কুয়েতে সাধারণ ক্ষমা পেতে অবৈধ প্রবাসীদের সময় ৫ দিন
প্রায় দুই বছর পর অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে কুয়েত সরকার, প্রত্যেক দেশের নাগরিকদের সাধারণ ক্ষমার প্রক্রিয়া সম্পন্ন করতে সময় দেওয়া হয়েছে ৫ দিন করে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় ইংরেজি দৈনিক ‘আরব টাইমস’ রোববার এ তথ্য জানায়।
তাদের প্রতিবেদনে বলা হয়, পহেলা এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাধারণ ক্ষমার প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক দেশের নাগরিক সাধারণ ক্ষমার প্রক্রিয়া সম্পন্ন করতে ৫ দিন করে সময় পাবে। বাংলাদেশিরা সময় পাবে ১১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত।
কুয়েত দূতাবাসের তথ্যমতে, ২০১৮ সালে প্রায় ২০ হাজার অবৈধ অভিবাসীদের মধ্যে আট হাজার বাংলাদেশি কুয়েতে সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছিলেন। এবছর সাধারণ ক্ষমার সময়সীমা ও প্রক্রিয়া গত বছরের চেয়ে সম্পূর্ণ ভিন্ন, বৈধ হওয়ার সুযোগ একেবারেই রাখা হয়নি। গত সাধারণ ক্ষমার সময়সীমা দুই মাসেরও বেশি সময় নির্ধারণ করা হলেও ২০২০ সালের সাধারণ ক্ষমার প্রক্রিয়া সম্পন্ন করতে সময় বেঁধে দেওয়া হয়েছে মাত্র ৫ দিন।
এ বিষয়ে দেশটিতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, “সাধারণ ক্ষমার প্রক্রিয়া সম্পন্নের প্রথম দিন এর আওতাভুক্ত ৯০০ বাংলাদেশি সাধারণ ক্ষমার সব প্রক্রিয়া সম্পন্ন করে কুয়েত সরকারের অধীনে ক্যাম্পে অবস্থান করছেন। ১৪ এপ্রিলের পর যেকোনো দিন থেকে কুয়েত সরকার অবৈধ অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠানো শুরু করতে পারে।”
এছাড়া কুয়েত সরকার ঘোষিত যেসব স্থানে সাধারণ ক্ষমার প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে সেসব স্থানে পাসপোর্টবিহীন বাংলাদেশি নাগরিকদের সহযোগিতা করতে কুয়েত দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানান এ কর্মকর্তা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
