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জের রামপুরের সন্তান সিরাজুল ইসলাম ওরফে সিরাজ সারেং (৭০) মায়মনিডেস হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
বিয়ানিবাজারের আঙ্গারজুরের সন্তান এবং জ্যামাইকায় বসবাসরত প্রবীণ সমাজকর্মী আব্দুস সালাম খান (৭৫) লং আইল্যান্ডের নর্থশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
