২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বয়োজ্যেষ্ঠ প্রবাসীদের ভার্চুয়াল আড্ডা

যুদ্ধ-বিধ্বস্ত সদ্য স্বাধীন বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারের পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান (১৯৭২-৭৫) ছিলেন অধ্যাপক নুরুল ইসলাম, বয়স একানব্বই বছর। যুক্তরাষ্ট্রে বয়োজ্যেষ্ঠ এ প্রবাসী প্রায় ছয় সপ্তাহ ধরে গৃহবন্দি থেকে হাঁপিয়ে উঠেছেন, এবং এ অসহায়ত্ব থেকে মুক্তির পথ খুঁজছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2020, 02:27 PM

Updated : 25 Jul 2022, 07:01 PM

চোখে কম দেখলেও পত্র-পত্রিকা এবং সংবাদের ছিটেফোটাও তার মনোযোগ এড়ায় না। বহু বছরের পুরনো ব্রেইন টিউমার, ভাঙা পা, নড়বড়ে কোমর, দুই চোখের ম্যাকুলার ডিজেনারেশন, সিওপিডির শ্বাসকষ্ট এবং সারা শরীরে ব্যাথা নিয়ে থাকলেও তার সঙ্গে কথা বললে এসবের কিছুই বোঝার উপায় থাকে না।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবাই গৃহবন্দি ২১ মার্চ থেকে। এর আগে নূরুল ইসলাম সমবয়সী অথবা কাছাকাছি বয়সী সমমনাদের সঙ্গে প্রায় প্রতি শনিবার কফির আড্ডায় বসতেন ম্যারিল্যান্ড অঙ্গরাজের মন্টগোমারির একটি মলে। সেই আড্ডায় পরস্পরের কুশলাদি ছাড়াও পড়ন্ত বয়সে কার কীভাবে দিন কাটছে এবং প্রিয় মাতৃভূমির কল্যাণে কে কী করছেন তা আলোচনা করা হতো।

মতবিনিময় করার জন্য শনিবারের এই কফির আড্ডাতে যেতে পারলে সব কষ্ট তারা ভুলে যেতেন। করোনাভাইরাসের উপদ্রবে তা বন্ধ হয়ে গেলে নূরুল ইসলামের উৎসাহ ও প্রস্তাবে প্রথমবারের মতো গত ১১ এপ্রিল আয়োজন করা হয় ‘ভার্চুয়াল আড্ডার’। এতে প্রধান দুই আয়োজক ছিলেন মহসিন সিদ্দীক (৭৬) ও ওয়াহেদ হোসেইনী (৮৩)। অনলাইন এ ভিডিও আড্ডায় আরও অংশ নেন ইকবাল বাহার চৌধুরি (৮০) ও জিয়াউদ্দিন চৌধুরী (৮১)।

আলোচনার মূল বিষয় ছিল সেদিন কয়েক ঘণ্টা আগে করোনাভাইরাসে চিকিৎসক আবদুল মান্নানের মৃত্যু। নুরুল ইসলামের নিকটজন ছিলেন তিনি। প্রায়ই দেখা হতো, একসঙ্গে খেতে এবং চা পান করতে যেতেন। রিহ্যাব সেন্টারে স্থানান্তরের পরও ফোনে কথা হয় কিছুদিন আগে। শেষবার ফোনে না পাওয়ার কয়েকদিন পর মৃত্যুসংবাদ পেলেন। দুঃখ পেয়েছেন সবাই, কারণ তিনি ওয়াশিংটন মেট্রো এলাকার প্রবাসীদের পাশে থাকতেন সবসময়।

সাংবাদিক ইকবাল বাহার চৌধুরি মেরিল্যান্ডের রকভিল শহরে নিজের বাসায় বাস করেন। ছেলের বাসা কাছেই। ছেলে, ছেলের বউ ও নাতিদের সঙ্গে তার সময় কাটে। বাংলাদেশ থেকে মাত্র দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের বিশেষ ফ্লাইটে এসেছেন তিনি।

বিশ্বব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুন নূর (৭৯) থাকেন ভার্জিনিয়ায়। লেখালেখি ছাড়াও বাংলাদেশের কথা ভাবেন। ম্যারিল্যান্ডের ব্যাথেসডায় বসবাসরত সমাজকর্মী আজমত আলীও (৮২) গৃহবন্দি হয়ে সমবয়সীদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছেন। অন্যদিকে মহসিন সিদ্দীক (৭৫) ওয়াশিংটন ডিসি ‘ওয়াটার অ্যান্ড সুয়ার অথরিটিতে’ খণ্ডকালীন কাজ করেন। এখন বাসা থেকেই কাজ করছেন। থাকেন স্ত্রীসহ মেরিল্যান্ডের ব্যাথেসডায়।

সমাজকর্মী ওয়াহেদ হোসেইনী থাকেন ভার্জিনিয়ার স্প্রিংফিল্ড শহরে। কানে কিছুটা কম শোনেন, কিন্তু অন্য সবকিছুতে জ্ঞান তার টনটনে। বাংলাদেশ কমিউনিটির কারো মৃত্যু সংবাদ তার ইমেইলেই সবাই প্রথম জানতে পারেন। স্ত্রীসহ গৃহবন্দি। নিরাপদ দূরত্ব বজায় রাখতে নাতনীসহ মেয়ে গাড়িতে বসে দেখে যায়।

সুলতান আহমদ (৮৩) বিশ্বব্যাংকের প্রাক্তন কর্মকর্তা। স্ত্রীসহ থাকেন ভার্জিনিয়ার ভিয়েনায়। বড় মেয়ে থাকেন কাছেই। ছেলেমেয়ে সবাই প্রতিনিয়ত খোঁজ নিয়ে যায়। সপ্তাহে তিনবার কিডনি ডায়ালাইসিস করতে হয়, সঙ্গে যান প্রায় সমবয়সী স্ত্রী। করোনাভাইরাসের দিনে স্ত্রী সংক্রমিত হতে পারেন এ দুশ্চিন্তায় দিন কাটে তার।

আবু সোলায়মান (৮৭) ব্যবসায়ী ও সমাজকর্মী। থাকেন মেরিল্যান্ডের ব্যাথেসডা শহরে স্ত্রী ও একটি কাজের লোক নিয়ে। পাঁচ মিনিট দূরে থাকেন তার বড়ছেলে মিলন। তিনিই মা-বাবার জন্য বাজার-সদাই করে দিয়ে যান। রোজবুশ অধ্যাপক এমিরিটাস জিল্লুর আর খান (৮৫) বাস করছেন স্ত্রীসহ ফ্লোরিডার ওরল্যান্ডোতে। হাঁটতে পারেন না। হুইল চেয়ার তার অবলম্বন। এমনি অবস্থায় এ পড়ন্ত বয়সেও প্রবাসীদের খোঁজ-খবর নেন। বাংলাদেশে প্রিয়জনদের সঙ্গে ফোনে কথা বলার পাশাপাশি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কতটা এগুচ্ছে তা জানতে চান।

মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টর কমান্ডারস জেনারেল সি আর দত্ত বীরউত্তম বাস করছেন ফ্লোরিডায় বয়েন্টনবিচে মেয়ের সঙ্গে। ৯৩ বছর বয়সী এ জেনারেলের সময় কাটে বাংলা ভাষার পত্রিকা পড়া এবং বাংলাদেশি টিভি অনুষ্ঠান দেখে। এছাড়া ৯৩ বছর বয়সী সংবাদ-ভাষ্যকার কাফি খান বসবাস করেন ভার্জিনিয়ায়। কফির আড্ডায় তিনিও ছিলেন সরব। বয়সের ভারে যতটা ন্যুব্জ হবার কথা তার কিয়দংশ প্রকাশিত হয় না আলাপচারিতায়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!