যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে প্রাণ গেল আরও ৭ বাংলাদেশির
নিউ ইয়র্কে ৭ বাংলাদেশির মৃত্যুর পরদিনই যুক্তরাষ্ট্রজুড়ে করোনাভাইরাস সংক্রমিত ওই একই সংখ্যক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় রোববার চিকিৎসাধীন অবস্থায় নিউ ইয়র্ক সিটি, মিশিগান এবং মেরিল্যান্ডে তারা মারা যান বলে হাসপাতাল এবং স্বজনদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন বাংলাদেশি কমিউনিটি লিডাররা।
এ নিয়ে গণমাধ্যম ও বাংলাদেশি কমিউনিটি লিডারদের দেওয়া তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট ১৫৬ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলো।
হাসপাতাল এবং স্বজনের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার জানান, রোববার ব্রুকলিনে মায়মনিডেস হাসপাতালে হাফেজ মোহাম্মদ (৮০), বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক কর্মকর্তা কুইন্সের অধিবাসী এবং ময়মনসিংহ জেলার মুক্তাগাছার সন্তান মোহাম্মদ আলী (৬২) এবং ব্রঙ্কসে বসবাসরত কুমিল্লার সন্তান মোহাম্মদ জহিরুল হক (৬৬) মারা যান।
হাসপাতালের উদ্ধৃতি দিয়ে বিয়ানিবাজার সমিতির সভাপতি মকবুল রহিম চুনই জানান, সমিতির আজীবন সদস্য এবং সিলেটের বিয়ানিবাজার দেউল গ্রামের এবাদ হোসেন (৫৭) রোববার বিকাল ৫টায় লং আইল্যান্ড হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
হাসপাতালের উদ্ধৃতি দিয়ে ব্রুকলিনের ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা জুনায়েদ জানিয়েছেন, ব্রুকলিনের ওসেন পার্ক এর নিবাসী এবং কুমিল্লার চান্দিনা উপজেলার পিউর গ্রামের সন্তান হাফেজ আহমেদ মোল্লা (৭৫) রোববার মায়মনিডেস হাসপাতালে
করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা যান।
এছাড়া যুক্তরাষ্ট্রের রাজধানী সংলগ্ন মেরিল্যান্ডের অধিবাসী এবং সিলেটের সন্তান তালেব আহমদ চৌধুরী (৪৫) রোববার সিলভার স্প্রিং হলিক্রস হাসপাতালে এবং নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে ট্রাফিক এনফোর্স এজেন্ট-অফিসার কুইন্সের অধিবাসী এবং ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মজিবর রহমান চৌধুরী (৬৪) কুইন্স জেনারেল হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মজিবর রহমান চৌধুরীর স্বজনরা জানিয়েছেন, তিনি ৩ সপ্তাহ যাবত করোনাভাইরাসে সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
মজিবুর রহমান বাংলাদেশি-আমেরিকানদের মধ্যে প্রথম এবং নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ট্রাফিক এনফোর্সমেন্টে সর্বোচ্চ ‘সেকশন কমান্ডার’ পদে আসীন ছিলেন।
মিশিগান থেকে সাংবাদিক আশিক রহমান হাসপাতাল এবং পারিবারিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেখানকার ওয়ারেন সিটির বাসিন্দা তোফাজ্জল আলী (৭৯) মারা গেছেন।
তার সন্তান মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বরনি গ্রামের সন্তান এবং চিটাগাং ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের নির্বাহী সদস্য কামরুল ইসলাম বলেন, “এক সপ্তাহ আগে আমার বাবা তোফাজ্জল আলী সর্দি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।”
“এ অবস্থায় ওয়ারেন সিটি সেন্টজন্স হাসপাতালে ভর্তির পর বিভিন্ন পরীক্ষিা নিরীক্ষা শেষে তিনি করোনাভাইরাসে আক্রান্ত বলে জানানো হয়।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
