২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: নিউ ইয়র্কে আরও দুই প্রবাসীর মৃত্যু

করোনাভাইরাস সংক্রমণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক নারীসহ আরও দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2020, 09:03 PM

Updated : 10 Oct 2022, 07:07 PM

নিউ ইয়র্কের ওই দুই বাসিন্দা হলেন- বিক্রমপুরের শাহ আলম তালুকদার (৪৫) এবং সিলেটের দেওয়ান মুনতাহা (৫৩)।

হাসপাতালের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি রহিম হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই দুই প্রবাসীর করোনাভাইরাসে মৃত্যুর খবর নিশ্চিত করেন।

তিনি জানান, দুই সপ্তাহ আগেই করোনাভাইরাস সংক্রমণে শুক্রবার মৃত শাহ আলমের মা মারা যান।

এই দুইজনসহ শুক্রবার পর্যন্ত  যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি কমিউনিটি লিডার ও হাসপাতালগুলোর সূত্র থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪২ বাংলাদেশির মৃত্যুর সংবাদ পাওয়া গেল। এদের অধিকাংশই ছিলেন ৫০ বছরের অধিক বয়সী পুরুষ।

অপরদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে আইসিইউ-তে থাকা বেশ কয়েক জন প্রবাসী সুস্থ হয়ে বাসায় ফেরার সংবাদ পাওয়া গেছে।

এদের মধ্যে রয়েছেন- নিউ হ্যামশায়ার স্টেটের রিপ্রেজেনটেটিভ (রিপাবলিকান) আবুল খান এবং তার স্ত্রী মর্জিয়া খান ও তাদের একমাত্র পুত্র আতিক খান, নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারপার্সন এম আজিজ, মুসলিম উম্মাহর ফখরুল ইসলামসহ অন্যান্য। 

করোনাভাইরাসের সংক্রমণ থেকে এসব বাংলাদেশির সুস্থ হয়ে ঘরে ফিরে আসার খবরে কিছুটা স্বস্তি এসেছে বাংলাদেশি কমিউনিটিতে।

নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, ম্যাসেচুসেটস, মিশিগান, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, মেরিল্যান্ড, ভাজির্নিয়া, টেক্সাস, আরিজোনা, রোড আইল্যান্ড, মিনেসোটা, ওহাইয়োসহ বিভিন্ন রাজ্যে কয়েক হাজারেরও বেশি বাংলাদেশি বর্তমানে আইসিইউতে রয়েছেন বলে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি নেতা ও হাসপাতাল সূত্রগুলো জানাচ্ছে।। কোয়ারেন্টিনে আছেন আরও এক হাজারের বেশি বাংলাদেশি।

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এ সময়ে সর্বোচ্চ পদে অধিষ্ঠিতদের একজন নিউ হ্যামশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ (রিপাবলিকান) আবুল খান (৬০) বাসায় থেকেই চিকিৎসা নিলেও তার স্ত্রী মর্জিয়া (৫৪) ১১ দিন ছিলেন সেখানকার এক্সিটার হাসপাতালে।

একই সময়ে তাদের একমাত্র পুত্র আতিকও আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে ছিলেন।

আবুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এফডিএ’র অনুমোদিত না হলেও ম্যালেরিয়া রোগের ওষুধ ‘হাইড্রোক্সিক্লোরোকুয়াইন’ গ্রহণের অনুমতি চাই আমার ফিজিশিয়ানের কাছে। আমার স্ত্রীকেও একই ওষুধ দেওয়ার অনুরোধ করি। এবং তা দিয়েই আমরা সুস্থ হয়ে উঠেছি। স্ত্রীও বাসায় ফিরেছেন।”

বাংলাদেশের পিরোজপুরের সন্তান আবুল খান বলেন, “মৃত্যু উপত্যকা থেকে নতুন জীবন পেলাম। আগের মতোই সারাটি জীবন মানুষের কল্যাণেই ব্যয় করবো।”

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের মধ্যে আরেক শীর্ষস্থানীয় নির্বাচিত প্রতিনিধি জর্জিয়া স্টেটের সিনেটর শেখ রহমানও কোয়ারেন্টিনে ছিলেন ১৪ দিন। তিনিও সুস্থ হয়ে উঠেছেন।

নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারপার্সন এম আজিজ (৬২) গত বুধবার সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। এর আগে সোসাইটির সভাপতি কামাল আহমেদ তিন সপ্তাহ আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

শেষকৃত্যের খরচ চেয়ে আবেদন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের অধিকাংশই স্বল্প আয়ের অভিবাসী। এই কঠিন সময়ে এসব লাশের সৎকার করতেও বিপুল অর্থ ব্যয় করতে হয়েছে। কমিউনিটিভিত্তিক বিভিন্ন সংগঠনও সহায়তা করেছেন মৃতদেহ সৎকার করতে। একদিকে লাশের কাছে যাবার অনুমতি নেই স্বজনেরও, অপরদিকে, আয়-উপার্জনহীন অবস্থায় অবরুদ্ধ সকলেই। এ অবস্থায় স্বল্প আয়ের মানুষের পক্ষে লাশ সৎকারের জন্য ফেডারেল প্রশাসন থেকে শেষকৃত্যের যাবতীয় খরচ বরাদ্দের জন্যে মঙ্গলবার ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফিমা)-কে ফোন করেছিলেন সিনেটে সংখ্যালঘিষ্ঠ দল ডেমোক্র্যাটিক পার্টির নেতা নিউ ইয়র্কের সিনেটর চাক শ্যুমার এবং কুইন্সের জ্যাকসন হাইটস এলাকার কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-করটেজ।

এ প্রসঙ্গে কংগ্রেসওম্যান করটেজ বলেন, “করোনাভাইরাসে আক্রান্ত পরিবারের জন্যে আরো বেশি ফেডারেল সহায়তার চেষ্টা চালাচ্ছি। এমন একটি মানবিক বিপর্যয়কর পরিস্থিতি থেকে কমিউনিটিতে রক্ষায় সকলেরই সরব হওয়া উচিত।”

নিউ ইয়র্ক স্টেট পার্লামেন্টেও করোনাভাইরাস সংক্রমণে মৃতদের শেষকৃত্যের খরচ দেওয়ার ব্যাপারে স্টেট সিনেটর এবং অ্যাসেমবলিম্যানরা আলোচনা শুরু করেছেন বলে জানা গেছে।

ক্যালিফোর্নিয়া রাজ্যের মতো নিউ ইয়র্ক সিটিতেও অবৈধভাবে বসবাসরতদের মধ্যে ‘করোনা-ইমিগ্র্যান্ট ইমার্জেন্সি রিলিফ প্রোগ্রাম’ চালু হয়েছে।

সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো ১৬ এপ্রিল এ তথ্য জানিয়ে বলেন, “ইতিপূর্বে ক্ষুধার্তদের মধ্যে রান্না করা খাবার বিতরণের কর্মসূচিতে অবৈধ অভিবাসীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন কঠোর পরিশ্রমী অভিবাসীদের মধ্যে অন্তত ২০ হাজার জনকে এই চরম দু:সময়ে নগদ অর্থ দেওয়া হবে।”

তিনি জানান, এই সহায়তার জন্য ২০ মিলিয়ন ডলার পাওয়া গেছে। অভিবাসীরা মাথাপিছু ৪০০ ডলার হারে স্বামী-স্ত্রী ৮০০ ডলার এবং সন্তানের জন্য পাবেন ২০০ ডলার। এই এক হাজার ডলার বিতরণে কমিউনিটিভিত্তিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর সহযোগিতা নেওয়া হবে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!