২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীর ভাবনা: কোভিড নামের সেই ভূতটি

সুদুর চীন দেশের হুবেই প্রদেশের উহানে তার বেড়ে ওঠা। উহান শহরটি চীনের রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, পরিবহনসহ নানা কারণে গুরুত্বপূর্ণ। চীনের সর্বোচ্চ নিরাপত্তা সম্বলিত আন্তর্জাতিক মানের প্রথম বায়োলজিক্যাল ল্যাবটিও এখানে অবস্থিত। এমন ইতিহাস, ঐতিহ্য যার আছে, সেখানে তো যেমন-তেমন কিছু হতে পারে না। তাই কোভিড (করোনাভাইরাস) নামের ভূতটিও সেই শহরটি বেছে নিলেন, জন্ম ও বেড়ে ওঠার জন্য। কোভিড-১৯ খুবই ভয়ানক, বিপজ্জনক ও প্রাণঘাতী নতুন এক ভূত। বিশ্বের বাঘা বাঘা সব জাদুকর (গবেষক, বিশ্বনেতারা) একসাথে মিলেও ঘায়েল করতে পারছে না। জাদুকরদের সব জাদুকরি বিদ্যা যে পুরাতন সব ভূতকে কেন্দ্র করে রচিত, সেখানে নতুনদের জন্য তাদের প্রস্তুতি খুবই সামান্য। আর সামান্য হবেই বা না কেন, আমরা যে আজকের জন্য ভাবিতে ব্যাকুল, আর কালকে কি হবে ভাবা বড় দায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নূর আলম, কানাডা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2020, 08:50 PM

Updated : 10 Oct 2022, 07:07 PM

কোভিড-১৯ একজন থেকে আরেকজনের দেহে যেতে পারে সরাসরি সংস্পর্শে বা বাতাসে ভেসে ২ মিটার পর্যন্ত। হাচিঁ, কাশি, এমকি হাসি বা কথা বলার মাধ্যমেও একজনের দেহ থেকে কিছু কোভিড বেরিয়ে আসতে পারে। এটির কোন পাখনা নেই। তবে এটি উড়তে পারে পানি জাতীয় কোন বাহনে চড়ে। তারপর এটি ২ মিটার পর্যন্ত বাতাসে ভ্রমণ করে অন্য আরেকজনের দেহে ঢুকতে পারে, নাক, মুখ বা চোখ দিয়ে। এটি শুধু বাতাসেই ভ্রমণ করে না, পোশাক-আশাক, আসবাবপত্রেও ঘাপটি মেরে থাকে ৬-৯ দিন পর্যন্ত। এর মধ্যে হাতের ছোঁয়ায় বা পোশাকের মাধ্যমেও দেহে ঢুকতে পারে।

বিশ্বের সব জাদুকররা কোভিড নিয়ে কেন এত উদ্বিগ্ন?  সাধারণত কারণ দুইটি। প্রথমত, এটি দেহে ঢোকার পর বুঝতে  লম্বা সময় লাগতে পারে। যা মূলত সাধারনরা নেয় না।  কোভিড নেয় ১-১৪ দিন, আর সাধারণরা নেয় ১-৪ দিন। সহজ কথায় কোভিড-১৯ ১৪ ‍দিন পর্যন্ত ঘাপটি মেরে থেকে একজন থেকে আরেকজনের দেহে ঢুকতে পারে। আর সাধারণ ভূত নেয় মাত্র ৪ দিন। একটি সাধারণ গাণিতিক উদাহরণ দেই। ধরি এই ভূত একটি মানুষের দেহে ঢুকলে প্রত্যেকদিন আরও ৫ জনের দেহে ঢুকতে পারে। তাহলে প্রথম কোভিডে আক্রান্ত মানুষ ১ম দিনে নতুন ৫ জন সহ দাঁড়ায়  ৫+১=৬ জন। ২য় ‍দিন এই ৬ জন আবার প্রত্যেকে নতুন ৫ জনের দেহে ঢুকলে হবে ৬X৫=৩০ জন। এভাবে ৪র্থ দিনে হয় ৩০X৫X৫= ৭৫০ জন। আর ১৪ দিনে দাঁড়ায় ৭৫০X৫X৫X৫X৫X৫X৫X৫X৫X৫X৫=৭৩২৪২১৮৭৫০ জন। এর মানে হল  কোভিড ভূতটি কিছু বুঝে ওঠার আগে মোট আক্রান্ত করতে পারে প্রায় ৭৩২ কোটি মানুষকে আর যেখানে সাধারণ ভূত করতে পারে মাত্র ৭৫০ জনকে। দ্বিতীয়ত, নেই কোনও প্রতিষেধক ব্যবস্থা যার মাধ্যমে অন্যজন এর হাত থেকে রক্ষা পাবে।

কোভিডের ভয়াবহতা এত তীব্র যে, সাধারন মানুষ থেকে শুরু করে একে বশ করানোর দায়িত্বে যারা সেই স্বয়ং জাদুকররাও ভীত সন্ত্রস্ত। যাদুকরদের সকল বিদ্যা পরাস্ত। সাধারণ মানুষ তো বটে এক জাদুকর আক্রান্ত হলে অন্য জাদুকররাও কাছে আসতে সাহস পায় না। কেউ মারা গেলে মৃত ব্যক্তির সৎকারে লোক থাকে না বা থাকতে দেয়া হয় না।

হাসপাতাল হল চিকিৎসাস্থল। অসুস্থ মানুষরাই এখানে আসে সুস্থ হতে। কোভিডাক্রান্ত রোগী কোন হাসপাতালে আসলে অন্য রোগীরাও যেন পালিয়ে বাঁচে। কোভিডের কাছে তাদের রোগ যেন খুবই সামান্য। হাসপাতাল খালি করে তারা বাড়িতে গিয়ে আশ্রয় নেয়।

অর্থনীতি পড়ে যাবার কারনে চাকরী হারাচ্ছে কোটি কোটি মানুষ। এর বিস্তার এত দ্রুত যে ৩ মাসের মধ্যে পৃথিবীর সব দেশেই কোভিড তার শক্তি প্রদর্শন করেছে। এখনও কেউ বলতে পারে না কখন সে ক্ষান্ত দিবে। যখন সে থামবে, কোথায় দাঁড়াবে বিশ্ব, কেমন হবে তার চেহারা, এরকম নানা অসহায়মূলক জিজ্ঞাসা সবার মনে!

Image
করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্বের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের মতোই কানাডার ইউনিভার্সিটি অব নিউ ব্রান্সউইকও ছুটি। নিরব-জনহীন ক্যাম্পাসের ছবি।  ২. লেখক।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্বের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের মতোই কানাডার ইউনিভার্সিটি অব নিউ ব্রান্সউইকও ছুটি। নিরব-জনহীন ক্যাম্পাসের ছবি।  ২. লেখক।

কোভিড বিশ্বায়নের ধারনাটাকেই নতুন করে ভাবাচ্ছে। বিশ্বায়নের যুগে যেখানে গোটা পৃথিবী মানুষের হাতের মুঠোয়, ইচ্ছা করলেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া যেত। মানুষের স্বাধীনতা ছিল অগনিত। আর এখন! মানুষ নিজ দেশেই বন্ধি। ঘর থেকে বের হওয়ারই স্বাধীনতা নেই। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত, দোকান-পাট, জল, স্থল, আকাশপথ সহ অনেক কিছুই বন্ধ। আমাদের কানাডা-আমেরিকার বর্ডারের কথাই বলি। কানাডা-আমেরিকা ভ্রাতৃত্ব সম্পর্ক। এখানে বলতে গেলে অবাধ যাতায়াত ছিল, গাড়ির লাইন লেগে থাকত। এখন সুনশান নিরবতা। খাঁ খাঁ করে। কোথাকার যেন অজানা আতঙ্ক সবার মনে। সবার মনে অবিশ্বাসের দানা বেধেছে। নিজের আপনজনকেও বিশ্বাস করতে ভয় হয়।

কোভিডের একমাত্র পছন্দ মানুষ। বিশেষ করে মানুষের শ্বাসনালী ও ফুসফুস। ফুসফুসকে ধ্বংস করে ফেলে ‍এবং অবশেষে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মানুষ মারা যায়। কোভিড মানুষের বাইরেও বেঁচে থাকে স্থান ভেদে ৯ দিন পর্যন্ত। তবে তা মৃত আগ্নেয়গিরির মত। এই সময়ের মধ্যে মানবদেহের ভিতর ঢুকতে পারলে আবার জীবন্ত হয়ে ওঠে। তার ভয়ানক রুপ ধারণ করে। কোভিডের প্রথম পছন্দ বয়স্ক মানুষেরা। তাঁদের শক্তি সামর্থ্য একটু কম থাকে বিধায়, তাঁদেরকে সহজেই ঘায়েল করতে পারে। তারপর যুবকেরা, এদের সাথে খুব একটা পেরে ওঠে না। তাদের শক্তির কাছে বেশিরভাগ সময়ই হার মেনে যায়। সবশেষে শিশুরা, হয়তো এদের শক্তিশালী জীবনীশক্তির কাছে সহজেই পরাস্ত হয়ে যায়, অথবা মানবিক কারনেই এদেরকে ভর করে না। ভূতের ও তো মানবিকতা থাকতে পারে।

মানুষের, হয়তোবা এটা সকল প্রাণীর একটা সহজাত প্রবণতা। যখন সে বিপদে পরবে তখন সে নিজে চেষ্টা করবে আগে। তারপর কাছের, দূরের, এবং অবশেষে সৃষ্টিকর্তার সাহায্য চাইবে। কোভিড বিপর্যয়ে মানুষ এখন শেষের দুটির আশ্রয় নিচ্ছে।

বিশ্বের তাবৎ জাদুকররা একমত, আপাতত এই ভূতকে নিয়ন্ত্রণ করতে হলে, ভর করা ব্যক্তিকে ঘরবন্দি করে রাখতে হবে (যেহেতু ভূতকে বোতলবন্দি করতে পারছে না কেউ)। এটাই সর্বোত্তম পন্থা কোভিডকে নিয়ন্ত্রন করার জন্য। এর বাইরে আর ও কিছু পদক্ষেপ আছে।

১. সাবান বা জীবাণুনাশক (এখানে ভূতনাশক) দিয়ে ঘন ঘন হাত ধোয়া।

২. পোশাক-আশাক, আসবাবপত্র পরিস্কার-পরিচ্ছন্ন রাখা (প্রয়োজনে জীবানুনাশক/ ভূতনাশক ব্যবহার করা)।

৩. প্রত্যেকের সাথে প্রত্যেকের ২ মিটার দুরত্ব বজায় রেখে চলা ( কোভিড ২ মিটার পর্যন্ত উড়তে পারে)।

৪. কোভিডকে বেশি উড়তে না দেবার জন্য হাঁচি, কাশির সময় টিস্যু, কনুই বা কাপড় দিয়ে যতটুকু সম্ভব রোধ করা।

৫. হাতের ব্যবহার নিয়ন্ত্রণ করা। চোখ, নাক, মুখ যথাসম্ভব স্পর্শ না করা। কারন, এগুলোই হচ্ছে কোভিডের মূল প্রবেশ পথ। হাত দিয়ে অনেক কাজ করতে হয়, অনেক কিছু স্পর্শ করতে হয়। তাই হাতে কোভিডে লাগলে চোখ, নাক, মুখ দিয়ে দেহে যেতে পারে।

কোভিড-১৯ ভূতটি দেখা যায় (খালি চোখে না), ছোঁয়া যায়, এবং মেরেও ফেলা যায়। কিন্তু এরা সংখ্যায় এত বেশি এবং মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে যে এদেরকে সমুলে মেরে ফেলার মত যাদু এখনও যাদুকররা বের করতে পারে নি।

একটি দেশের যেমন প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, বাইরের কোন দেশ আক্রমন করলে তা প্রতিহত করে। মানব দেহের ও তাই।  কোভিড দেহে ঢুকলে বাইরের এমন জিনিসের অনধিকার চর্চা মেনে নিতে চায় না। এদের সাথে যুদ্ধ ঘোষনা করে। এ যুদ্ধে কোন আপস নেই। যে জিতবে সে অন্যকে মেরে ফেলেই জিততে হবে। অবস্থাভেদে এ যুদ্ধ চলে ৭ দিন থেকে ৪২ দিন পর্যন্ত বা কিছু বেশি। বেশিরভাগ ক্ষেত্রেই এ যুদ্ধ চলে ৭-১৪ দিন। যু্দ্ধ শেষ হয়েছে এমন ক্ষেত্রে মানবদেহই জয়ী হয় ৭৮ শতাংশের বেশী।

এটি একটি যুদ্ধ। ‍যুদ্ধে জাদুকরদের ক্ষমতা প্রমাণিত। তবে এ যুদ্ধ শুধু জাদুকরদের মধ্যে সীমিত না। প্রত্যেকের ঘরে ঘরে শৃঙ্খলাবদ্ধভাবে শুরু হলে যুদ্ধে জয় হবেই। তারপরও কখনও কখনও দিশেহারা হয়ে যাই। নিজেদের অনেক অসহায় মনে করি। ভাবি হয়তো বড় কেউ জাদুকর আছে, তার সহায়তা যে বড়ই দরকার!

তথ্যসমৃদ্ধ হোন। সতর্ক থাকুন। করোনাভাইরাসে আক্রান্তদের প্রতি সদয় হোন। বাসায় থাকুন।

তথ্য: হু, সিডিসি, জনস হপকিনস মেডিসিন, বিবিসি, ওয়াল্ডোমিটার স্ট্যাটিসটিকস।

লেখক পরিচিতি: পিএইচডি শিক্ষার্থী, ইউনিভার্সিটি অব নিউ ব্রান্সউইক, ফ্রেডেরিক্টন, কানাডা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!