২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে বিপদে পড়া প্রবাসীদের পাশে দাঁড়ালো বাংলাদেশি সংগঠনগুলো

করোনাভাইরাস পরিস্থিতিতে হঠাৎ অর্থনৈতিক অস্বচ্ছলতায় পড়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে খাদ্য-সামগ্রী বিতরণ করেছে বেশ কয়েকটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2020, 10:20 PM

Updated : 10 Oct 2022, 07:07 PM

এসব সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ সোসাইটি, জামাইকা মুসলিম সেন্টার, ফোবানা, আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন, জেবিবিএ, বিল্ডিং আওয়ার মুভমেন্ট, বৃহত্তর নোয়াখালী সমিতি, মজুমদার ফাউন্ডেশন, ইমিগ্র্যান্ট এল্ডার হোমকেয়ার এবং হক অ্যান্ড সন্স।

সোমবার নিউ ইয়র্কে ‘জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশন’সহ কয়েকটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুই শ-রও বেশি প্রবাসীর মধ্যে খাদ্য-সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। এর উদ্বোধনকালে স্থানীয় স্টেট অ্যাসেম্বলির সদস্য কাটালিনা ক্রুজ  (ডেমোক্র্যাট) বলেন, “মানুষের এই চরম অস্থিরতার সময়েও বাংলাদেশি-আমেরিকানরা পারষ্পারিক সহযোগিতায় অনন্য ভূমিকা পালন করছেন। এটি আমাকে অভিভূত করেছে। করোনাভাইরাসে বিপর্যস্ত কমিউনিটিকে স্বস্তি দিতে সবার এ ধরনের ভূমিকায় অবতীর্ণ হওয়া দরকার।”

এসময় উদ্যোক্তারা জানান, এক সপ্তাহ পর আবারো একেকটি বাক্সে ২০ পাউন্ড চাল, পেঁয়াজের বস্তা, মসুরের ডাল, চিনি, লবন, ছোলা বুট, তেল, ন্যাপকিন বিতরণ করা হবে। ইতিমধ্যে অন্তত ৫০ প্রবাসীর বাসায় খাদ্য-দ্রব্যের প্যাকেট পৌঁছানো হয়েছে।

জ্যাকসন হাইটসে ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁ চত্বরে এসব সামগ্রী বিতরণকারীদের মধ্যে ছিলেন জেবিবিএ-র নেতা হারুন ভূইয়া, মোহাম্মদ আলম নমী, ফাহাদ সোলায়মান, কামরুজ্জামান বাচ্চু, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার।

Image
করোনাভাইরাস সংক্রমণে দুর্দশায় পতিত প্রবাসীদের মধ্যে ব্যবসায়ীদের সংগঠন জেবিবিএর খাদ্য-সামগ্রী বিতরণ। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

করোনাভাইরাস সংক্রমণে দুর্দশায় পতিত প্রবাসীদের মধ্যে ব্যবসায়ীদের সংগঠন জেবিবিএর খাদ্য-সামগ্রী বিতরণ। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

খাদ্য-সামগ্রী বিতরণের এ কর্মসূচিতে সহযোগিতা দেন কমিউনিটি নেতা গিয়াস আহমেদ, ব্যবসায়ী ফজলুল হক, আসিফ বারি টুটুল, মোহাম্মদ শাহনেওয়াজ এবং  শাহ জে চৌধুরী।

বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি নাজমুল হাসান মানিক জানান, ইতিমধ্যে ২৮ প্রবাসীর লাশ দাফন-কাফনে সহায়তা করা হয়েছে। সমিতির কেনা কবরে তাদের দাফন করা হয়েছে।

একই সমিতির সেক্রেটারি জাহিদ মিন্টু বলেন, “দুর্দশাগ্রস্ত প্রবাসী, বিশেষ করে নতুন আসাদের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে। কারণ, তারা যুক্তরাষ্ট্রে আসার পরই সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় কাজ শুরু করতে পারেননি। তারা সরকারের প্রণোদনাও পাবেন না। এমন মানুষের মধ্যে রমজানেও চাল, ডাল, তেল, মাছ, মাংস, পিঁয়াজ, লবন, মুড়ি ইত্যাদি বিতরণ করা হবে।”

এদিকে, ফোবানার ভাইস চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী বলেন, “যারা মহাসংকটে পড়েছেন এবং বাসার বাইরেও যেতে পারছেন না, এমন অসহায় প্রবাসীদের তালিকা করা হচ্ছে। সে অনুযায়ী এক সপ্তাহের চাল, ডাল, তেল, লবন, পিঁয়াজ, আদা, মুড়ি, খেজুরসহ প্রয়োজনীয় সামগ্রী সংশ্লিষ্টদের বাসায় পৌঁছে দেওয়া হবে।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!