২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: মালয়েশিয়ায় বাংলাদেশি আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৩

মালয়েশিয়ায় কোভিড-১৯ আক্রান্তের মধ্যে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা বেড়ে ৬৩ জন হয়েছে বলে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2020, 08:06 PM

Updated : 08 Apr 2022, 12:38 AM

গত ৯ এপ্রিল দেশটিতে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা ছিল ১২ জন।

স্থানীয় সময় শুক্রবার বাংলাদেশি ৬৩ জনসহ বিভিন্ন দেশের মোট ৬০১ জন বিদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে মালয়েশিয়ার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে দেশটির গণমাধ্যমগুলো।

করোনাভাইরাস আক্রান্ত বাংলাদেশিদের নাম-পরিচয় বিস্তারিত এখনো জানা যায়নি। আক্রান্ত বিদেশি নাগরিকদের মধ্যে ২৪২জন ইতোমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। চিকিৎসাধীন আছেন ৩৫৬ জন। মারা গেছেন তিন জন। মৃত তিন জন কোন দেশের নাগরিক উল্লেখ করা না হলেও, বিভিন্ন সূত্র জানিয়েছে তাদের মধ্যে বাংলাদেশি কেউ নেই।

শুক্রবার মালয়েশিয়ার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নূর হিশাম আবদুল্লাহ নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সাংবাদিকদের জানান, আক্রান্ত ৬০১ জন বিদেশির মধ্যে বাংলাদেশিরা ছাড়াও ইন্দোনেশিয়ার ১০৮ জন, ফিলিপাইন্সের ১০৪ জন, ভারতের ৬০ জন, মিয়ানমার ৩১ জন, পাকিস্তানের ৫১ জন এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক

শুক্রবার পর্যন্ত  মালয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৯ জন। মোট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ২৫১ জন। নতুন দুই মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা ৮৬ জন।

মালয়েশিয়ায় প্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে গত ২৫ জানুয়ারি।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশটিতে লকডাউন চলছে মার্চের ১৮ তারিখ থেকে। এতে মালয়েশীয় নাগরিকদের পাশাপাশি কাজ ছাড়া বাসায় আবদ্ধ দিন কাটাচ্ছেন ছয় লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!